জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর পরামর্শ: গণিত ও রসায়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জিপিএ-৫, এইচএসসি পরীক্ষা-২০০৯ প্রথম বর্ষ, কেমিকৌশল বিভাগ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, ঢাকাএইচএসসি পরীক্ষার্থী প্রিয় বন্ধুরা, শুভেচ্ছা নাও। তোমাদের পরীক্ষা শুরু হতে আর খুব বেশি দিন বাকি নেই। শেষ মুহূর্তে তোমাদের জন্য গণিত ও রসায়ন বিষয়ে কিছু পরামর্শ দেবো। গণিত: গণিতে প্রথম পত্রে বীজগণিত অংশে ৩০ নম্বর রয়েছে। বীজগণিত অংশে পূর্ণ নম্বর পেতে চাইলে অনেক বেশি অনুশীলন দরকার। বহুপদী, দ্বিপদী উপপাদ্য, ধারার যোগফল, বিন্যাস সমাবেশ—এ অধ্যায়গুলো বারবার অনুশীলনের মাধ্যমে আয়ত্তে আনতে হবে। কোনো সাজেশন অনুসরণ না করে মূল বইয়ের অঙ্কগুলো প্র্যাকটিস করা উচিত। কার্তেসীয় জ্যামিতি অংশে রয়েছে ২৭ নম্বর। কার্তেসীয় জ্যামিতি অংশটি তুলনামূলক সহজ। সরলরেখা, বৃত্ত ও কণিকের সমস্যাগুলো গুরুত্ব সহকারে বারবার অনুশীলন করতে হবে। অনেক শিক্ষার্থীই এ সমস্যাগুলো সমাধানের সময় ক্যালকুলেশনে ভুল করে। বারবার অনুশীলনের মাধ্যমে এ সমস্যা কাটিয়ে ওঠা সম্ভব। ত্রিকোণমিতির রয়েছে ১৮ নম্বর। ত্রিকোণমিতিতে শুধু সূত্র মনে রাখলেই চলবে না, অনুশীলনের মাধ্যমে সেগুলো প্রয়োগও করতে হবে। অনুশীলনের অভাবে অনেক শিক্ষার্থীই পরীক্ষার হলে ত্রিকোণমিতির সমস্যা মেলাতে পারে না। আত্মবিশ্বাসের সঙ্গে অনুশীলন চালিয়ে গেলে এ সমস্যা দ্রুত কাটিয়ে ওঠা সম্ভব। দ্বিতীয় পত্রে ক্যালকুলাস অংশে ৩০ নম্বর রয়েছে। এ অংশে ভালো করার জন্য বিগত বছরের বোর্ড পরীক্ষার প্রশ্ন অনুসরণ করা যেতে পারে। ফাংশন ও লিমিট, ব্যবকলন, পর্যায়ক্রমিক অন্তরীকরণ এবং যোগজীকরণের জন্য মূল বইয়ের উদাহরণ ও গাণিতিক সমস্যাগুলো প্র্যাকটিস করা উচিত। বারবার অনুশীলন করলে পরীক্ষার সময় ক্যালকুলাস অংশটি দ্রুত উত্তর করা যায় এবং পূর্ণ নম্বর পাওয়া যায়। বলবিদ্যা থেকে ৩০ নম্বর থাকে। এ অংশে ভালো করতে হলে থিওরিগুলো ভালোভাবে বুঝে পড়তে হবে। অনেক শিক্ষার্থীরই ধারণা যে, বলবিদ্যার জন্য শুধু থিওরি পড়লেই চলে, অঙ্ক করার দরকার নেই। এটি একটি ভুল ধারণা। কারণ, অনুশীলনীর অঙ্ক সমাধান না করলে কখনোই থিওরির জ্ঞান পাকাপোক্ত হয় না। তা ছাড়া বিগত বছরের বোর্ড পরীক্ষার প্রশ্ন দেখলেই বুঝতে পারবে, এমন অনেক প্রশ্ন আসে, যেগুলোয় অঙ্কের অথবায় অঙ্কই আসে। সুতরাং মূল বইয়ের উদাহরণ ও অনুশীলনীর অঙ্কগুলো করতে হবে। তবে এ মুহূর্তে বোর্ড পরীক্ষার জন্য