ছড়িয়ে যাক ভালোবাসার বার্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোমবাতি আর পোস্টার হাতে শিক্ষার্থীদের পদযাত্রা শেষ হয়েছিল এমআইটির শন কলিয়ার স্মারকস্তম্ভে গিয়ে। ছবি: সংগৃহীত
মোমবাতি আর পোস্টার হাতে শিক্ষার্থীদের পদযাত্রা শেষ হয়েছিল এমআইটির শন কলিয়ার স্মারকস্তম্ভে গিয়ে। ছবি: সংগৃহীত

ঘড়ির কাঁটায় সন্ধ্যা ছয়টা। দিনের আলো তখনো নিভে যায়নি। যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির (এমআইটি) স্টুডেন্ট সেন্টারের সিঁড়িতে একে একে জড়ো হচ্ছিলেন অনেকে। সাম্প্রতিক সময়ে বাংলাদেশসহ বিভিন্ন দেশে ঘটে যাওয়া জঙ্গি হামলায় নিহত ব্যক্তিদের স্মরণে ২৩ জুলাই এই সমাবেশের আয়োজন করেছিলাম আমরা—এমআইটি ও হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি শিক্ষার্থীরা।
শুরুতে মঞ্চের দুই পাশে ঝোলানো পোস্টারে জঙ্গিবাদের শিকার, নিহত ব্যক্তিদের উদ্দেশে ছোট ছোট বার্তা লেখেন সবাই। এরপর সাড়ে ছয়টায় শুরু হয় মূল অনুষ্ঠান। আয়োজকদের পক্ষ থেকে প্রথমে দুই বিশ্ববিদ্যালয়ের ‘বাংলাদেশি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন’ (বিএসএ)-এর সদস্যরা বক্তব্য দেন। শব্দগুলো ভিন্ন হলেও সবার কথার সারমর্ম ছিল একই—কীভাবে জঙ্গিবাদের ভয়াবহতার প্রভাব আমাদের সবার জীবনে এসে পড়ছে। দেশ থেকে এতটা দূরে আছি, কিন্তু ১ জুলাই গুলশানে হামলার ঘটনার পর থেকে মনটা খারাপ হয়ে আছে।
সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা আরও বলেছেন, ‘বিশ্বজুড়ে এই দুর্যোগের সময়ে দেশে-দেশে, মানুষে-মানুষে একতা খুব জরুরি। এই বিপদ আমাদের সামাজিক বন্ধনগুলো দৃঢ় করে তোলার একটা সুযোগ। আমরা যেন সুযোগটা কাজে লাগাই।’

শিক্ষার্থীদের তৈরি পোস্টার
শিক্ষার্থীদের তৈরি পোস্টার

হার্ভার্ড আর এমআইটিতে বাংলাদেশি ছাত্রছাত্রীর সংখ্যা খুব বেশি নয়। আমরা অল্প কজন মিলে অনুষ্ঠানটার আয়োজন করেছিলাম। বিশ্ববিদ্যালয়ের বিদেশি বন্ধুরা নিজেদের আগ্রহেই আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন।
এমআইটির প্রেসিডেন্ট রাফায়েল রেইফ উপস্থিত থাকতে না পারলেও তিনি এই আয়োজনের জন্য বাংলাদেশি স্টুডেন্ট অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ জানিয়েছেন। তাঁর একটি বার্তা অনুষ্ঠানে পড়ে শোনানো হয়। তিনি লিখেছেন, ‘বিশ্বের একেকটি দেশের সংস্কৃতি একেক রকম। নানা ধরনের সংস্কৃতির মিশ্রণ হয়েছে বলেই মানুষ দ্রুতগতিতে সামনে এগিয়ে যাচ্ছে। আমাদের উচিত এই অগ্রযাত্রা অব্যাহত রাখা। একে অপরের প্রতি সহানুভূতিশীল হয়ে বিপদের সময় এগিয়ে আসাই মানুষের ধর্ম।’
সবশেষে এমআইটির ধর্মযাজক সবার জন্য প্রার্থনা করেন আর নিহত ব্যক্তিদের জন্য ভালোবাসার বার্তা দেন। এরপর মঞ্চ থেকে শুরু হয় পদযাত্রা। মোমবাতি আর পোস্টার হাতে দল বেঁধে আমরা হেঁটে গেছি এমআইটির শন কলিয়ার স্মারকস্তম্ভের দিকে। আমরা একে অন্যের কাঁধে হাত রেখেছি, সাহস দিয়েছি। ভালোবাসা, বন্ধুত্ব, সহানুভূতি আর একাত্মতার এই বার্তা ছড়িয়ে যাক সারা বিশ্বের সব তরুণের মাঝে।
জায়ান ওয়াজিহা: তৃতীয় বর্ষের শিক্ষার্থী, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়
নূর মোহাম্মদ শফিউল্লাহ: দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী, এমআইটি