চট্টগ্রাম বোর্ডে পাসের হার ও জিপিএ-৫ বেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় এবার পাসের হার ও জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংখ্যা বেড়েছে। চলতি বছর এ বোর্ডে পাসের হার ৯০ দশমিক ৪৪ শতাংশ। 
আজ বুধবার দুপুরে বোর্ডের মিলনায়তনে এসএসসি পরীক্ষার এই ফলাফল ঘোষণা করেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ মাহবুব হাসান। এ সময় উপস্থিত ছিলেন বোর্ডের সচিব পীযূষ দত্ত। 
ফলাফল বিবরণী থেকে জানা গেছে, গত বছরের চেয়ে এবার পাসের হার বেড়েছে ৭ দশমিক ৬৭ শতাংশ। গত বছর এই হার ছিল ৮২ দশমিক ৭৭ শতাংশ। এবার জিপিএ-৫ পেয়েছে ৭ হাজার ৬৬৬ পরীক্ষার্থী। গত বছর জিপিএ-৫ পেয়েছিল ৭ হাজার ১১৬ জন। 
বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ মাহবুব হাসান জানান, এবার অংশ নেওয়া ১ লাখ ১৩ হাজার ৭০ পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১ লাখ ২ হাজার ২৬০ জন। এদের মধ্যে ছাত্রী ৫৪ হাজার ৮২৮ ও ছাত্র ৪৭ হাজার ৪৩২ জন। 
পাসের হার ও জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি প্রসঙ্গে মোহাম্মদ মাহবুব হাসান বলেন, গত বছর গণিতে প্রথমবারের মতো সৃজনশীল পদ্ধতি চালু হয়। এতে পরীক্ষার ফলাফল কিছুটা খারাপ হয়েছিল। তবে এবার এই পদ্ধতি আয়ত্ত করতে পারায় শিক্ষার্থীরা ভালো ফল করেছে। আর তিন পার্বত্য জেলায়ও পাসের হার বেড়েছে। এতে সামগ্রিকভাবে বোর্ডের মোট পাসের হার বেড়েছে। 
এবার বিজ্ঞান বিভাগে পাসের হার হচ্ছে ৯৫ দশমিক ৯১ শতাংশ। এই বিভাগে ২৪ হাজার ৬৪৯ শিক্ষার্থীর মধ্যে পাস করেছে ২৩ হাজার ৬৪২ জন। বাণিজ্য বিভাগের ৫৭ হাজার ৭৫৯ পরীক্ষার্থীদের মধ্যে পাস করেছে ৫২ হাজার ৯১৮ জন। এ বিভাগের পাসের হার ৯১ দশমিক ৬২ শতাংশ। এ ছাড়া মানবিক বিভাগের পাসের হার হচ্ছে ৮৩ দশমিক ৮২ শতাংশ। এ বিভাগের ৩০ হাজার ৬৬১ পরীক্ষার্থীর মধ্যে ২৫ হাজার ৭০০ শিক্ষার্থী পাস করেছে।