জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার ফল আজ রোববার প্রকাশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক ফয়জুল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রথম মেধা তালিকায় ১ লাখ ৯৯ হাজার ১৭০ জনকে আসন বরাদ্দ দেওয়া হয়েছে। আসন শূন্য থাকা সাপেক্ষে পরবর্তী সময়ে দ্বিতীয় মেধা তালিকা এবং এরপর রিলিজ স্লিপ প্রকাশ করা হবে। বিভিন্ন বিষয়ে ২ লাখ ৬৯ হাজার ৩৭৫ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবেন।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.nu.edu.bd/admissions) বিস্তারিত ফল পাওয়া যাবে। পাশাপাশি শিক্ষার্থীরা যেকোনো মুঠোফোন থেকে এসএমএসের মাধ্যমে (NUATRoll No টাইপ করে ১৬২২২ নম্বরে send করতে হবে) অথবা সংশ্লিষ্ট কলেজ থেকে ফল জানা যাবে।