
বিশ্বজয়ের আনন্দে তাঁদের চোখ-মুখ তখনো জ্বলজ্বল করছিল। উচ্ছ্বাস আর আনন্দের প্রকাশ তাঁদের প্রতিটি বাক্যে। যেন কেবলই মঞ্চ থেকে পুরস্কার হাতে নামলেন। বলছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘এলসি ইলেকট্রনিকস’ দলটির কথা। ওয়ার্ল্ড এশিয়ান কেস কম্পিটিশনের চূড়ান্ত পর্বে চীন, সিঙ্গাপুর, থাইল্যান্ড, হংকং ও মালয়েশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়কে হারিয়ে তাঁরা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন। বিজয়ী দলের সদস্যরা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং ও ইনস্যুরেন্স বিভাগের সদ্য স্নাতক মহিউদ্দীন ভূঁইয়া, একই বিভাগের দ্বিতীয় বর্ষের শাদমান হক ও হিসাববিজ্ঞান বিভাগের শুভ্র ইম্মানুয়েল রোজারিও। তাঁদের উপদেষ্টা হিসেবে ছিলেন ব্যবসায় শিক্ষা অনুষদের শিক্ষক সাইমুম হোসেন। ২২ আগস্ট একাডেমি ফর এশিয়ান বিজনেসের (এএবি) আয়োজনে এ প্রতিযোগিতার চূড়ান্ত আসর বসে দক্ষিণ কোরিয়ার সাংকিয়ান কুয়ান বিশ্ববিদ্যালয়ে।
তাঁদের সেই গৌরবের গল্প শুনতেই ২৬ আগস্ট বিকেলে আমরা হাজির হয়েছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের এফবিএস ভবনের ক্যাফেটেরিয়ায়। সেখানে বসেই আলাপ শুরু করি দলটির সঙ্গে। শুরুতেই শাদমান হক আমাদের হাজির করান তিন দিন আগের সেই মাহেন্দ্রক্ষণে। বলেতে থাকেন তিনি, ‘শীর্ষ দশ থেকে আমরা তখন জায়গা করে নিয়েছি সেরা দুইয়ে। আমাদের অপেক্ষা তখন ছিল চ্যাম্পিয়ন হওয়া নিয়ে। হংকং বিশ্ববিদ্যালয় নাকি ঢাকা বিশ্ববিদ্যালয়? সঞ্চালক সুন্দর সুন্দর কথা বলে সময়ক্ষেপণ করছিলেন, আর এদিকে তো আমাদের আত্মা শুকিয়ে কাঠ! স্নায়ুচাপ কাকে বলে সেদিন বুঝেছিলাম। তারপর বাকিটা তো শুধুই উৎসবের।’
পুরস্কার হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘এলসি ইলেকট্রনিকস’ দলটির হাতে ওঠে এএবি চ্যাম্পিয়ন স্মারক ছাড়াও স্কলারশিপ ও দুই হাজার মার্কিন ডলার।
দলনেতা মহিউদ্দীন ভূঁইয়ার কাছে জানতে চাই প্রতিযোগিতার আদ্যোপান্ত। তিনি বলেন, ‘প্রতিযোগিতাটি ছিল একটি ব্যবসায়িক পরিকল্পনার ওপর। এশিয়ার মধ্যে প্রতিষ্ঠিত বা সম্ভাবনাময় ব্যবসাপ্রতিষ্ঠানের একটি পণ্য কীভাবে প্রান্তিক মানুষের কাছে পৌঁছিয়ে প্রতিষ্ঠানের আয় বাড়ানো যায়, তা নিয়ে। আমাদের ব্যবসায়িক পরিকল্পনা তৈরিতে আমরা বেছে নিই কোরিয়ার এলজি ইলেকট্রনিকস।’
তারপর অন্তর্জাল ঘেঁটে তাঁরা জানতে থাকেন এলজি ইলেকট্রনিকস কোম্পানির পণ্য, আয়-ব্যয়, প্রশাসনিক কাঠামো, উদ্যোগসহ ব্যবসায়িক নানা দিক সম্পর্কে। সমান্তরালে প্রান্তিক মানুষের চাহিদাগুলো খুঁজে বের করেন তাঁরা। এসব তথ্য-উপাত্ত ঘেঁটে দলটি বেছে নেয় এলজি মুঠোফোন বানিয়ে প্রান্তিক মানুষের কাছে পৌঁছানোর আইডিয়াটি। আর তাতেই বাজিমাত।
শুভ্র ইম্মানুয়েল রোজারিও যোগ করেন, ‘প্রথমে আইডিয়াটি জায়গা করে নেয় সেরা ৪১টি প্রকল্পের একটি হিসেবে। তারপর প্রকল্পটির বাস্তবায়ন-কৌশলসহ বিভিন্ন তথ্য পাঠাতে হয়। এরপরই আমরা সেরা দশে জায়গা করে নিই।’
আমাদের আলাপ এগিয়ে যায় এমন নানা গল্পে। এর মধ্যে আড্ডায় যোগ দেন দলটির উপদেষ্টা সাইমুম হোসেন। তিনি জানান, ‘সামনে একে একে তিনটি দল তাদের উপস্থাপনা শেষ করার পর তাদের পালা। শরীরী ভাষা যেন বদলে গেল আমাদের দলটির। উপস্থিত প্রতিযোগী, বিচারক, আমন্ত্রিত অতিথি সবাই মন্ত্রমুগ্ধ শ্রোতা। নির্দিষ্ট সময় শেষ হতেই করতালিতে যেন মুখর মিলনায়তন। আমরাই চ্যাম্পিয়ন!’
প্রতিযোগিতা, পুরস্কারের বাইরেও ছিল নানা আয়োজন। শাদমান হক বলেন, ‘এশিয়ান ব্যবসায়ের ভবিষ্যৎ নিয়ে একটি সেমিনার ছিল আমাদের জন্য বাড়তি পাওনা। এ ছাড়া ঘুরে দেখার সুযোগ পেয়েছি এলজি ডিজিটাল পার্ক।’