জিপিএ-৫ ও পাসের হার দুটোই কমেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিয়মিত পড়াশোনা, পরিশ্রম ও অধ্যবসায়ের পর সাফল্য এসেছে। চট্টগ্রাম বোর্ডে এ বছর এসএসসি পরীক্ষায় প্রথম স্থান অর্জন করা কলেজিয়েট স্কুলের জিপিএ–৫ পাওয়া শিক্ষার্থীদের উচ্ছ্বাসও তাই বাঁধভাঙা l ছবি: প্রথম আলো
নিয়মিত পড়াশোনা, পরিশ্রম ও অধ্যবসায়ের পর সাফল্য এসেছে। চট্টগ্রাম বোর্ডে এ বছর এসএসসি পরীক্ষায় প্রথম স্থান অর্জন করা কলেজিয়েট স্কুলের জিপিএ–৫ পাওয়া শিক্ষার্থীদের উচ্ছ্বাসও তাই বাঁধভাঙা l ছবি: প্রথম আলো

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এ বছর এসএসসি পরীক্ষায় পাসের হার ও জিপিএ-৫ দুটোই গতবারের চেয়ে কমেছে। এবার পাসের হার ৮২ দশমিক ৭৭ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৭ হাজার ১১৬ জন শিক্ষার্থী। গত বছর বোর্ডে পাসের হার ছিল ৯১ দশমিক ৪ শতাংশ। জিপিএ-৫ পায় ১০ হাজার ৮৮৪ জন শিক্ষার্থী।
গত বছর চট্টগ্রাম বোর্ডে শতভাগ পাস করেছে এমন বিদ্যালয়ের সংখ্যা ছিল ৯১টি। এবার এ রকম শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা কমে হয়েছে ৪০টি।
এ বছর পাসের হার ও জিপিএ-৫ কমার পেছনে চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ মাহবুব হাসান জানান, মূলত তিনটি কারণে এসএসসিতে পাসের হার ও জিপিএ-৫ কমেছে। এ বছরই প্রথমবারের মতো গণিত বিষয়ে সৃজনশীল পদ্ধতিতে পরীক্ষা হয়েছে। এতে বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থীদের সমস্যা না হলেও মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের পরীক্ষার্থীদের সমস্যা হয়েছে।
মোহাম্মদ মাহবুব হাসান বলেন, পরীক্ষার্থীরা এবার চতুর্থ বিষয়সহ ১ হাজার ২০০ নম্বরের পরীক্ষা দিয়েছে। গত বছর মোট নম্বর ছিল ১ হাজার ১০০। এ ছাড়া এবার রাজনৈতিক অস্থিরতার কারণে নির্ধারিত সময়ে পরীক্ষা হতে পারেনি। এতে পরীক্ষার্থীদের প্রস্তুতি বাধাগ্রস্ত হয়েছে। উদ্বেগ-উৎকণ্ঠা ও ভয় নিয়ে পরীক্ষা দিয়েছে। এসব কারণেও পাসের হার ও জিপিএ-৫ কমেছে।
এবার বোর্ডের সেরা ২০টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১৭টিই চট্টগ্রাম নগরের। প্রথম হয়েছে নগরের কলেজিয়েট স্কুল। নগরের বাইরে তিনটি বিদ্যালয়ের মধ্যে দুটি চট্টগ্রাম জেলার ও একটি কক্সবাজার জেলার।
চট্টগ্রাম বোর্ডে এবার ৯৭৯টি বিদ্যালয় থেকে মোট পরীক্ষার্থী ছিল ৮৮ হাজার ৬৩৩ জন। এর মধ্যে ৮৮ হাজার ৪৬৮ পরীক্ষার্থী অংশ নিলেও পাস করেছে ৭৩ হাজার ২২১ জন শিক্ষার্থী। তাদের মধ্যে ছেলে ৩৫ হাজার ৪৫৫ জন ও মেয়ে ৩৭ হাজার ৭৬৬ জন। ছেলেদের পাসের হার ৮৪ দশমিক ৬০ শতাংশ। মেয়েদের পাসের হার ৮১ দশমিক ১১ শতাংশ। গত বছর পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৯২ হাজার ১২৩ জন।
জেলাভিত্তিক পাসের হার: চট্টগ্রাম মহানগরে পাসের হার ৮৯ দশমিক ৮১ শতাংশ। গত বছর এ হার ছিল ৯৫ দশমিক ৬০ শতাংশ। চট্টগ্রাম জেলায় পাসের হার ৮২ দশমিক ৫৭ শতাংশ। গতবার ছিল ৯১ দশমিক ৭০ শতাংশ। কক্সবাজার জেলায় গত বছর পাসের হার ৯১ দশমিক ৩১ শতাংশ হলেও এবার কমে দাঁড়িয়েছে ৮৪ দশমিক ৫৭ শতাংশে।
