জাবিতে লাল কার্ড আন্দোলনকারীদের, উপাচার্যের 'না'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে লাল কার্ড দেখানো কর্মসূচি পালন করেন আন্দোলনকারী শিক্ষক-শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার, ১ সেপ্টেম্বর। ছবি: মাইদুল ইসলাম
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে লাল কার্ড দেখানো কর্মসূচি পালন করেন আন্দোলনকারী শিক্ষক-শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার, ১ সেপ্টেম্বর। ছবি: মাইদুল ইসলাম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছেন আন্দোলনকারী শিক্ষক-শিক্ষার্থীরা। টানা আট দিন কালো পতাকা প্রদর্শনের পর আজ মঙ্গলবার উপাচার্যকে লাল কার্ড দেখান তাঁরা। আর পূর্বঘোষণা অনুযায়ী আগামীকাল বুধ ও পরদিন বৃহস্পতিবার হবে সর্বাত্মক ধর্মঘট।

‘দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ ব্যানারে প্রায় দেড় মাস ধরে আন্দোলন করে আসছেন আন্দোলনকারীরা। বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্পের কাজ নিয়ে উপাচার্যের ‘মধ্যস্থতায়’ ছাত্রলীগের নেতাদের বড় অঙ্কের আর্থিক সুবিধা দেওয়ার অভিযোগ তদন্তসহ তিন দফা দাবিতে তাঁদের এ আন্দোলন। দাবির বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে ‍দুদফা বৈঠকে সমঝোতা না হওয়ায় উপাচার্যের পদত্যাগ দাবিতে আন্দোলন শুরু করেন শিক্ষক-শিক্ষার্থীরা।

আজ বেলা একটায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাদদেশে লাল কার্ড দেখানোর এই কর্মসূচি পালিত হয়। কর্মসূচি চলাকালে জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বলেন, ‘আমরা উপাচার্যের পদত্যাগের দাবি জানিয়েছি। কিন্তু তিনি (উপাচার্য) নির্লজ্জের মতো পদ আগলে আছেন। কয়েক বছর ধরেই তিনি নানা অপকর্ম করে এসেছেন এবং অপকর্মের প্রশ্রয় দিয়েছেন। তিনি দুর্নীতিবাজ এবং তাঁর প্রশাসন অর্থলোভী।’

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সম্মিলিত শিক্ষক সমাজের আহ্বায়ক অধ্যাপক আবদুল জব্বার হাওলাদার, বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজের সাধারণ সম্পাদক অধ্যাপক খবির উদ্দিন, পরিবেশবিজ্ঞান বিভাগের অধ্যাপক জামাল উদ্দিন, দর্শন বিভাগের অধ্যাপক আনোয়ারুল্লাহ ভূঁইয়া, রায়হান রাইন প্রমুখ। পাশাপাশি জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোট, ছাত্র ইউনিয়ন, ছাত্র ফ্রন্ট, বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের বিশ্ববিদ্যালয় শাখার নেতা-কর্মীরা কর্মসূচিতে অংশ নেন।

পদত্যাগ করবেন না উপাচার্য
এদিকে আন্দোলনকারীদের দাবি ‘অযৌক্তিক’ উল্লেখ করে উপাচার্য ফারজানা ইসলাম বলেছেন, তিনি পদত্যাগ করবেন না। আজ বেলা দুইটায় উপাচার্যের কার্যালয়ে বিশ্ববিদ্যালয়ের চলমান নানা বিষয় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

উপাচার্য বলেন, ‘আমার বিরুদ্ধে ওঠা অভিযোগের বিচার বিভাগীয় তদন্তের যে দায়দায়িত্ব আমাকে আন্দোলনকারীরা দিয়েছে, সেটি অযৌক্তিক। আমি এটা চাইতেও পারি না, করতেও পারি না। এ রকম একটি দাবি তুলে আমার ওপর চাপ সৃষ্টি করার অর্থই হচ্ছে, একটা অযৌক্তিক দাবি নিয়ে আমাকে স্বেচ্ছায় পদত্যাগের জন্য আহ্বান করা। যেহেতু যুক্তি নেই, সেখানে পদত্যাগের ইচ্ছা আমি প্রকাশ করছি না।’

