চিপযুদ্ধে চীন
তৃতীয় বছরের মতোই টানা ৩০ হাজার কোটি মার্কিন ডলার (৩০০ বিলিয়ন) মূল্যের সেমিকন্ডাক্টরের ফরমাশ দেবে চীন। দেশটির শিল্প সংস্থার একজন কর্মকর্তার বরাতে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
ওই কর্মকর্তা বলেছেন, চীন স্থানীয়ভাবে নিজস্ব সক্ষমতা বাড়ানোর চেষ্টা সত্ত্বেও এখনো অন্য দেশের ওপর কতটা নির্ভর করে চলেছে, এটা তারই প্রমাণ।
বৈশ্বিক সেমিকন্ডাক্টর সম্মেলনে চায়না সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের ভাইস চেয়ারম্যান ওয়ে শাওজুন বলেন, বিশ্বের বৃহত্তম চিপ আমদানিকারক চীন। ২০১৩ সালের পর আমাদের চিপ আমদানি ২০ হাজার কোটি ডলার ছাড়িয়ে যায়। ২০১৮ সালেই তা ৩০ হাজার কোটি পার হয়। ২০১৯ সালেও এর চাহিদা ৩০ হাজার কোটি মার্কিন ডলারের বেশি ছিল। এ বছর যদি অস্বাভাবিক কিছু না ঘটে তবে চিপের আমদানি ৩০ হাজার কোটি মার্কিন ডলার বা তারও বেশি হবে।
ওয়ে বলেন, চীন যেসব চিপ আমদানি করে, এর অর্ধেকই অবশ্য আবার রপ্তানি হয়ে যায়। বিভিন্ন পণ্যে এসব চিপ যুক্ত করে তা রপ্তানি করা হয়।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে জানানো হয়, ওয়াশিংটনের পক্ষ থেকে চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে টেকনোলজিসের ওপর নতুন করে চাপ বাড়ানোয় স্থানীয় চিপশিল্প আরও শক্তিশালী করার প্রয়োজনীয়তা অনুভব করছে চীন। এ খাতে আরও গতি আনতে চীনের পক্ষ থেকে শত শত কোটি ডলার ব্যয় হচ্ছে।
ট্রাম্প প্রশাসন এ মাসের শুরুতে হুয়াওয়ের ব্যাপারে আরও কঠোর সিদ্ধান্তের কথা জানায়। গত সোমবার যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বিশেষ লাইসেন্স ছাড়া মার্কিন প্রযুক্তি ব্যবহারকারী কোনো কোম্পানি হুয়াওয়েকে চিপ বিক্রি করতে পারবে না বলে ঘোষণা দেওয়া হয়। এতে হুয়াওয়েকে চিপ সরবারহকারীরা বিপদে পড়েছে।
প্রযুক্তি বিশ্লেষকেরা ধারণা করছেন, হুয়াওয়েকে চিপ সেট সরবরাহ বন্ধ করলে বিশ্বের শীর্ষ স্মার্টফোন নির্মাতার মুকুট হারাবে তারা এবং বৈশ্বিক প্রযুক্তি সরবরাহ শৃঙ্খলে সমস্যা দেখা দেবে।
চীন নিজস্ব চিপশিল্প তৈরি করতে মরিয়া হয়ে চেষ্টা চালাচ্ছে। এর নেতৃত্বে রয়েছে সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং ইন্টারন্যাশনাল করপোরেশন। এটি চীনের বৃহত্তম চিপ নির্মাতা প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি ব্যাপক বিনিয়োগ করলেও তাদের মেধাস্বত্বের দিক থেকে ঘাটতি রয়েছে।
ওয়ে বলেন, সেমিকন্ডাক্টর শিল্পের ধরনটা বৈশ্বিক ছিল, একে স্থানীয় করে তুলতে গেলে তা প্রবৃদ্ধির জন্য ক্ষতিকরক হবে।
ব্রিটিশ সাময়িকী ইকোনমিস্টের এক প্রতিবেদনে জানানো হয়, চীনের সেমিকন্ডাক্টর খাতের উচ্চাকাঙ্ক্ষাকে এখন আর যুক্তরাষ্ট্রের এড়িয়ে যাওয়ার উপায় নেই। তাদের আর দমিয়ে রাখাও সম্ভব নয়। বিশ্বজুড়ে ২০১৭ সালে চিপের বাজার ছিল ৪১ হাজার ২০০ কোটি মার্কিন ডলারের, যা ২০১৬ সালের চেয়ে ২১ দশমিক ৬ শতাংশ বেশি। চিপ নিয়ে বিশাল বৈশ্বিক শিল্প গড়ে উঠেছে। আধুনিক ও জটিল মাইক্রোচিপের অত্যাধুনিক কারখানা তৈরির কোটি কোটি ডলার সাশ্রয় করছে। এ খাতে যুক্তরাষ্ট্রের ছড়ি ঘোরানোর বিষয়টি মেনে নিতে চাইছে না চীন।
