চাকরি হাজির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রেজিস্ট্রেশন বুথে নাম নিবন্ধন করে শিক্ষার্থীরা অংশ নিয়েছিল ক্যারিয়ার সামিটে। ছবি: সংগৃহীত
রেজিস্ট্রেশন বুথে নাম নিবন্ধন করে শিক্ষার্থীরা অংশ নিয়েছিল ক্যারিয়ার সামিটে। ছবি: সংগৃহীত

ক্যাম্পাস সেদিন ছুটি। শুক্রবার। অথচ সকাল সকাল শুধু শিক্ষার্থীদের নয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) প্রাঙ্গণে চোখে পড়ছিল কেতাদুরস্ত পোশাক পরা ব্যবসায়ী কিংবা করপোরেট কর্মকর্তাদের আনাগোনা। রেজিস্ট্রেশন বুথগুলোর সামনে জটলা, শতাধিক মানুষে সরব বুয়েট দেখেই বোঝা যাচ্ছিল, একটা কিছু হচ্ছে।

সেনা কল্যাণ সংস্থার প্রযোজনায়, সিপিডিএলের সহপ্রযোজনায় এবং জবমার্কেট ডট বিডির সহযোগিতায় ৬ মার্চ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ‘বুয়েট ক্যারিয়ার সামিট ২০২০’। বিশাল এই কর্মযজ্ঞের আয়োজক ছিল বুয়েট ক্যারিয়ার ক্লাব। সকাল ১০টা থেকে শুরু হয়ে মোট ৩টি অধিবেশনে অনুষ্ঠানটি চলেছিল সন্ধ্যা পর্যন্ত।

প্রথম অধিবেশনে আয়োজক ও পৃষ্ঠপোষকেরা অংশগ্রহণকারীদের সামনে তাঁদের পরিচয় এবং অনুষ্ঠানের উদ্দেশ্য ও কার্যকারিতা সম্পর্কে পরিষ্কার ধারণা উপস্থাপন করেন। একই সঙ্গে ক্লাবের মডারেটর, পুরকৌশল বিভাগের অধ্যাপক তানভীর আহমেদ পৃষ্ঠপোষকদের হাতে স্মারকলিপি তুলে দেন। দ্বিতীয় পর্বে আলোচক ছিলেন বেশ কয়েকটি বড় করপোরেট প্রতিষ্ঠানের কর্মকর্তারা। এই সভায় মডারেটর ছিলেন আইএসসিএ এশিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা এজাজুর রহমান। মূল বক্তব্য উপস্থাপন করেন জুনোকস কনসালটিংয়ের ব্যবস্থাপনা পরিচালক কাজী মোহাম্মদ শাহেদ। এ ছাড়া বক্তা হিসেবে ছিলেন গ্রামীণফোন লিমিটেডের সিবিও মাহমুদ হোসেইন, জিএসকে বাংলাদেশের চেয়ারম্যান মাসুদ খান, প্রাণ আরএফএল গ্রুপের সিওও অনিমেষ সাহা, সেনা কল্যাণ সংস্থার পক্ষ থেকে ব্রিগেডিয়ার জেনারেল নাসিম পারভেজ। তাঁরা প্রত্যেকেই তাঁদের অভিজ্ঞতা ভাগাভাগি করেছেন অংশগ্রহণকারীদের সঙ্গে।

শেষ অধিবেশনটির জন্য আগ্রহ নিয়ে অপেক্ষা করছিলেন অংশগ্রহণকারীরা। সেখানে স্কয়ার, বাংলালিংক, হোন্ডার মতো দেশি-বিদেশি ১৭টি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা তাঁদের পণ্য, সেবা, নীতি, উদ্দেশ্য ইত্যাদি উপস্থাপন করেন। প্রতিষ্ঠানগুলো তাঁদের কর্মচারীদের কী ধরনের সুযোগ-সুবিধা দেয়, কীভাবে চাকরির আবেদন করতে হয়, নিয়োগপ্রক্রিয়া কীভাবে সম্পন্ন হয়, কর্মী বাছাইয়ের ক্ষেত্রে কারা অগ্রাধিকার পান, এসব বিষয় তুলে ধরেন তাঁরা।

ক্যারিয়ার সামিটে অংশ নিয়েছিলেন বুয়েটের শিক্ষার্থী নাফিস ফুয়াদ। দিন শেষে তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর থেকেই আসলে একটু দুশ্চিন্তায় ছিলাম। কোথায় কাজ করব, কীভাবে চাকরির জন্য আবেদন করব, চাকরি বাজারে চাহিদা কেমন, শিক্ষার্থীদের কী কী দক্ষতা থাকা উচিত, শুরুটা কখন করব...এমন অনেক প্রশ্ন ছিল মনে। আজকে এই সব বিষয় সম্পর্কেই একটা ভালো ধারণা পেলাম। সামনের দিনগুলো নিয়ে আমি এখন বেশ রোমাঞ্চিত।’ দেশের প্রায় ৩০টি বিশ্ববিদ্যালয় থেকে ৫ শতাধিক শিক্ষার্থী অংশ নেন বুয়েট ক্যারিয়ার সামিট ২০২০-এ। ঢাকার বাইরে থেকে আসা মো. ইফতেখারুল ইসলাম বলেন, ‘বেশ ঝক্কিঝামেলা করে আজকে এই ইভেন্টে এসেছি। গতকাল রাতে হঠাৎ সিদ্ধান্ত নিয়েছিলাম। এখন মনে হচ্ছে সিদ্ধান্তটা ভুল হয়নি। এখানে এসে যা জানলাম, শিখলাম, তাতে কষ্টটা সার্থক।’

কথা হলো বুয়েট ক্যারিয়ার ক্লাবের প্রেসিডেন্ট আরিফ আল আরেফিনের সঙ্গে। তিনি বলেন, ‘বর্তমান চাকরির বাজারে চাকরিদাতা ও চাকরিপ্রার্থীর মধ্যে যোগাযোগের যে ঘাটতি, বুয়েট ক্যারিয়ার সামিট ২০২০–এর লক্ষ্যই ছিল তা কমিয়ে আনা।’ অনুষ্ঠানের শেষ অধিবেশনে অংশগ্রহণকারীরা সরাসরি চাকরিদাতাদের সঙ্গে কথা বলার ও সিভি জমা দেওয়ার সুযোগ পেয়েছেন। বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও চাকরিপ্রত্যাশীদের জিজ্ঞাসার জবাব দিয়েছেন, তাঁদের মতামত শুনেছেন। আয়োজকেরা মনে করেন, এর মধ্যে দিয়ে সামিটের লক্ষ্য অনেকটাই পূরণ হয়েছে।