জাতীয় তথ্যপ্রযুক্তি বিতর্ক উৎসব

বিশ্ববিদ্যালয় ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে অক্টোবরের শেষ সপ্তাহে সারা দেশে শুরু হতে যাচ্ছে প্রথম জাতীয় তথ্যপ্রযুক্তি বিতর্ক উৎসব-২০১৫। ‘তরুণরাই গড়বে নতুন দেশ, ডিজিটাল হবে বাংলাদেশ’ স্লোগানে এ বিতর্ক উৎসব আয়োজন করছে আইসিটি ডিভিশন ও শিক্ষাবিষয়ক ওয়েবপোর্টাল ক্যাম্পাস টু ক্যারিয়ার (campus2career24.com)।
আইসিটি ডিভিশন সম্মেলনকক্ষে ‘জাতীয় তথ্যপ্রযুক্তি বিতর্ক উৎসব উপলক্ষে ৫ অক্টোবর প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদের উপস্থিতিতে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রণালয় এবং ‘ক্যাম্পাস টু ক্যারিয়ার’-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আইসিটি ডিভিশনের সচিব শ্যামসুন্দর সিকদার, অতিরিক্ত সচিব মো. হারুনুর রশিদ, উপসচিব বিকর্ণ কুমার ঘোষ, ক্যাম্পাস টু ক্যারিয়ারের উপদেষ্টা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রোবায়েত ফেরদৌসসহ আয়োজক দুই প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
জাতীয় তথ্যপ্রযুক্তি বিতর্ক উৎসব নিয়ে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) অর্জনে তথ্যপ্রযুক্তিকে কীভাবে ব্যবহার করা যায়, তা নিয়েই দেশব্যাপী অনুষ্ঠিত হবে এই বিতর্ক উৎসব।
আয়োজক সূত্রে জানা গেছে, ৬৪টি জেলার শীর্ষস্থানীয় কলেজ ও বিশ্ববিদ্যালয়ের বিতর্ক দল ১৬টি অঞ্চলে অনুষ্ঠেয় এই উৎসবে অংশ নেবে। অঞ্চলগুলো হচ্ছে চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট, নাটোর, রাজশাহী, রংপুর, বরিশাল, গোপালগঞ্জ, যশোর, খুলনা, ময়মনসিংহ, ঢাকা জেলা ও ঢাকা মহানগর। উৎসব চলবে অক্টোবরের শেষ সপ্তাহ থেকে ডিসেম্বর পর্যন্ত। উৎসবের বিস্তারিত জানতে চোখ রাখুন: fb.com/campus2career24 পেজে।