ইকোনোমিস্টের ভাষ্য, যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার ২১ শতকের এ বাণিজ্যযুদ্ধ মূলত প্রযুক্তিনির্ভর। সেখানে প্রতিযোগিতার বিষয় হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স (এআই) থেকে শুরু করে নেটওয়ার্ক যন্ত্রপাতি পর্যন্ত সবকিছুই। তবে যুদ্ধের মূল ভিত্তিটা হচ্ছে ওই সেমিকন্ডাক্টর বা চিপ। মার্কিন প্রতিষ্ঠানগুলোর নেতৃত্ব ধরে রাখা আর চীনের সুপারপাওয়ার হওয়ার উচ্চাকাঙ্ক্ষা নিয়েই মূলত দ্বন্দ্বের শুরু।
চিপযুদ্ধ শুরুর অনেক কারণ আছে। প্রধান কারণ হচ্ছে কম্পিউটার চিপ এখন ডিজিটাল অর্থনীতি ও জাতীয় নিরাপত্তার মূল ভিত্তি। এখন চিপসমৃদ্ধ গাড়িগুলো যেমন গতিসম্পন্ন কম্পিউটারে রূপ নিচ্ছে, তেমনি ব্যাংকগুলোও হয়ে যাচ্ছে গতিশীল লেনদেনের ক্ষেত্র।
এখনকার সেমিকন্ডাক্টর শিল্পের দখল মূলত যুক্তরাষ্ট্র ও এর মিত্র দেশগুলোর হাতে। যুক্তরাষ্ট্রের পাশাপাশি দক্ষিণ কোরিয়া ও তাইওয়ান সেমিকন্ডাক্টর শিল্পে এগিয়ে রয়েছে। উচ্চ ক্ষমতাসম্পন্ন চিপের জন্য চীনকে এখনো যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর করতে হচ্ছে। তেল আমদানিতে চীনের যত ব্যয় হচ্ছে, তার চেয়ে বেশি ব্যয় হচ্ছে সেমিকন্ডাক্টর আমদানিতে। বিশ্বের শীর্ষ ১৫টি সেমিকন্ডাক্টর বিক্রেতা প্রতিষ্ঠানের তালিকায় চীনের কোনো প্রতিষ্ঠান নেই। বিষয়টি বুঝতে পেরে ট্রাম্পের বাণিজ্যযুদ্ধ শুরুর আগেই সেমিকন্ডাক্টর খাতটিকে এগিয়ে নিতে কাজ শুরু করে চীন।
২০১৪ সালে বেইজিংয়ের পক্ষ থেকে ১ ট্রিলিয়ন ইউয়ান (১৫০ বিলিয়ন মার্কিন ডলার) সেমিকন্ডাক্টর খাতে বিনিয়োগ করার ঘোষণা দেওয়া হয়। ‘মেড ইন চায়না ২০২৫’ লক্ষ্য নিয়ে ২০১৫ সালে একটি জাতীয় উন্নয়ন পরিকল্পনা পেশ করে দেশটি। চীনের এ ঘোষণায় সতর্ক হয় যুক্তরাষ্ট্র। চীনের উন্নত প্রযুক্তির শিল্প তৈরির লক্ষ্য আটকে দেওয়ার সিদ্ধান্ত নেয় তৎকালীন ওবামা প্রশাসন। ২০১৫ সালে চীনের বাজারে ইনটেলকে পণ্য বিক্রিতে বাধা দেওয়া হয়। এমনকি ২০১৬ সালে কোনো চীনা প্রতিষ্ঠান যাতে সহজে চিপ নির্মাতা প্রতিষ্ঠান অধিগ্রহণ করতে না পারে, সে ব্যবস্থাও করা হয়। ওবামা আমলের গৃহীত ব্যবস্থাগুলো আরও শক্ত করে ট্রাম্প প্রশাসন।
চীনা প্রতিযোগিতার ভয়ে মার্কিন চিপ নির্মাতা কোয়ালকমকে সিঙ্গাপুরের একটি প্রতিষ্ঠানের কাছে বিক্রি হওয়া ঠেকানো হয়েছে। এর বাইরে জেডটিইর কাছে মার্কিন চিপ বিক্রিতে নিষেধাজ্ঞা দেওয়ার মতো সিদ্ধান্তও নেওয়া হয়েছে।
চিপযুদ্ধ শুরু হওয়ার প্রযুক্তি বিশ্বে এখন দুটি পরিবর্তন লক্ষ করা যায়। একটি বিষয় হচ্ছে যুক্তরাষ্ট্রের উপলব্ধি। যুক্তরাষ্ট্র বুঝতে পেরেছে যে তারা প্রযুক্তি উন্নয়নে চীনের চেয়ে এগিয়ে। তারা প্রয়োজনমতো বিভিন্ন প্রযুক্তিপণ্য আমদানি-রপ্তানিতে নিষেধাজ্ঞা বসাতে পারছে।
যুক্তরাষ্ট্র আপাতত চিপের নকশা ও প্রযুক্তিতে চীনের চেয়ে এগিয়ে থাকলেও চীনা প্রতিষ্ঠানগুলো বসে থাকবে না। চীন সিলিকন ভ্যালির করপোরেট প্রতিষ্ঠানগুলোকে নানা প্রণোদনা দিয়ে কাজে লাগাবে। এ ছাড়া দক্ষ কর্মী আকৃষ্ট করে আরও এগিয়ে যাবে। এর মধ্যে সে লক্ষণ দেখাও যাচ্ছে। সিলিকন ভ্যালির সব প্রতিষ্ঠান কিন্তু ট্রাম্প প্রশাসনের নীতিগুলো সমর্থন করছে না। চীনা প্রতিষ্ঠান হুয়াওয়ে নিজস্ব উদ্ভাবনী ক্ষমতাও দেখাতে শুরু করেছে। তারা চিপের বাজারে এগিয়ে যেতে নানা পদক্ষেপও নিতে শুরু করেছে। তাদের এ লক্ষ্য সময়োপযোগী বলে উল্লেখ করেছে ইকোনমিস্ট।
রয়টার্স জানিয়েছে, যন্ত্রে ব্যবহৃত মাইক্রো চিপ তৈরিতে জোর দিয়েছে চীন। সামরিক সক্ষমতা ও স্থানীয় প্রযুক্তিশিল্পের সক্ষমতা বাড়াতে চীনের এই প্রচেষ্টাই দুশ্চিন্তায় ফেলেছে যুক্তরাষ্ট্রকে।