জানুয়ারিতে পরীক্ষামূলক শুরু, বই-ই লেখা হয়নি

শিক্ষাক্রমের রূপরেখা এখনো চূড়ান্ত অনুমোদন হয়নি। ঠিক হয়নি কোন শিক্ষাপ্রতিষ্ঠানে পরীক্ষামূলকভাবে চালু হবে।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী বছর থেকে প্রথম ও ষষ্ঠ শ্রেণিতে পরীক্ষামূলকভাবে (পাইলটিং) নতুন শিক্ষাক্রম চালুর সিদ্ধান্ত হলেও এখন পর্যন্ত এসব শ্রেণির বই লেখার কাজ শেষ করতে পারেনি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। কোন কোন শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন শিক্ষাক্রম চালু হবে, সেগুলোও ঠিক হয়নি।

প্রায় দেড় মাস আগে নতুন শিক্ষাক্রমের রূপরেখার বিষয়ে সম্মতি জানিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যদিও রূপরেখাটি এখনো চূড়ান্ত করতে পারেনি শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। দুই মন্ত্রণালয়ের জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটির (এনসিসিসি) যৌথ সভায় রূপরেখাটির চূড়ান্ত অনুমোদন হওয়ার কথা। এমন পরিস্থিতিতে শিক্ষাসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, নতুন শিক্ষাক্রম ‘ভালো’ হলেও শুরুতেই তা বাস্তবায়নে গতি পাচ্ছে না।

শিক্ষাসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, মাত্র দুই মাস পরেই নতুন শিক্ষাবর্ষ শুরু হবে। এত কম সময়ে নতুন শিক্ষাক্রমের রূপরেখা চূড়ান্ত করে তার আলোকে নতুন বই লেখা হলে তা মানসম্মত না হওয়ার আশঙ্কা আছে।

জানতে চাইলে এনসিটিবির সদস্য (শিক্ষাক্রম) অধ্যাপক মো. মশিউজ্জামান প্রথম আলোকে বলেন, পাঠ্যবই প্রণয়নের কাজ চলছে, তাঁরা আশা করছেন, তাড়াতাড়িই বই লেখার কাজ হয়ে যাবে। আর পরীক্ষামূলকভাবে চালুর জন্য শিক্ষাপ্রতিষ্ঠান নির্ধারণের কাজও চলছে।

শিক্ষাক্রমের রূপরেখাটি অনুমোদনের পর বিস্তারিত শিক্ষাক্রম প্রণয়ন শেষে পাঠ্যবই লিখতে হবে। পরে বই ছাপতে হবে। এসব কাজ করে ২০২২ সালে পরীক্ষামূলকভাবে নতুন শিক্ষাক্রম চালু হলেও মানসম্মত বই লেখা যাবে কি না, তা নিয়ে সন্দেহ রয়েছে।
এস এম হাফিজুর রহমান অধ্যাপক, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়

এর আগে এনসিটিবির একাধিক কর্মকর্তা বলেছিলেন, কিছু আনুষ্ঠানিকতা শেষ করে নতুন শিক্ষাক্রমের আলোকে ১ বা ২ অক্টোবর নতুন পাঠ্যবই প্রণয়নের কাজ শুরু হবে।

নতুন শিক্ষাক্রম প্রণয়নের সঙ্গে যুক্ত ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, পরীক্ষামূলকভাবে শুরু হলেও প্রথম ও ষষ্ঠ শ্রেণির জন্য পূর্ণাঙ্গভাবেই পাঠ্যবই লিখতে হবে। কিন্তু প্রথম শ্রেণির জন্য বই লেখার কাজ শুরুই হয়নি এখনো। নির্দেশিকা ঠিক হলেও ষষ্ঠ শ্রেণির বই লেখার কাজ শুরু হয়নি। ৩০ অক্টোবর থেকে একাধিক দিন সভা করে বই লেখার বিষয়টি চূড়ান্ত করা হবে।

