চট্টগ্রাম মেডিকেল কলেজ খুলছে কাল
এক মাস সাত দিন বন্ধ থাকার পর কাল সোমবার চট্টগ্রাম মেডিকেল কলেজ খুলবে। তবে গতকাল রোববার খুলে দেওয়া হয়েছে ছাত্রাবাস। গত মঙ্গলবার একাডেমিক কাউন্সিলের সভার সিদ্ধান্ত অনুযায়ী ক্যাম্পাস খুলে দেওয়া হয়।গত ২১ অক্টোবর ছাত্রদলের কর্মী আবিদুর রহমান হত্যাকাণ্ডের পর কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছিল। ছাত্রলীগের নেতা-কর্মীদের মারধরে মেডিকেল কলেজের এই ছাত্র নিহত হয়েছিলেন। এরপর কলেজ বন্ধ ঘোষণার পাশাপাশি ক্যাম্পাসে ছাত্ররাজনীতি ও ছাত্র সংসদের কার্যক্রম স্থগিত করা হয়েছিল।আবিদুরের হত্যাকাণ্ডের পর মেডিকেল কলেজের ২২ ছাত্রলীগের নেতা-কর্মীর বিরুদ্ধে তাঁর পরিবার মামলা দায়ের করে। কিন্তু ছাত্রলীগের কর্মীরা উচ্চ আদালত থেকে জামিন নেন বলে জানা গেছে।তবে কলেজ খোলার আগে গতকাল রোববার ছাত্রাবাসের প্রতিটি কক্ষে একাডেমিক কাউন্সিলের সদস্যদের উপস্থিতিতে পুলিশ তল্লাশি চালিয়েছে।এ প্রসঙ্গে মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম বলেন, ‘দুপুরে তল্লাশি শেষে ছাত্রদের ছাত্রাবাসে ঢুকতে দেওয়া হয়। ক্যাম্পাসে যেহেতু ছাত্ররাজনীতি বন্ধ রয়েছে, তাই কেউ রাজনৈতিক কর্মকাণ্ড চালালে গ্রেপ্তার করা হবে।’ ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশও মোতায়েন করা হয়েছে বলে তিনি জানান।