বিগত বছরে বোর্ড পরীক্ষায় আসা অঙ্কগুলো। প্র্যাকটিস করতে পারো। বিচ্ছিন্ন গণিত অংশে ভালো করতে হলে যোগাশ্রয়ী প্রোগ্রামিং, দ্বিমিক ও দশমিকের পারস্পরিক রূপান্তর, দ্বিমিকের যোগ, বিয়োগ, সম্ভাব্যতা গুরুত্ব সহকারে অনুশীলন করতে হবে। গণিতের জন্য বাজারের কোনো সাজেশন অনুসরণ করে লাভ নেই, কারণ বোর্ড পরীক্ষার প্রশ্নগুলো মূল বই অনুসরণে করা হয়। সুতরাং মূল বই অনুশীলন করলেই গণিতে কাঙ্ক্ষিত নম্বর পাওয়া সম্ভব। রসায়ন: রসায়নের প্রথম ও দ্বিতীয় উভয়পত্রেই সংক্ষিপ্ত প্রশ্নের সংখ্যা বেশি। এ সংক্ষিপ্ত প্রশ্নগুলো ঠিকভাবে উত্তর করতে পারলেই কাঙ্ক্ষিত নম্বর পাওয়া যায়। এ জন্য প্রতি অধ্যায় মূল বইয়ের অনুশীলনীর সংক্ষিপ্ত প্রশ্নগুলো প্র্যাকটিস করতে হবে। পরীক্ষার সময় এ প্রশ্নগুলো ভালোভাবে পড়ে এবং বুঝে উত্তর করতে হবে। যথাযথ লিখলে এ সংক্ষিপ্ত প্রশ্নগুলোতে পূর্ণ নম্বর পাওয়া যায়। প্রথম পত্রে বড় প্রশ্নগুলোতে একটি করে গাণিতিক সমস্যা থাকে। এগুলোর জন্য হাজারী স্যার এবং কবীর স্যারের বই থেকে উদাহরণ ও অনুশীলনীর সমস্যাগুলো সমাধানই যথেষ্ট। রাসায়নিক গণনা ও জারণ-বিজারণের গাণিতিক সমস্যাগুলো খুবই গুরুত্বের সঙ্গে সমাধান করতে হবে। অনুশীলনের মাধ্যমে জারণ-বিজারণের অর্ধসমীকরণ সমতাকরণে দক্ষ হয়ে উঠতে হবে। প্রথম পত্রে এ ছাড়াও অল্প কয়েকটি সংজ্ঞা এবং আকরিকের নাম ও সংকেত আসে। এগুলোর জন্য মূল বই গুরুত্বের সঙ্গে পড়তে হবে। রসায়ন দ্বিতীয় পত্র পরীক্ষার আগে মাত্র একদিন বিরতি আছে। একদিন বিরতিতে অনেক শিক্ষার্থীই সম্পূর্ণ বই রিভিশন করতে সমর্থ হবে না। তাই পরীক্ষা শুরুর আগেই রসায়ন দ্বিতীয় পত্রের প্রস্তুতি সম্পন্ন করে রাখা উচিত। প্রথম অধ্যায় থেকে প্রতিবছরই একটি শিল্পোৎপাদন লিখতে হয়। মূল বই থেকে বিগত বছর বোর্ড পরীক্ষায় আসা সব শিল্পোৎপাদন লিখে রাখা উচিত। এ ছাড়া প্রথম ও দ্বিতীয় অধ্যায় থেকে প্রচুর সংক্ষিপ্ত প্রশ্নও আসে। তৃতীয় অধ্যায় থেকে প্রতিবছরই একটি ধাতুর নিষ্কাশন আসে। এ জন্য মূল বই থেকে বিগত বছরে বোর্ড পরীক্ষায় আসা সবগুলো ধাতু নিষ্কাশন লিখে রাখা উচিত। তৃতীয় অধ্যায় থেকে আকরিক ও সংকর ধাতুর সংকেত, বিভিন্ন আয়নের শনাক্তকারী নিশ্চিত পরীক্ষা, কারণ দর্শানোমূলক সংক্ষিপ্ত প্রশ্ন গুরুত্বের সঙ্গে পড়তে হবে। রসায়ন দ্বিতীয় পত্রের চতুর্থ থেকে দ্বাদশ অধ্যায় হচ্ছে জৈব রসায়ন। জৈব রসায়নে শিক্ষার্থীদের একটি সাধারণ সমস্যা হচ্ছে বিক্রিয়াগুলো মনে থাকে না। এ জন্য শিক্ষার্থীদের প্রতি আমার পরামর্শ হচ্ছে, তোমরা