চট্টগ্রাম বোর্ডে জেএসসি পরীক্ষার্থী এক লাখ ৭০ হাজার
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে এবারের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় ১ হাজার ১৯১টি বিদ্যালয় থেকে ১ লাখ ৭০ হাজার ৩৯৮ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। ২০৪টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
শিক্ষা বোর্ড সূত্র জানায়, আগামী ১ নভেম্বর থেকে জেএসসি পরীক্ষা শুরু হবে। শেষ হবে ১৮ নভেম্বর।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ মাহবুব হাসান আজ রোববার বিকেলে তাঁর কার্যালয়ে প্রথম আলোকে বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা আয়োজনের জন্য সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে। সুশৃঙ্খলভাবে বোর্ডের পক্ষ থেকে পরীক্ষা নিতে কেন্দ্রসচিবদের বিভিন্ন দিক-নির্দেশনা দেওয়া হয়েছে। ১০টি পরিদর্শক দল গঠন করা হয়েছে।
এ ছাড়া পরীক্ষা আয়োজনের প্রস্তুতির অংশ হিসেবে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, জেলা শিক্ষা অফিসসহ সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ করা হচ্ছে বলে জানান মোহাম্মদ মাহবুব হাসান।
এ দিকে জেএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্য কেন্দ্রসচিবদের সঙ্গে আজ দুপুরে মতবিনিময় সভার আয়োজন করে চট্টগ্রাম শিক্ষা বোর্ড। বোর্ডের মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বোর্ড চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ শাহজাহান। কেন্দ্রসচিবদের উদ্দেশে তিনি বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা আয়োজনের জন্য সবাইকে এক সঙ্গে কাজ করতে হবে। অন্যান্য পরীক্ষার তুলনায় এই পরীক্ষায় পরীক্ষার্থীর সংখ্যা বেশি। আবার দ্রুত সময়ের মধ্যে ফলাফল প্রকাশ করতে হয়। তাই সংশ্লিষ্ট সবাইকে একটু বেশি পরিশ্রম করতে হবে।
পরীক্ষা চলাকালে কেন্দ্রসচিবদের কোনো ধরনের দায়িত্ব অবহেলা মেনে নেওয়া হবে না বলেও সতর্ক করেন বোর্ড চেয়ারম্যান।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বোর্ড সচিব পীযূষ দত্ত, পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ মাহবুব হাসান, কলেজ পরিদর্শক সুমন বড়ুয়া, বিদ্যালয় পরিদর্শক কাজী নাজিমুল ইসলাম।