চবিতে বিভাগের সভাপতি নিয়োগ নিয়ে কারণ দর্শাতে হাইকোর্টের চিঠি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগের সভাপতি পদ নিয়ে জটিলতা তৈরি হয়েছে। বর্তমান সভাপতি এ বি এম নাজমুল ইসলাম খান কোন আইনে এ পদে আছেন, তা জানতে চেয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে কারণ দর্শাতে বলেছেন হাইকোর্ট। আজ রোববার হাইকোর্টের নির্দেশনা বিশ্ববিদ্যালয়ে পৌঁছেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম মনিরুল হাসান। তিনি বলেন, আদালতের চিঠি তাঁরা পেয়েছেন। আইনগত পদক্ষেপ নেওয়ার কাজ শুরু করবেন।
এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে বিভাগের বর্তমান সভাপতির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেছিলেন বিভাগের সহকারী অধ্যাপক মো. সাখাওয়াত হোসেন। ওই রিটের পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে কারণ দর্শাতে বলা হয়।
জানা গেছে, বিভাগটি চালু হয় ২০১৭ সালে। নিয়োগ পান তিনজন শিক্ষক। শুরুতে সভাপতির দায়িত্ব পালন করেন সাবেক উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী। এরপর ২০২০ সালের ২ জুলাই সভাপতির দায়িত্ব পান সমাজতত্ত্ব বিভাগের অধ্যাপক এ বি এম নাজমুল ইসলাম খান। কারণ, ওই সময় বিভাগে সহকারী অধ্যাপক পদমর্যাদার শিক্ষক ছিল না। বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ অনুযায়ী, বিভাগের সভাপতি পদে দায়িত্ব নিতে ন্যূনতম সহকারী অধ্যাপক পদমর্যাদার শিক্ষক থাকতে হবে।
শিক্ষক সাখাওয়াত হোসেন প্রথম আলোকে বলেন, বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ মেনে সভাপতি পদে নিয়োগ দিতেই তিনি রিট করেছিলেন। অধ্যাদেশে স্পষ্ট করেই বলা আছে, কোনো বিভাগে ন্যূনতম সহকারী অধ্যাপক পদের শিক্ষক থাকলে তাঁকেই সভাপতি পদে দায়িত্ব দিতে হবে। বর্তমানে তাঁদের বিভাগে তিনিসহ দুজন সহকারী অধ্যাপক আছেন। এ কারণে সভাপতি পদে অন্য বিভাগের শিক্ষক আর থাকতে পারেন না।
বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষক অভিযোগ করে বলেন, সভাপতি নিয়োগের বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে আবেদন করেছিলেন তাঁরা। কিন্তু সমাধান হয়নি। এ কারণে বাধ্য হয়ে রিট করতে হয়েছে। এখন ওই আবেদন ১৫ দিনের মধ্যে নিষ্পত্তি করতে নির্দেশ দিয়েছেন আদালত।