বিক্রিয়াগুলো খাতায় লিখে লিখে অনুশীলন করো। জৈব বিক্রিয়াগুলো না বুঝে মুখস্থ করে লাভ নেই। বিক্রিয়ায় কার কার মধ্যে বন্ধন তৈরি হচ্ছে এবং কার কার বন্ধন ভেঙে যাচ্ছে, সেটা লক্ষ করো। এটা বুঝতে পারলে তোমরা নিজেরাই উপলব্ধি করতে পারবে বিক্রিয়ায় কোন কোন পদার্থ উৎপন্ন হবে। জৈব বিক্রিয়াগুলো পড়ার সময় একটি বিক্রিয়া থেকে অন্য আরেকটি বিক্রিয়ার পার্থক্য তৈরি করে নেওয়া উচিত। যেমন, ইথাইল আয়োডাইডকে অ্যালকোহলীয় KOH দ্রবণসহ উত্তপ্ত করলে অ্যালকিন উৎপন্ন হয়। কিন্তু যদি তুমি অ্যালকোহলীয় KOH-এর পরিবর্তে জলীয় KOH নাও, তাহলে বিক্রিয়ায় অ্যালকিন উৎপন্ন না হয়ে বরং অ্যালকোহল উৎপন্ন হবে। খাতায় বিক্রিয়া লেখার সময় বিক্রিয়াটির প্রয়োজনীয় শর্তগুলো অবশ্যই লিখতে হবে। যেমন, BaSO4 যুক্ত Pd প্রভাবকের উপস্থিতিতে ইথাইন গ্যাসের সঙ্গে হাইড্রোজেন যুক্ত হয়ে ইথিন উৎপন্ন করে। কিন্তু এ বিক্রিয়ায় BaSO4 যুক্ত Pd প্রভাবক উল্লেখ করলে বিক্রিয়ার উৎপাদ হবে ইথেন, বিক্রিয়া লেখার সময় প্রয়োজনীয় তাপমাত্রা উল্লেখ করতে হবে। নামীয় বিক্রিয়াগুলো অত্যন্ত গুরুত্বের সঙ্গে লিখতে হবে। সমীকরণ পূর্ণ করার সময় প্রধান উৎপাদের সংকেতের নিচে উৎপাদের নাম লিখে দেওয়া উচিত। বিভিন্ন যৌগের মধ্যে পার্থক্য নির্ধারণকারী বিক্রিয়াগুলো সমীকরণসহ প্র্যাকটিস করবে। দ্বিতীয় পত্রের শেষ অধ্যায় থেকে জৈব যৌগে বিভিন্ন যৌগের শনাক্তকরণ বিক্রিয়াসহ লিখবে। জৈব বিক্রিয়াগুলো বুঝে পড়লে রসায়ন খুবই মজার বিষয়। খাতায় শুদ্ধভাবে লিখলে রসায়নে অনেক নম্বর পাওয়া যায়। আরো গুরুত্বপূর্ণ কিছু বিষয়: বিজ্ঞান বিভাগের বিষয়গুলোয় বড় প্রশ্নের প্রতিটিতে একাধিক অংশ (যেমন ১(ক), ১(খ), ১(গ), ১(ঘ) থাকে। এ ধরনের একটি বড় প্রশ্নের বিভিন্ন অংশের উত্তর একত্রে দিতে হবে। তাহলে তুমি যে অংশ একত্রে লেখনি, নম্বর গণনার সময় সে অংশটি বাদ পড়ে যেতে পারে এবং এতে করে তুমি তোমার প্রাপ্য নম্বর থেকে বঞ্চিত হতে পার। পরীক্ষার ব্যাপারে আমি আমার অভিজ্ঞতা থেকে বলব, এইচএসসি পরীক্ষা খুব বেশি কঠিন কোনো পরীক্ষা নয়। মূল বই অনুসরণ করলেই পরীক্ষায় শতভাগ প্রশ্ন কমন পাওয়া যায়। শুধু প্রয়োজন আত্মবিশ্বাসের সঙ্গে পরীক্ষা দেওয়া। কোনো একটি পরীক্ষা একটু খারাপ হলেই হতাশ হবে না। আত্মবিশ্বাসের সঙ্গে ১২টি পরীক্ষা শেষ করতে হবে। সব সময় মনে রাখবে, এইচএসসি পরীক্ষায় এমন কোনো প্রশ্ন দেওয়া হয় না, যা তুমি সমাধান করতে পারবে না। তোমরা আত্মবিশ্বাসের সঙ্গে সব পরীক্ষা দেবে।