জগন্নাথে কাল ভর্তি পরীক্ষা নেবে শিক্ষক সমিতি
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের অনুরোধে আগামীকাল শুক্রবার কলা ও আইন অনুষদের (বি ইউনিট) ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষক সমিতি। তবে বাকি আরও চারটি ইউনিটের ভর্তি পরীক্ষা বয়কটের সিদ্ধান্ত বহাল আছে।
আজ বৃহস্পতিবার দুপুরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির এক জরুরি সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মো. মনিরুজ্জামান প্রথম আলোকে বলেন, একাডেমিক কাউন্সিলের অনুরোধ, উদ্বিগ্ন অভিভাবক ও শিক্ষার্থীদের কথা বিবেচনা করে কাল বি ইউনিটের ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন শিক্ষকেরা।
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন থেকে বহিষ্কারের বিষয়ে মনিরুজ্জামান বলেন, ‘ভর্তি পরীক্ষা বয়কট করায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিকে ফেডারেশন থেকে বহিষ্কারের কোনো এখতিয়ার সংগঠনটির নেই। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা মর্মাহত। কারণ, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি স্বাধীনভাবে যেকোনো সিদ্ধান্ত নিতে পারে।’
শিক্ষক সমিতি ও প্রশাসন সূত্র জানায়, অষ্টম জাতীয় বেতন কাঠামোতে শিক্ষকদের পদমর্যাদা পুনর্নির্ধারণ ও স্বতন্ত্র বেতন স্কেল দাবিতে গতকাল বুধবার ২০১৫-১৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষা বয়কটের সিদ্ধান্ত নিয়েছিল শিক্ষক সমিতি। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন এই সিদ্ধান্তকে শৃঙ্খলাবিরোধী উল্লেখ করে গতকাল সংগঠনটিকে সাময়িকভাবে বহিষ্কার করে।
এই পরিস্থিতিতে আজ সকাল ১০টায় একাডেমিক কাউন্সিলের জরুরি সভা ডাকেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মীজানুর রহমান। সভায় শিক্ষক সমিতিকে ভর্তি পরীক্ষা নেওয়ার অনুরোধ জানানো হয়। কারণ, শিক্ষকদের এমন সিদ্ধান্তের জন্য ভর্তি পরীক্ষা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছিল।
শিক্ষকদের দাবি, সপ্তম বেতন কাঠামোতে সচিব ও সিলেকশন গ্রেডপ্রাপ্ত অধ্যাপকেরা সর্বোচ্চ গ্রেড ১-এ ছিলেন। শুধু মন্ত্রিপরিষদ সচিব ও মুখ্য সচিব গ্রেড-১ এ থাকলেও একটি অতিরিক্ত ভাতা পেতেন। কিন্তু সদ্য ঘোষিত অষ্টম বেতন স্কেলে গ্রেড-১ এর ওপরে আরও দুটি বিশেষ ধাপ রয়েছে এবং সিলেকশন গ্রেড বাতিল করা হয়েছে। তাই শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল ব্যবস্থা ও পুনর্নির্ধারণ করতে হবে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. ওহিদুজ্জামান বলেন, কাল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বাকি পরীক্ষাগুলোর বিষয়ে পরে জানানো হবে।