চট্টগ্রাম পাসের হার বেড়েছে, জিপিএ-৫ কমেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে উচ্চমাধ্যমিক পরীক্ষায় (এইচএসসি) গত বছরের তুলনায় এ বছর পাসের হার বেড়েছে। কিন্তু জিপিএ-৫-এর সংখ্যা কমেছে।

এ বোর্ডে এবার পাসের হার ৭০ দশমিক ৬ শতাংশ। গতবার ছিল ৬১ দশমিক ২২ শতাংশ। এ বছর জিপিএ-৫ পেয়েছেন ২ হাজার ৬৪৬ জন। গত বছর এই সংখ্যা ছিল ২ হাজার ৭৭২ জন।

বোর্ডের সেরা ২০ শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকায় এবারও শীর্ষে রয়েছে ফৌজদারহাট ক্যাডেট কলেজ। এ নিয়ে তারা টানা ছয়বার কৃতিত্বের সঙ্গে সেরার আসনটি ধরে রেখেছে।

আজ বুধবার দুপুরে নগরের মুরাদপুরে বোর্ড কার্যালয়ে ঘোষিত ফলাফল থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষার এসব তথ্য জানা যায়। ফলাফল ঘোষণা করেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক পীযূষ দত্ত।

ফলাফল প্রসঙ্গে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক পীযূষ দত্ত প্রথম আলোকে বলেন, ‘আমরা পাসের হারের বিবেচনায় ধারাবাহিকতা বজায় রেখেছি এবং সার্বিকভাবে ভালো ফলাফল হয়েছে। গত কয়েক বছরের পরিসংখ্যান বিশ্লেষণ করলে দেখা যাবে, পাসের হারের ব্যবধানটা খুব একটা বড় মাপের ছিল না। এর মধ্যে গত বছর জাতীয় ও আঞ্চলিক পর্যায়ে রাজনৈতিক অস্থিরতার কারণে বেশ কয়েকবার পরীক্ষার সূচি পরিবর্তন করতে হয়েছে। শিক্ষার্থীদের মানসিক প্রস্তুতিতে ব্যাঘাত ঘটেছে। তাই ফলাফলেও এর প্রভাব পড়েছে। এ বছর তেমন কোনো সমস্যা ছিল না বলে পাসের হারও বেড়েছে।’

বোর্ড সূত্রে জানা যায়, এ বছর চট্টগ্রাম মহানগরে পাসের হার ৭৯ দশমিক ৮৭ শতাংশ। মহানগর বাদে চট্টগ্রাম জেলার পাসের হার ৬৩ দশমিক ৯০ শতাংশ।

শীর্ষে ফৌজদারহাট ক্যাডেট কলেজ
বোর্ডের সেরা ২০ কলেজের মধ্যে শীর্ষে রয়েছে ফৌজদারহাট ক্যাডেট কলেজ। কলেজের ৪৫ জন শিক্ষার্থীর মধ্যে ৪৩ জন পেয়েছেন জিপিএ-৫।

ফলাফল প্রসঙ্গে ফৌজদারহাট ক্যাডেট কলেজের অধ্যক্ষ লে. কর্নেল মো. রেজাউল হাসান পিএসসি প্রথম আলোকে বলেন, ‘আমরা আমাদের ধারাবাহিকতা বজায় রাখতে চেষ্টা করেছি। কাজটা কঠিন। তবুও আমাদের শিক্ষকদের নিরলস আন্তরিকতা এবং শিক্ষার্থীদের নিয়মানুবর্তিতা ফলাফল ভালো করতে সহযোগিতা করেছে। ফলাফলে শুনে আমরা অবশ্যই আনন্দিত। তবে সবাই জিপিএ-৫ পেলে আরও ভালো লাগত।’

সেরা বিশের তালিকায় দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে চট্টগ্রাম কলেজ ও চট্টগ্রাম সরকারি বাণিজ্য কলেজ।

তিন পার্বত্য জেলায় বান্দরবান এগিয়ে
চট্টগ্রাম বোর্ডের ফলাফল বিশ্লেষণে দেখা যায়, পাসের হারের দিক দিয়ে তিন পার্বত্য জেলার মধ্যে বান্দরবান এগিয়ে রয়েছে। এ জেলায় পাসের হার ৬৫ দশমিক ২০ শতাংশ। এর পরে রয়েছে খাগড়াছড়ি। এ জেলায় পাসের হার ৬৩ দশমিক ২৮ এবং রাঙামাটিতে পাসের হার ৫৯ দশমিক ৫২ শতাংশ।