চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বন্ধ দুই ছাত্রাবাস খুলবে ৮ নভেম্বর
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংঘর্ষের জের ধরে বন্ধ থাকা শাহ আমানত ও সোহরাওয়ার্দী ছাত্রাবাস বৈধ শিক্ষার্থীদের জন্য আগামী ৮ নভেম্বর সকালে খুলে দেওয়া হচ্ছে। এ সিদ্ধান্ত জানার পরপরই আজ শনিবার থেকে অবরোধ কর্মসূচি স্থগিত করেছে ‘ছাত্রশিবির’।
দুটি ছাত্রাবাস খুলে দিয়ে বৈধ শিক্ষার্থীদের তুলে দেওয়ার দাবিতে দীর্ঘদিন ধরে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে আন্দোলন করছিল শিবির। পাশাপাশি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিও শিক্ষা কার্যক্রম সচল রাখতে ছাত্রাবাস দুটি খুলে দিতে দাবি উত্থাপন করে। এ অবস্থায় বিশ্ববিদ্যালয় কতৃর্পক্ষ এ সিদ্ধান্তের কথা জানাল।
গত ১২ জানুয়ারি শাহ আমানত ছাত্রাবাসের ভেতরে ছাত্রলীগের সঙ্গে সংঘর্ষে ছাত্রশিবিরের এক নেতা নিহত হওয়ার জের ধরে এবং গত ২৪ আগস্ট দুটি ছাত্র সংগঠনের সংঘর্ষের জের ধরে সোহরওয়ার্দী ছাত্রাবাস সাময়িক বন্ধ ঘোষণা করে কতৃর্পক্ষ।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও কেন্দ্রীয় আসন বরাদ্দ কমিটির সদস্যসচিব সিরাজ উদ দৌল্লাহ প্রথম আলোকে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আবাসন সুবিধা নিশ্চিতে সাময়িকভাবে বন্ধ থাকা ছাত্রাবাস দুটি আগামী ৮ নভেম্বর থেকে বৈধ শিক্ষার্থীদের জন্য খুলে দেওয়ার প্রক্রিয়া শুরু হবে।’ সব পক্ষকে দায়িত্বশীল ভূমিকা রেখে বিশ্ববিদ্যালয় কতৃর্পক্ষকে সহযোগিতা করতে অনুরোধও করেন প্রক্টর।
এদিকে, বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের ই-মেইলে আশিকুর রহমান, সাদ্দাম হোসাইন, শাহাদাত হোসাইন, এরশাদুল হক ও শাহাদাত শিপন স্বাক্ষরিত ‘আবাসিক ছাত্র আন্দোলন’–এর ব্যানারে একটি বিজ্ঞপ্তি যায়। এতে আজ থেকে অবরোধ স্থগিতের কথা বলা হয়েছে। পাশাপাশি ছাত্রাবাস খুলে দেওয়ার ব্যাপারে বিশ্ববিদ্যালয় কতৃর্পক্ষকে সহযোগিতার আশ্বাসও দেওয়া হয়। তবে বিশ্ববিদ্যালয় কতৃর্পক্ষ তাদের প্রতিশ্রুতি বাস্তবায়নে ব্যর্থ হলে কঠোর কর্মসূচি দেওয়ার হুমকি দেন তাঁরা।