জাহাঙ্গীরনগরে ভর্তি পরীক্ষা ফরম বিতরণ শুরু কাল
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০১১-২০১২ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীর ভর্তি পরীক্ষার আবেদনপত্র ও স্টুডেন্ট ইনফরমেশন ফরম (এসআইএফ) বিতরণ কাল মঙ্গলবার থেকে শুরু হচ্ছে। চলবে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। সংশ্লিষ্ট অনুষদের ডিন অফিসে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত ফরম জমা দেওয়া যাবে। ভর্তি পরীক্ষা ৮ অক্টোবর থেকে ১৭ অক্টোবরের মধ্যে অনুষ্ঠিত হবে। এ ছাড়া এ বছর নতুন তিনটি বিভাগে শিক্ষার্থী ভর্তি করা হবে।এসআইএফ ফরম ২৩ আগস্ট থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত (ঈদের ছুটি ও ব্যাংক হলি ডে ব্যতীত) অগ্রণী ব্যাংকের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা, ফার্মগেট, শাহবাগ, জাতীয় জাদুঘর ও গাবতলী শাখা থেকে সংগ্রহ করা যাবে। একই সময়ে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে (www.juniv.edu) ভর্তির বিজ্ঞপ্তি এবং ভর্তি ফরম পাওয়া যাবে। এ বছর ক, খ, গ, ঘ, ঙ ইউনিটের ফরমের প্রতি সেটের মূল্য ৩৩০ টাকা। এ ছাড়া চ, ছ, জ ইউনিটের ফরমের প্রতি সেটের মূল্য ২৭৫ টাকা। মুক্তিযোদ্ধা সন্তান, প্রতিবন্ধী, ক্ষুদ্র নৃগোষ্ঠী, খেলোয়াড় ও সাংস্কৃতিক কোটায় ভর্তির জন্য শিক্ষার্থীদের একই সময়ে অগ্রণী ব্যাংক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখায় ২০০ টাকার বিনিময়ে ফরম সংগ্রহ করতে হবে। এসআইএফ ফরম ও ভর্তির আবেদনপত্র সংগ্রহ ও পূরণ করে সংশ্লি¬ষ্ট অনুষদের ডিন অফিসে ১৭ সেপ্টেম্বর (২৭আগস্ট থেকে ৪ সেপ্টেম্বর ঈদুল ফিতরের ছুটি ব্যতীত) সকাল আটটা থেকে বেলা দেড়টা পর্যন্ত জমা দেওয়া যাবে।এ বছর ‘গ’ ইউনিটের অধীনে কলা ও মানবিক অনুষদভুক্ত জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ, ‘ঘ’ ইউনিটভুক্ত জীববিজ্ঞান অনুষদের অধীনে পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিকস ও ‘জ’ ইউনিটভুক্ত আইন অনুষদের অধীনে আইন ও বিচার বিভাগে শিক্ষার্থী ভর্তি করা হবে।