ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষে চারুকলা অনুষদের অধীন চ ইউনিটের স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার ফল গতকাল বুধবার প্রকাশ করা হয়েছে। ১০ হাজার ২৪৮ জন আবেদনকারীর মধ্যে দুই ধাপে লিখিত ও অঙ্কন পরীক্ষা দিয়ে ২০৮ জন উত্তীর্ণ হয়েছেন। চ ইউনিটে আসনসংখ্যা ১৩৫টি।
বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কেন্দ্রীয় ভর্তি কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই ফল প্রকাশ করা হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, চ ইউনিট ভর্তি পরীক্ষার সমন্বয়কারী অধ্যাপক নিসার হোসেন, অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রশীদ প্রমুখ উপস্থিত ছিলেন।
উত্তীর্ণ শিক্ষার্থীরা ২৩ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত ওয়েবসাইটে বিষয় পছন্দক্রম ফরম পূরণ করতে পারবেন। আজ বৃহস্পতিবার থেকে ২৭ অক্টোবর পর্যন্ত ডিনের কার্যালয়ে ফল পুনর্নিরীক্ষণের আবেদন করা যাবে। বিস্তারিত ফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.admission.eis.du.ac.bd) জানা যাবে। এ ছাড়া যেকোনো অপারেটরের মোবাইল ফোন থেকে DU স্পেস CHA স্পেস রোল নম্বর লিখে ১৬৩২১ নম্বরে পাঠালে ফিরতি বার্তায় ফল জানা যাবে।