জীব বিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-১৩
প্রিয় পরীক্ষার্থী, আজ জীববিজ্ঞান বিষয়ের ১৩ নম্বর অধ্যায় থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব।

ছুটিতে অর্পা নৌকায় করে নানাবাড়ি যাচ্ছিল। নৌকাটি খালের মধ্য দিয়ে যাওয়ার সময় সে পানিতে শাপলা, কচুরিপানা ইত্যাদি জলজ উদ্ভিদ লক্ষ করল। সে পানির মধ্যে বিভিন্ন মাছ ও অন্যান্য জলজ পতঙ্গের উপস্থিতিও প্রত্যক্ষ করল। আরও কিছুদূর যাওয়ার পর সে দেখল, খালের পাশেই একটি শিল্পকারখানা নির্মাণ করা হচ্ছে, যার বর্জ্য নিষ্কাশনের ড্রেন সরাসরি খালের সঙ্গে যুক্ত রয়েছে।
প্রশ্ন:
ক. ট্রফিক লেভেল কাকে বলে?
খ. প্রজাতিগত বৈচিত্র্য বলতে কী বোঝায়?
গ. অর্পার পর্যবেক্ষণকৃত বাস্তুসংস্থানটির বর্ণনা দাও।
ঘ. উল্লিখিত শিল্পকারখানাটি বাস্তুসংস্থানটির ওপর কোনো প্রভাব ফেলবে কি? মতামত দাও।
উত্তর-ক.
খাদ্য শিকলের প্রতিটি স্তরকে ট্রফিক লেভেল বলে।
উত্তর-খ.
প্রজাতিগত বৈচিত্র্য বলতে সাধারণত পৃথিবীতে বিরাজমান জীবগুলোর মোট প্রজাতির সংখ্যাকেই বোঝায়। কারণ, পৃথকযোগ্য বৈশিষ্ট্যেই এক প্রজাতি থেকে অন্য প্রজাতি ভিন্নতর। যেমন: বাঘের সঙ্গে হরিণের আকার, স্বভাব, হিংস্রতা, সংখ্যা বৃদ্ধির ধরন ভিন্ন হয়ে থাকে। এক প্রজাতির সঙ্গে অন্য প্রজাতির বিভিন্ন বিষয়ে ভিন্নতাই প্রজাতিগত বৈচিত্র্য।
উত্তর-গ.
অর্পার পর্যবেক্ষণকৃত বাস্তুসংস্থানটি একটি জলজ বাস্তুসংস্থান। কোনো নির্দিষ্ট স্থানে বসবাসকারী জীব সম্প্রদায় এবং জড় উপাদানগুলোর মধ্যে পারস্পরিক আন্তঃক্রিয়ার ফলে ওই স্থানে যে অনুকূল বসবাসরীতি গড়ে ওঠে, সেই প্রপঞ্চকে বাস্তুসংস্থান বলে। বাস্তুসংস্থানের জড় উপাদানের মধ্যে আছে পানি, মাটি, বায়ু, সূর্যালোক, ভূ-প্রকৃতি ইত্যাদি। ক্ষুদ্র ক্ষুদ্র আণুবীক্ষণিক ফাইটোপ্লাঙ্কটন, শাপলা, কচুরিপানা ইত্যাদি উত্পাদক হিসেবে কাজ করে থাকে। উত্পাদকদের খেয়ে বেঁচে থাকা প্রথম স্তরের খাদকদের মধ্যে আছে জুয়োপ্লাঙ্কটন ও অন্যান্য জলজ পতঙ্গ। প্রথম স্তরের খাদককে গ্রহণ করে দ্বিতীয় স্তরের খাদক। যেমন: ছোট মাছ। ছোট মাছকে খাদ্য হিসেবে গ্রহণ করে বড় মাছ। কাজেই বড় মাছ তৃতীয় স্তরের খাদক। এভাবেই উল্লিখিত জলজ বাস্তুসংস্থানে উত্পাদক থেকে শুরু করে ক্রমান্বয়ে বিভিন্ন খাদকের মধ্যে শক্তিপ্রবাহ ঘটছে। এসব জীব উপাদানের মৃত্যুর পর এদের মৃতদেহ বিভিন্ন ছত্রাক, ব্যাকটেরিয়া, অ্যাকটিনোমাইসেটিস পরিচয়ে মাটিতে বিশ্লিষ্ট হয়ে অজৈব উপাদানগুলো পরিবেশে যুক্ত হয়।
উত্তর-ঘ.
ক্রমবর্ধমান জনসংখ্যার চাহিদা ও আয়েশি জীবনযাপনের জন্য মানুষ শিল্পকারখানা নির্মাণ করছে। অনেক ক্ষেত্রে শিল্পকারখানার বিষাক্ত রাসায়নিক ও বর্জ্য শোধন ছাড়াই সরাসরি প্রাকৃতিক পরিবেশে (যেমন: পানি, মাটি ও উন্মুক্ত এলাকা) যুক্ত হয়। ফলে দূষিত হয় পরিবেশ, নষ্ট হয় পরিবেশের ভারসাম্য। উল্লিখিত জলজ বাস্তুসংস্থানটিতে কারখানার বিষাক্ত বর্জ্য ফেলা হলে পানি বিষাক্ত ও দূষিত হয়ে পড়বে। ফলে জলজ উদ্ভিদ মারা যাবে, যা ওই বাস্তুসংস্থানে উত্পাদক হিসেবে কাজ করে। উত্পাদকের সংখ্যা কমে গেলে খালের বিভিন্ন ধরনের খাদক ও ছোট-বড় মাছের পরিমাণও আস্তে আস্তে নিঃশেষ হয়ে যাবে। অর্থাত্ উত্পাদকের বৃদ্ধি ও উত্পাদন ব্যাহত হলে এর প্রভাব পরবর্তী স্তরের খাদকের ওপর পড়বে। সুতরাং উদ্দীপকে উল্লিখিত শিল্পকারখানাটি ওই বাস্তুসংস্থানের ওপর মারাত্মক প্রভাব ফেলবে, যা প্রাকৃতিক ভারসাম্যকে ধ্বংস করবে।
প্রভাষক
রূপনগর মডেল স্কুল ও কলেজ, ঢাকা