চুয়েটে পোস্ট গ্র্যাজুয়েট পর্যায়ে ভর্তি
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ২০১০-১১ শিক্ষাবর্ষে পোস্ট গ্র্যাজুয়েট পর্যায়ে শিক্ষার্থী ভর্তি করবে। এ ব্যাপারে আগামী ২২ মার্চের মধ্যে আবেদন করতে হবে। পুরকৌশল, যন্ত্রকৌশল, তড়িত্ ও ইলেকট্রনিক কৌশল, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, গণিত, রসায়ন, পদার্থবিজ্ঞান বিভাগে শিক্ষার্থী ভর্তি করা হবে। শিক্ষার্থীরা পিএইচডি, এমফিল, এমএসসি ইঞ্জিনিয়ারিং, এম. ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তি হওয়ার সুযোগ পাবেন। সম্প্রতি বিশ্ববিদ্যালয়টি থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তি থেকে এ কথা জানা গেছে। একেক কোর্সে শিক্ষার্থীর ভর্তির যোগ্যতা একেক রকম। তবে সব কোর্সে ভর্তির ক্ষেত্রে কোনো শিক্ষার্থী শিক্ষার যেকোনো পাবলিক পরীক্ষায় তৃতীয় বিভাগ পেলে আবেদন করতে পারবেন না। সব কোর্সে ভর্তির ক্ষেত্রে গবেষণা প্রস্তাব জমা দিতে হবে। শুধু পিএইচডি কোর্সে ভর্তির আবেদনের ক্ষেত্রে নির্ধারিত ফরমে গবেষণা প্রস্তাব জমা দিতে হবে। এসব কোর্সে নিয়মিত ও খণ্ডকালীন শিক্ষার্থী হিসেবে আবেদন করা যাবে। চাকরিরত প্রার্থীরা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করবেন। আবেদনপত্র ওয়েবসাইট থেকে অথবা সরাসরি সংগ্রহ করা যাবে। আবেদনপত্রের মূল্য ৫০০ টাকা। আবেদনপত্রের সঙ্গে সব শিক্ষাগত যোগ্যতার সনদপত্র ও নম্বরপত্র/ট্রান্সক্রিপ্টের সত্যায়িত ফটোকপি, দুই কপি ছবি জমা দিতে হবে। তা ছাড়া এর সঙ্গে শেষ শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানের কাছ থেকে প্রশংসাপত্রের ফটোকপিসহ আবেদনপত্র রেজিস্ট্রারের অফিসে ডাকযোগে বা সরাসরি পাঠাতে হবে। এ কোর্সে ক্লাস শুরু হবে ১০ এপ্রিল থেকে ১৭ এপ্রিলের মধ্যে। এ কোর্সে ভর্তির জন্য সাক্ষাত্কার অনুষ্ঠিত হবে চলতি মাসের ২৭ তারিখ। এই কোর্সগুলোর পরীক্ষা অনুষ্ঠিত হবে সংশ্লিষ্ট বিভাগে। ভর্তির জন্য নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে আগামী ২৯ মার্চ। বিস্তারিত তথ্য ও আবেদনপত্র সংগ্রহের ওয়েবসাইট- www.cuet.ac.bd