জগন্নাথে 'সি ইউনিটের' ভর্তি পরীক্ষা কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ব্যবসায় শিক্ষা অনুষদের (সি ইউনিট) ভর্তি পরীক্ষা কাল শুক্রবার অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষায় জালিয়াতি ধরা পড়লে সঙ্গে সঙ্গে শাস্তি দিতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে থাকবে ভ্রাম্যমাণ আদালত। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কাল বিকেল তিনটায় একযোগে রাজধানীর ১৩টি কেন্দ্রে ভর্তি পরীক্ষা শুরু হবে। এতে প্রতি আসনের বিপরীতে ৫৬ জন ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। সি ইউনিটে আসনসংখ্যা ৬২০টি (বাণিজ্য-৫৪০টি ও অন্যান্য-৮০)।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কোনো পরীক্ষার্থী পরীক্ষার হলে ইলেকট্রনিক ডিভাইস (ক্যালকুলেটর, ঘড়ি, মোবাইল ইত্যাদি) সঙ্গে আনতে পারবেন না। পরীক্ষা চলাকালে জালিয়াতি ধরা পড়লে অপরাধীদের তাৎক্ষণিক শাস্তি দিতে মোবাইল কোর্ট আইন-২০০৯-এর আওতায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে। এ ছাড়া ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ড এবং ওয়েবসাইটে (www. jnu. ac. bd) পাওয়া যাবে।