দুর্নীতির দায়ে উপাচার্যের বিচার প্রসঙ্গে ফারজানা ইসলাম বলেন, ‘বিচারিক প্রক্রিয়ায় তো আমি যেতে পারি না। আমি তাঁদের বিশেষজ্ঞের মতামত জানিয়েছি। ইউজিসি, শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গেও কথা বলেছি। আমার পক্ষে তো এটিই করা সম্ভব। আর মহামান্যর (রাষ্ট্রপতি) কাছে খবর যাবে শিক্ষা মন্ত্রণালয় থেকে।’

আন্দোলনকারীদের তোলা তদন্তের দাবির বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে (ইউজিসি) জানিয়েছেন কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে উপাচার্য বলেন, ‘আমি তাদের কাছে বিশ্ববিদ্যালয়ের চলমান সংকটের বিষয়ে কথা বলেছি। জাহাঙ্গীরনগরে যে সংকট চলছে, এটা কেন হচ্ছে, কী হচ্ছে, সেটা জানা একান্ত প্রয়োজন।’

শিক্ষা মন্ত্রণালয় তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত করছে কি না, তা জানতে চাইলে ফারজানা ইসলাম বলেন, তদন্তের বিষয়ে ইউজিসি থেকে কোনো চিঠি আসেনি। তবে তারা চিঠি না দিয়ে তদন্ত করলেও করতে পারে।

ছাত্রলীগের কয়েকজন নেতা ঈদ সালামি হিসেবে টাকা পাওয়ার কথা স্বীকার করেছেন—এ বিষয়ে উপাচার্য বলেন, ‘আমি পাঁচ হাজারের বেশি ঈদের সালামি জীবনেও পাইনি। আমি এত বড় দিলদরাজ হয়ে যাব যে এত টাকা দেব? এত যুগযুগান্তর চলে গেল, তারা কোনো সালামি পেল না, ১ হাজার ৪০০ কোটি টাকা এল আর তারা সালামি পেয়ে গেল!’ তিনি বলেন, ‘তারা (টাকা পাওয়ার কথা স্বীকার করা ছাত্রলীগের নেতারা) উদ্দেশ্য প্রণোদিতভাবে এমন কথা বলছে।’ তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন না কেন—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সময় এলে আমি কথা বলব। কোন উদ্দেশে, কারা এমন কথা বলছে, তা আমরা আঁচ করতে পেরেছি। কিন্তু আঁচ করে এখনই আগুনে ঘি ঢালতে চাই না।’

সাবেক উপাচার্য ও বর্তমান সহ–উপাচার্যের শাস্তি দাবি
‍বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য শরীফ এনামুল কবির ও বর্তমান সহ–উপাচার্য (প্রশাসন) অধ্যাপক আমির হোসেন আন্দোলনে ‘ইন্ধন’ দিচ্ছেন—এমন অভিযোগ এনে তাঁদের শাস্তির দাবিতে আজ মানববন্ধন ও কাল দিনব্যাপী জনসংযোগ কর্মসূচির ঘোষণা করেছে বঙ্গবন্ধু শিক্ষক পরিষদ। উপাচার্যপন্থী শিক্ষকদের এ সংগঠনের সভাপতি আবদুল মান্নান চৌধুরী ও সাধারণ সম্পাদক বশির আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষার্থীদের তিন দফা দাবিতে আন্দোলনের পরিপ্রেক্ষিতে প্রশাসন দুটি দাবি মেনে নিয়ে সংকট সমাধানের পথ সহজ করে। কিন্তু বিশ্ববিদ্যালয়ের স্বার্থান্বেষী শিক্ষকগোষ্ঠী নিজেদের ‘অ্যাজেন্ডা’ বাস্তবায়নে একটি ছাত্রসংগঠনের কয়েকজন নেতাকে ব্যবহার করে ষড়যন্ত্রমূলক ফোনালাপের সংলাপ তৈরি করে। শরীফ এনামুল কবির ও আমির হোসেন এ ঘটনায় গর্ত থেকে বেরিয়ে আসেন। তাঁরা নিজেরাই দুর্নীতিবাজদের শিরোমণি হিসেবে পরিচিত।