নতুন শিক্ষাক্রম প্রণয়নের সঙ্গে যুক্ত একজন শিক্ষক প্রথম আলোকে বলেছেন, বিদ্যমান পরিস্থিতিতে আগামী বছর যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে যে যে শ্রেণিতে পরীক্ষামূলকভাবে নতুন শিক্ষাক্রম চালু হবে, সেগুলোতে একসঙ্গে পুরো বই না দিয়ে অংশবিশেষ করে দেওয়ার পরিকল্পনা করছে এনসিটিবি। এই প্রক্রিয়ায় শিক্ষাক্রমের আলোকে যোগ্যতা অর্জন ও শিখনঘণ্টা হিসাব করে তিন বা চার মাসের জন্য ভাগ ভাগ করে বই দেওয়া হতে পারে।

নতুন শিক্ষাক্রমে প্রাক্-প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক স্তর পর্যন্ত বিদ্যমান পরীক্ষার চেয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে ধারাবাহিক মূল্যায়ন (শিখনকালীন) বেশি হবে। আর এসএসসির আগে কোনো পাবলিক পরীক্ষার কথা নেই নতুন শিক্ষাক্রমে। তা-ও শুধু দশম শ্রেণির পাঠ্যসূচির ভিত্তিতে হবে এসএসসি পরীক্ষা। একাদশ ও দ্বাদশ শ্রেণিতে দুটি পাবলিক পরীক্ষা হবে এবং এই দুই পরীক্ষার ফলের সমন্বয়ে এইচএসসির চূড়ান্ত ফল প্রকাশ করা হবে। নতুন এই শিক্ষাক্রমকে শিক্ষাবিদেরা ভালো বললেও তা বাস্তবায়নই বড় চ্যালেঞ্জ হবে বলে মনে করেন তাঁরা।

সরকারের সিদ্ধান্ত হলো, আগামী বছর থেকে প্রথম ও ষষ্ঠ শ্রেণিতে পরীক্ষামূলকভাবে নতুন শিক্ষাক্রম চালু হবে। এরপর ২০২৩ সাল থেকে অন্যান্য শ্রেণিতে পর্যায়ক্রমে চালু হবে।

রূপরেখার চূড়ান্ত অনুমোদন হয়নি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ১৩ সেপ্টেম্বর নতুন শিক্ষাক্রমের রূপরেখার বিষয়ে সম্মতি দিয়েছিলেন। নিয়ম অনুযায়ী, শিক্ষাক্রমের রূপরেখা অনুমোদনের পর তার ভিত্তিতে বিষয়ভিত্তিক শিক্ষাক্রম প্রণয়ন করা হয়। তার আলোকে হয় পাঠ্যবই।

আগে প্রাথমিকের শিক্ষাক্রমের অনুমোদন দিত প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটি (এনসিসিসি)। আর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের শিক্ষাক্রমের অনুমোদন দিত শিক্ষা মন্ত্রণালয়ের এনসিসিসি। কিন্তু এবার যেহেতু প্রাক্-প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক পর্যন্ত একসঙ্গে শিক্ষাক্রম হচ্ছে, তাই সিদ্ধান্ত হয়েছে দুই মন্ত্রণালয়ের এনসিসিসির যৌথ সভায় শিক্ষাক্রমের রূপরেখার অনুমোদন দেওয়া হবে। কিন্তু এখন পর্যন্ত সেই কাজ করতে পারেনি দুই মন্ত্রণালয়।

শিক্ষা মন্ত্রণালয়ের সূত্রমতে, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের (ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি) শিক্ষাক্রমের বিষয়ে ২১ অক্টোবর এনসিসিসি পুনর্গঠন করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিবের নেতৃত্বে এই এনসিসিসির মোট সদস্যসংখ্যা ২১। প্রাথমিকের এনসিসিসিও পুনর্গঠন করা হতে পারে। এরপর নতুন শিক্ষাক্রমের রূপরেখার চূড়ান্ত অনুমোদন হতে পারে।

জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক এস এম হাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, শিক্ষাক্রমের রূপরেখাটি অনুমোদনের পর বিস্তারিত শিক্ষাক্রম প্রণয়ন শেষে পাঠ্যবই লিখতে হবে। পরে বই ছাপতে হবে। এসব কাজ করে ২০২২ সালে পরীক্ষামূলকভাবে নতুন শিক্ষাক্রম চালু হলেও প্রথম ও ষষ্ঠ শ্রেণির জন্য মানসম্মত বই লেখা যাবে কি না, তা নিয়ে তিনি সন্দিহান।