
শুরুতে ছিল নিজেদের মধ্যে প্রতিযোগিতা। দেখা গেল প্রোগ্রামিংয়ের জটিল সমস্যার সমাধান না পেয়ে নতুন কিছু করার আগ্রহ কমে যাচ্ছে। বিষয়টি ভাবায় জ্যেষ্ঠদের। সমাধানের পথ খুঁজতে যাত্রা করল কম্পিউটার ক্লাব অ্যালাইড কম্পিউটার স্ট্রিম (এসিএস)। এ গল্প বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের শিক্ষার্থীদের।
২০০৪ সালের মার্চ মাসে শুরু হয় এই ক্লাবের কার্যক্রম। যাত্রার শুরু থেকেই লক্ষ্য ও উদ্দেশ্য ছিল নতুন প্রোগ্রামার তৈরি, যঁারা অবদান রাখবেন দেশের নানামুখী উন্নয়নে। শিক্ষার্থীরা একাডেমিক শিক্ষার পাশাপাশি অর্জন করবেন ব্যবহারিক ও বাস্তব জ্ঞান। বিশ্ববিদ্যালয়ের চন্দনাইশ ক্যাম্পাস থেকে পরিচালিত হয় সংগঠনটি।
ক্লাবের বর্তমান সাধারণ সম্পাদক আবির মাহমুদ বলেন, প্রথমদিকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের মধ্যে আন্তবিভাগীয় প্রোগ্রামিং প্রতিযোগিতা আয়োজন করা হতো। ধীরে ধীরে বাড়ে পরিসর। এখন শিক্ষার্থীদের প্রোগ্রামিং দক্ষতা বাড়ানোর জন্য ক্লাবের উদ্যোগে আয়োজন করা হয় নানা ধরনের কর্মশালা। এখনো ধারাবাহিকতা বজায় আছে।
২০১০ সাল থেকে এসিএসের উদ্যোগে প্রতি সেমিস্টারে প্রকল্প প্রদর্শনীর ব্যবস্থা করা, সেরা প্রকল্প নির্বাচন ও তৈরি করা শিক্ষার্থীদের পুরস্কৃত করা হচ্ছে। এসব আয়োজনে অংশ নেওয়া সেরা মেধাবী ও উদীয়মানদেরও নিয়মিতভাবে পুরস্কার তুলে দিয়ে উৎসাহিত করা হচ্ছে। এ ছাড়া ক্লাবের জ্যেষ্ঠ সদস্যরা নবীন সদস্যদের নিয়মিত প্রোগ্রামিং শেখান।
প্রোগ্রামিং শেখানোর পাশাপাশি ক্লাবটি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের সঙ্গে যৌথভাবে ২০১০ সালে চট্টগ্রামের বিশ্ববিদ্যালয়গুলোর ৩০টি দল নিয়ে আয়োজন করে আন্তবিশ্ববিদ্যালয় প্রোগ্রামিং প্রতিযোগিতা। ২০১১ সালে এর পরিসর আরও বাড়ে। সে বছর সারা দেশের বিশ্ববিদ্যালয়গুলোর ৭৫টি দল প্রতিযোগিতায় অংশ নেয়।
এ ছাড়া ক্লাবের সদস্যরা আঞ্চলিক ও জাতীয় পর্যায়ে নানা ধরনের প্রোগ্রামিং প্রতিযোগিতা, প্রকল্প প্রদর্শনী, আইটি কুইজ, অ্যাপস প্রতিযোগিতায় নিয়মিত অংশ নেন। ২০১২ সালে ঢাকায় অনুষ্ঠিত জাতীয় প্রোগ্রামিং ক্যাম্পে ব্যক্তিগত পর্যায়ে এসিএসের সদস্য হেলাল উদ্দিন চট্টগ্রামে অঞ্চলে প্রথম হন। ২০১৬ ও ২০১৭ সালে নাসা অ্যাপস চ্যালেঞ্জ প্রতিযোগিতায় এ ক্লাবের সদস্য নিয়ে গঠিত দুটি দল জাতীয় পর্যায়ে অংশগ্রহণের জন্য নির্বাচিত হয়। সম্প্রতি ক্লাবের সদস্য তামজীদ মাহমুদ এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন ক্যাম্পাসে অনুষ্ঠিত আইসিটি অলিম্পিয়াডে সারা দেশের প্রতিযোগীদের মধ্যে দ্বিতীয় হন। এ ছাড়া আরেক সদস্য রিফাত খান প্রথম হন প্রোগ্রামিংয়ের স্কুল আউটসবুক আয়োজিত প্রতিযোগিতায়। এটি অনুষ্ঠিত হয় চট্টগ্রামে।
কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের শিক্ষার্থীরা এসিএস ক্লাবের সদস্য হিসেবে বিবেচিত হন। এ ছাড়া থাকে আট সদস্যের কার্যনির্বাহী কমিটি। প্রতি ছয় মাস পর কমিটি পুনর্গঠিত হয়। এ কমিটিতে পদাধিকার বলে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের বিভাগীয় প্রধান। বর্তমানে ক্লাবের সভাপতি বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল আবছার।
তিনি বলেন, ‘সপ্তাহের প্রতি শনিবার ক্লাবের সদস্যদের প্রোগ্রামিং দক্ষতা বাড়ানোর ক্লাস নেওয়া হয়।
ক্লাবের সাবেক সদস্য শাহীন মোহাম্মদ ফারুক এ কাজটি করেন। এর মাধ্যমে শিক্ষার্থীদের প্রোগ্রামিং ভীতি কেটে যাচ্ছে। যেটি আমাদের মুখ্য উদ্দেশ্য ছিল।’
কম্পিউটারভিত্তিক দক্ষতা বৃদ্ধির পাশাপাশি সামাজিক নানা কাজে সম্পৃক্ত হয় এসিএস। এর মধ্যে রয়েছে রক্তের গ্রুপ নির্ণয় ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, বিতর্ক উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন। কম্পিউটারভিত্তিক বইগুলো নিয়ে নিয়মিত বইমেলারও আয়োজন করে ক্লাবটি। এতে পার্শ্ববর্তী গ্রামের স্কুল-কলেজের শিক্ষার্থীরাও বই কেনার সুযোগ পায়।