জিপিএ-৫ ও বোর্ড সেরায় পিছিয়ে ময়মনসিংহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উচ্চমাধ্যমিক পরীক্ষায় (এইচএসসি) ময়মনসিংহ জেলায় জিপিএ-৫ কমেছে। ক্যাডেট কলেজ ছাড়া ঢাকা বোর্ডের সেরা ২০টির একটিতেও ময়মনসিংহের কোনো শিক্ষাপ্রতিষ্ঠান নেই।
ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, ২০১৪ সালে ময়মনসিংহ থেকে ২৮ হাজার ৩৭ জন শিক্ষার্থী অংশ নেয়। উত্তীর্ণ হয়েছেন ২২ হাজার ৩৯০ জন। পাসের হার ৭৯ দশমিক ৮৬ শতাংশ। আর জিপিএ-৫ পাওয়ার সংখ্যা এক হাজার ৮০৯ জন। পাস করা এই শিক্ষার্থীদের মধ্যে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর হার ৮ দশমিক ০৮ শতাংশ।
২০১৩ সালের এইচএসসি পরীক্ষার ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, গত বছর ময়মনসিংহে মোট ২৪ হাজার ১৭৩ জন শিক্ষার্থীর মধ্যে পাস করেন ১৬ হাজার ১৮৬ জন। পাসের হার ছিল ৬৬ দশমিক ৯৬ ভাগ। আর জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ছিলেন এক হাজার ৩৬৯ জন। মোট পাস করা শিক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পাওয়ার হার ছিল ৮ দশমিক ৪৬ শতাংশ।
২০১৩ সালের তুলনায় ২০১৪ সালে জিপিএ-৫ পাওয়ার হার কমেছে শূন্য দশমিক ৩৮ শতাংশ। অপরদিকে পাসের হার বেড়েছে ১২ দশমিক ৯০ শতাংশ।
এদিকে শিক্ষার শহর হিসেবে খ্যাত ময়মনসিংহের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ঢাকা বোর্ডের সেরা ২০-এর অবস্থানের দিক থেকেও পিছিয়ে পড়ছে। ২০১৩ সালে ঢাকা বোর্ডের সেরা ২০-এর মধ্যে পঞ্চম স্থানে ছিল ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ এবং ১৯তম স্থান পায় শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ। এবার সে তালিকায় ময়মনসিংহের একমাত্র শিক্ষাপ্রতিষ্ঠান ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ আছে ১৭তম স্থানে।
কয়েকজন অভিভাবক অসন্তোষ প্রকাশ করে বলেন, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষার গুণগতমান খারাপ হয়েছে। শিক্ষার্থীরা বেশির ভাগই কোচিংনির্ভর। আর কোচিং সেন্টারগুলোর ব্যবসায়িক ভাবনা বেশি থাকায় লেখাপড়ায় অগ্রগতি হয়নি।
ময়মনসিংহের সরকারি আনন্দ মোহন কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক আফজালুর রহমান বলেন, রাজনৈতিক বিবেচনায় অযোগ্য শিক্ষক নিয়োগ, কোচিংনির্ভরতা ও প্রশ্নপত্র ফাঁসের ওপর শিক্ষার্থীদের নির্ভরতার কারণে শিক্ষানগর হিসেবে খ্যাত ময়মনসিংহ তার ঐতিহ্য হারাচ্ছে।