ভর্তি পরীক্ষা বয়কট শিক্ষক সমিতির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অষ্টম জাতীয় বেতন কাঠামোতে শিক্ষকদের পদমর্যাদা পুনর্নির্ধারণ ও স্বতন্ত্র বেতন স্কেলের দাবিতে ২০১৫-১৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষা বয়কটের সিদ্ধান্ত নিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। আজ বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সমিতির সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। 

এদিকে কাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে একাডেমিক কাউন্সিলের জরুরি সভা আহ্বান করেছেন উপাচার্য অধ্যাপক মীজানুর রহমান। শুক্রবার বিশ্ববিদ্যালয়ের কলা ও আইন অনুষদের (বি ইউনিট) ভর্তি পরীক্ষা হওয়ার কথা রয়েছে। তবে শিক্ষকদের এমন সিদ্ধান্তের প্রেক্ষিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ও প্রশাসন সূত্র জানায়, আজ দুইটার দিকে সাধারণ সভায় ভর্তি পরীক্ষা বয়কটের সিদ্ধান্ত নেয় শিক্ষক সমিতি। পরে বিকেল চারটার দিকে শিক্ষক সমিতির একটি প্রতিনিধি দলের সঙ্গে মীজানুর রহমান তাঁর কার্যালয়ে বৈঠক করেন। বৈঠকে ভর্তি পরীক্ষা নিতে শিক্ষকদের অনুরোধ জানান উপাচার্য। কিন্তু নিজেদের সিদ্ধান্তে অটল থাকেন শিক্ষকেরা।
শিক্ষকদের দাবি, সপ্তম বেতনকাঠামোতে সচিব ও সিলেকশন গ্রেডপ্রাপ্ত অধ্যাপকেরা সর্বোচ্চ গ্রেড ১-এ ছিলেন। শুধু মন্ত্রিপরিষদ সচিব ও মুখ্য সচিব গ্রেড-১ এ থাকলেও একটি অতিরিক্ত ভাতা পেতেন। কিন্তু সদ্য ঘোষিত অষ্টম বেতন স্কেলে গ্রেড-১ এর ওপরে আরও দুটি বিশেষ ধাপ রয়েছে এবং সিলেকশন গ্রেড বাতিল করা হয়েছে। তাই শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল ব্যবস্থা ও পদমর্যাদা পুনর্নির্ধারণ করতে হবে।
বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মো. মনিরুজ্জামান প্রথম আলোকে বলেন, সরকার শিক্ষকদের দাবি না মানায় ভর্তি পরীক্ষা নিতে মানসিক ভাবে প্রস্তুত নয় শিক্ষকেরা। তবে পরীক্ষা নেওয়ার জন্য অনুরোধ জানিয়েছিলেন উপাচার্য মীজানুর রহমান। কিন্তু সমিতির সাধারণ সভা ছাড়া এ সিদ্ধান্ত পরিবর্তন করা যাবে না বলে জানিয়েছেন শিক্ষকেরা। আবার সাধারণ সভা কবে হবে, তা সিদ্ধান্ত নেওয়া হয়নি।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. ওহিদুজ্জামান বলেন, ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়নি। তবে বিষয়টি নিয়ে কাল একাডেমিক কাউন্সিলের সভায় আলোচনা করা হবে।