চ্যাম্পিয়ন ইউল্যাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জয় উদ্যাপনে ইউল্যাবের শিক্ষার্থীদের ফ্ল্যাশমব। ছবি: সংগৃহীত
জয় উদ্যাপনে ইউল্যাবের শিক্ষার্থীদের ফ্ল্যাশমব। ছবি: সংগৃহীত

ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) মোহাম্মদপুর ক্যাম্পাসের খেলার মাঠে তখন রুদ্ধশ্বাস নীরবতা। চলছে নবম ইউল্যাব ফেয়ার প্লে কাপের ফাইনাল ম্যাচ। আর সেখানে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে জয়ের দ্বারপ্রান্তে আয়োজক ইউল্যাব। ব্যাটসম্যান ব্যাটে বল ছুঁইয়ে দৌড় দিতেই বাউন্ডারির বাইরে থাকা সমর্থকেরা ঘিরে ধরলেন জয়ী ক্রিকেটারদের। বাজি ফুটিয়েও আনন্দ যেন শেষ হয় না!
আনন্দকে আরও বাড়িয়ে দিতে ইউল্যাবের ছাত্রছাত্রীরা মাঠেই পরিবেশন করলেন জমজমাট ফ্ল্যাশমব। রং মেখে উদ্যাপন করলেন আন্তবেসরকারি বিশ্ববিদ্যালয় ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার আনন্দ।
আগের সব কটি ম্যাচে দুর্দান্ত পারফর্ম করা গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশকে (জিইউবি) ৫ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন ট্রফি নিজেদের করে নিল ইউল্যাব। ফাইনাল ম্যাচে অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. সোহরাব হোসেন। অতিথিদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ইউল্যাবের সহ-উপাচার্য অধ্যাপক এইচ এম জহিরুল হক, রেজিস্ট্রার লেফটেন্যান্ট কর্নেল (অব.) মো. ফয়জুল ইসলাম এবং স্টুডেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড কমিউনিকেশনসের উপদেষ্টা জুডিথা ওলমাখার।
আয়োজকেরা জানালেন, এবারের আয়োজনে অংশ নিয়েছে মোট ১২টি বেসরকারি বিশ্ববিদ্যালয়—নর্থ সাউথ ইউনিভার্সিটি, ব্র্যাক ইউনিভার্সিটি, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, সাউথ ইস্ট ইউনিভার্সিটি, স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ, ইস্টার্ন ইউনিভার্সিটি, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ, গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ, ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ ও ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ। নিজেদের ক্রিকেট গ্রাউন্ডে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে নিয়ে ইউল্যাব ফেয়ার প্লে কাপের এবার ছিল নবম আয়োজন। খেলায় স্বচ্ছতা বজায় রাখার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পুরো টুর্নামেন্ট পরিচালনায় ইউল্যাবকে সহায়তা দিয়েছে। পুরো প্রতিযোগিতায় ২০টি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ১২ ম্যাচের ফলাফলের ওপর ভিত্তি করে সেরা আটটি দল সেমিফাইনালে ওঠার জন্য সুপার-৮ রাউন্ডে একে অপরের বিরুদ্ধে খেলেছে। পুরস্কার হিসেবে এ বছরের বিজয়ী দল পেয়েছে ৪০ হাজার টাকা এবং রেড বুল ক্যাম্পাস ক্রিকেট ওয়ার্ল্ড ফাইনাল টুর্নামেন্টে অংশ নেওয়ার সুযোগ। এ ছাড়া রানারআপ দল পেয়েছে ২৫ হাজার টাকা।