রাঙামাটি জেলায় গতবার পাসের হার ছিল ৮০ দশমিক ১৫ শতাংশ। এবার এ জেলায় পাস করেছে ৭০ দশমিক ৯৯ শতাংশ শিক্ষার্থী। খাগড়াছড়ি জেলায় এবার ৬৮ দশমিক ৭২ শতাংশ শিক্ষার্থী পাস করলেও গতবার এ হার ছিল ৮৩ দশমিক ১৫ শতাংশ। বান্দরবান জেলায় এবারের পাসের হার ৬৩ দশমিক ৩৯ শতাংশ। গতবার ছিল ৮৬ দশমিক ২৮ শতাংশ।
বিভাগভিত্তিক পাসের হার: তিন বিভাগের মধ্যে শুধু বিজ্ঞান বিভাগে পাসের হার বেড়েছে। এবারের পরীক্ষায় বিজ্ঞান বিভাগে পাসের হার ৯৫ দশমিক ৬৭ শতাংশ। গতবার ছিল ৯৩ দশমিক ৮৭ শতাংশ। মানবিক বিভাগে পাসের হার ৬৯ দশমিক ৮৩ শতাংশ এবং ব্যবসায় শিক্ষা বিভাগে পাসের হার ৮২ দশমিক ৯৫ শতাংশ। গতবার মানবিক বিভাগ ও ব্যবসায় শিক্ষা বিভাগে পাসের হার ছিল যথাক্রমে ৮৫ দশমিক ৯৯ শতাংশ ও ৯২ দশমিক ৯৪ শতাংশ।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ মাহবুব হাসান মনে করছেন, গণিত ও উচ্চতর গণিত সৃজনশীল পদ্ধতিতে পড়ানোর জন্য যে ধরনের শিক্ষক দরকার, গ্রামের বিদ্যালয়গুলোতে সে ধরনের শিক্ষকের অভাব রয়েছে। এই সমস্যা দূর করার জন্য শিক্ষকদের বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
কমেছে জিপিএ-৫: গত বছর চট্টগ্রাম বোর্ডে জিপিএ-৫ পেয়েছিল ১০ হাজার ৮৮৪ জন পরীক্ষার্থী। এবার জিপিএ-৫ পেয়েছে ৭ হাজার ১১৬ জন। বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ৩৪২ জন। গতবার পেয়েছিল ৭ হাজার ৩৯১ জন। মানবিক বিভাগ থেকে এবার মাত্র ১৭ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেলেও গতবার পেয়েছিল ১১৬ জন। ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে ৭৫৭ জন। গতবার পেয়েছিল ৩ হাজার ৩৭৭ জন।
সেরা ২০ শিক্ষাপ্রতিষ্ঠান: চট্টগ্রাম শিক্ষা বোর্ডে সেরা ২০ শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে প্রথম হয়েছে কলেজিয়েট স্কুল। গতবারও এই বিদ্যালয় প্রথম হয়েছিল। বিদ্যালয়ের ৪০৩ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩৭৭ জন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ গিয়াস উদ্দিন প্রথম আলোকে বলেন, শিক্ষক, অভিভাবক ও ছাত্রদের প্রচেষ্টার কারণে এই ফল অর্জন সম্ভব হয়েছে।
দ্বিতীয় স্থানে থাকা ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের ৩৩৪ ছাত্রীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২৮৫ জন।
তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে ফৌজদারহাট ক্যাডেট কলেজ ও বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চবিদ্যালয়। পঞ্চম ও ষষ্ঠ স্থানে রয়েছে ইস্পাহানী পাবলিক স্কুল ও কলেজ ও সরকারি মুসলিম উচ্চবিদ্যালয়। সপ্তম ও অষ্টম হয়েছে ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল ও কলেজ এবং চট্টগ্রাম সরকারি উচ্চবিদ্যালয়। নবম ও দশম স্থানে রয়েছে সিলভার বেলস বালিকা উচ্চবিদ্যালয় ও চট্টগ্রাম সরকারি বালিকা উচ্চবিদ্যালয়।
এরপর যথাক্রমে রয়েছে নাসিরাবাদ সরকারি উচ্চবিদ্যালয়, চট্টগ্রাম পাবলিক স্কুল ও কলেজ, নৌবাহিনী উচ্চবিদ্যালয় ও কলেজ, সাউথপয়েন্ট স্কুল ও কলেজ, অপর্ণাচরণ সিটি করপোরেশন বালিকা উচ্চবিদ্যালয়, কক্সবাজার সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, আনোয়ার উপজেলার কাফকো স্কুল ও কলেজ, সেন্ট স্কলাসটিকা বালিকা উচ্চবিদ্যালয়, বাকলিয়া সরকারি উচ্চবিদ্যালয় এবং সেন্ট প্ল্যাসিডস উচ্চবিদ্যালয়।