জিপিএ-৫-এ শীর্ষে, শত ভাগ পাসে পিছিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবারের এইচএসসি পরীক্ষার ফলাফলে বগুড়ায় জিপিএ-৫ অর্জনের দিক থেকে শীর্ষে রয়েছে সরকারি আজিজুল হক কলেজ। আর দ্বিতীয় অবস্থানে রয়েছে বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। তবে শতভাগ পাসের তালিকা থেকে ছিটকে পড়েছে জেলার নামকরা এই দুটি শিক্ষাপ্রতিষ্ঠান।
অন্যদিকে শতভাগ পাসের তালিকায় স্থান করে নিয়েছে বগুড়ার বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজ, আর্মড পুলিশ ব্যাটালিয়ন স্কুল অ্যান্ড কলেজ, পল্লী উন্নয়ন একাডেমি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ।
বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ সামস-উল আলম বলেন, এবারের এইচএসসি পরীক্ষায় এই কলেজ থেকে ১ হাজার ৬২৮ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ৭১১ জন জিপিএ-৫ পেয়েছে। তবে প্রতিষ্ঠানটি শতভাগ পাসের গৌরব অর্জন করতে পারেনি।
অন্য কলেজগুলো সূত্রে জানা গেছে, বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার ৭১৬ জন পরীক্ষায় অংশ নিয়ে ৩৭১ জন জিপিএ-৫ পেয়েছেন। তবে একজন শিক্ষার্থী অকৃতকার্য হওয়ায় শতভাগ পাসের তালিকায় স্থান পায়নি প্রতিষ্ঠানটি।
বগুড়ার বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে ২৫৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে সবাই উত্তীর্ণ হয়েছেন। জিপিএ-৫ পেয়েছেন ১২৩ জন।
আর্মড পুলিশ ব্যাটালিয়ন স্কুল অ্যান্ড কলেজ থেকে ৩০১ জন পরীক্ষা দিয়ে সবাই পাস করেছেন। জিপিএ-৫ পেয়েছেন ১১৭ জন। বগুড়া পল্লী উন্নয়ন একাডেমি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ থেকে ১৬৭ জন পরীক্ষায় অংশ নিয়ে সবাই কৃতকার্য হয়েছেন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৩১ জন।
বগুড়ার সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজ থেকে ১ হাজার ৪ জন ছাত্রী পরীক্ষায় অংশ নেন। জিপিএ-৫ পেয়েছেন ২৭ জন।
বগুড়ার পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজ থেকে ২৩৯ জন শিক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৩২ জন।