জিয়াউর রহমান মেডিকেল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ

আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের জেরে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ আজ বুধবার অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। আবাসিক শিক্ষার্থীদের আজ বিকেল চারটার মধ্যে কলেজের হোস্টেল ত্যাগ করতে বলা হয়েছে। সংঘর্ষে সাত শিক্ষার্থী আহত হয়েছেন।
কলেজ সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার রাতে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে সাতজন আহত হওয়ায় কলেজে উত্তেজনা বিরাজ করছিল। এ নিয়ে আজ সকালে কলেজের অ্যাকাডেমিক কাউন্সিল জরুরি সভা ডাকে। সভায় অনির্দিষ্টকালের জন্য কলেজ বন্ধ ঘোষণা ও শিক্ষার্থীদের হোস্টেল ত্যাগের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।
ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হওয়ার তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন কলেজের উপাধ্যক্ষ রেজাউল আলম।
হোস্টেল সুপার ও শিশু বিভাগের অধ্যাপক রফিকুল ইসলাম বলেন, ঈদের পর ছেলেদের হোস্টেল খুললেও ডাইনিং চালু হয়নি। ডাইনিংয়ে ব্যবস্থাপক নিয়োগ নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ দেখা দেয়। এ নিয়ে গত সোমবার হাতাহাতি হয়। এর জেরে গতকাল রাতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে সাত শিক্ষার্থী আহত হন।
আহত শিক্ষার্থীরা হলেন শিপন কুমার, সাইদুর রহমান, বিজয় বড়ুয়া, আশিকুজ্জামান, তানভীর আলম, রাজেশ দেব ও বুদ্ধদেব দাশ। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কলেজের অধ্যক্ষ এ কে এম আহসান হাবিব বলেন, উত্তেজনা বিরাজ করায় কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা ও শিক্ষার্থীদের হোস্টেল ত্যাগের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে অ্যাকাডেমিক কাউন্সিল। পরীক্ষার বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।