
চিকিৎসার জন্য ভারতে গিয়ে আটক। তারপর ভারতীয় কারাগারে মায়ের মৃত্যু। মাঝখানে কেটে যায় পাঁচটি বছর। সেখানকার ভারতীয় আশ্রয়কেন্দ্রে পঞ্চম শ্রেণী পর্যন্ত লেখাপাড়া করে। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মধ্যস্থতায় গত ১৪ সেপ্টেম্বর আফরোজাকে বাংলাদেশে ফিরিয়ে আনা হয়।
আফরোজার বয়স এখন প্রায় ১২ বছর। বাবার বাড়ি পাবনার সদর উপজেলার জহিরপুর গ্রামে। তার বাবার নাম আকরাম হোসেন। তিনি একজন পরিবহনশ্রমিক। কিন্তু আফরোজা বেড়ে ওঠে নানার বাড়ি নাটোর সদর উপজেলার বেলঘড়িয়া শিবপুর গ্রামে।
আফরোজা এখন বিজিবির রাজশাহী সেক্টর সদরে কর্নেল কাজী এমদাদুল হক পাবলিক স্কুলে ষষ্ঠ শ্রেণীতে পড়ছে। এর মধ্যে গত ২১ সেপ্টেম্বর থেকে সে স্কুলে যাওয়া-আসা করছে। বর্তমানে তার থাকার ব্যবস্থা হয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা এসিডির সেফ হোমে। প্রতিদিন সকালে হোমের গাড়িতে করে বিদ্যালয়ে আসছে সে। দুপুরে আবার গাড়িতেই ফিরে যাচ্ছে। গত ২৩ সেপ্টেম্বর দুপুরে ক্লাস শেষে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কার্যালয়ে বসে আফরোজার সঙ্গে কথা হয়। এ সময় ৩৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল নজরুল ইসলাম ও এসিডির কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আফরোজা সারাক্ষণ হাসিমুখেই ছিল। কথা বলেছেও হেসে হেসে। চেহারার প্রথম দিনের মলিনতা কেটে গেছে। চোখে উজ্জ্বলতা ফুটে উঠেছে।
প্রথম আলো: আজ সকালে (২৩ সেপ্টেম্বর) ঘুম ভেঙেছে কখন?
আফরোজা: সকাল ছয়টায়।
প্র আ: তারপর?
আফরোজা: তারপর হাত-মুখ ধুয়ে নাশতা করে স্কুলের জন্য তৈরি হয়েছি।
প্র আ: রাতে ঘুম হয়েছে কেমন?
আফরোজা: ভালো।
প্র আ: কার সঙ্গে ঘুমাচ্ছ?
আফরোজা: তৃষার সঙ্গে। খুব ভালো মেয়ে। এবার জেএসসি পরীক্ষা দেবে।
প্র আ: সকালে কী নাশতা করেছ?
আফরোজা: ভাত আর করলা ভাজি।
প্র আ: ভারতের সেফ হোমে সকালে কী নাশতা দিত?
আফরোজা: দুধ, হরলিকস, ঘুগনি আর পাউরুটি।
প্র আ: কেমন লাগছে বাংলাদেশ?
আফরোজা: ভালো। খুব ভালো।
প্র আ: ভারতীয় আশ্রয়কেন্দ্রের কথা কি মনে পড়ে?
আফরোজা: মনে পড়ে, বিশেষ করে সেখানের বন্ধুদের কথা। তবে এখানেও সবাই বন্ধু হয়ে গেছে।
প্র আ: বাংলাদেশের বই তো আলাদা। পড়তে কি সমস্যা হচ্ছে?
আফরোজা: না, কোনো সমস্যা হচ্ছে না। তবে নতুন করে শিখছি জাতীয় সংগীত। ভারতের স্কুলে ওদের জাতীয় সংগীত যতটুকু গাওয়া হয়, তার পুরোটাই গাইতে পারি। আমাদের দেশেরটা দুই লাইন শিখেছি।
প্র আ: দেশে আসার পর মায়ের জন্য কি মন খারাপ হচ্ছে?
আফরোজা: মন খারাপ ছিল। তবে দেশে আসার পরে মন ভালো হয়ে গেছে।
প্র আ: বাংলাদেশে আসার ক্ষেত্রে কে বেশিসহযোগিতা করেছে?
আফরোজা: কাকুর কথা (৩৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল নজরুল ইসলামকে কাকু সম্বোধন করে আফরোজা)।