
ফুটবল মাঠের অ্যাটাকার, মিডফিল্ডার, ডিফেন্ডার এবং গোলকিপার ঠিক রেখে যদি বাস্তব জীবনের কিছু চরিত্র নিয়ে একটি ফুটবল দল গঠন করা হয়, তাহলে কেমন হবে? ভেবেছেন মাহবুব আলম, এঁকেছেন শিখা
ডিফেন্স–১
এলাকার ‘বড় ভাই’ সুজন
শতাব্দীর এক অনবদ্য ডিফেন্ডার তিনি। লেফটব্যাক হিসেবেই পরিচিত। ভাই-বন্ধু, আত্মীয়-স্বজন, পরিচিত-অপরিচিত, কাছে-দূরের সবার ডিফেন্স হিসেবে কাজ করতে দেখা যায় তাঁকে।
ডিফেন্স–২
ছিঁচকে চোর কাল্লু
নিজের দোষ থাকুক আর না থাকুক, সব অভিযোগ দুর্দান্তভাবে ডিফেন্ড করার ক্ষমতা আছে তাঁর। গত সিজনে মোট ৭৬টি অভিযোগের মধ্যে ৫৮টিই সফলভাবে ডিফেন্ড করেছেন তিনি।
ডিফেন্স–৩
বাবা আলতাফ হোসেন
সেন্ট্রাল ডিফেন্ডারের উজ্জ্বল উদাহরণ। ম্যাচের অবস্থা যত খারাপই হোক না কেন, সর্বদা সবকিছু উজাড় করে ডিফেন্ড করতে প্রস্তুত থাকেন তিনি।
ডিফেন্স–৪
প্রকৃত বন্ধু রবিন
তাঁর পজিশন হচ্ছে রাইটব্যাক। মাঝেমধ্যে আক্রমণে অংশ নিলেও বিপক্ষ দলের আক্রমণ ঠেকানোতেও দারুণ কার্যকর। দুর্দান্ত সব ট্যাকল দিতে জানেন।
মিডফিল্ডার–১
রাজনৈতিক কর্মী মতলব চৌধুরী
সর্বদা মাঝমাঠেই থাকেন এই প্লেয়ার। আক্রমণভাগের প্লেয়ারদের সঙ্গে গোপনে গভীর সম্পর্ক বজায় রাখেন। মাঝেমধ্যে তাঁদের অ্যাসিস্টও করেন।
মিডফিল্ডার–২
ট্রাফিক পুলিশ ইকবাল হোসেন
মাঝমাঠ নিয়ন্ত্রণের আরেক কারিগর এই প্লেয়ার। সবকিছু কন্ট্রোলে রাখার জন্য সারাক্ষণ বিভিন্ন সিগন্যাল ব্যবহার করেন। ভীষণ পরিশ্রমী।
মিডফিল্ডার–৩
কৃষক মনু মিয়া
মিডফিল্ডের সবচেয়ে কঠোর পরিশ্রমী প্লেয়ার। তাঁর পরিশ্রমের কারণেই অনেক সাফল্য আসে, তবুও অনেকেই তাঁকে তঁার প্রাপ্য ক্রেডিটটুকু দেয় না।
গোলকিপার
দারোয়ান আক্কাস মিয়া
গেট দিয়ে কেউ যাতে ভেতরে প্রবেশ করতে না পারে, সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হয় এই প্লেয়ারকে। গত সিজনে ১২ জন চোরের মধ্যে সফলভাবে ১১ জনকেই আটকাতে সক্ষম হয়েছেন তিনি।
ফরওয়ার্ড–১
পাবলিক বাসের যাত্রী ফজল আলী
সব সময় আক্রমণাত্মক মুডে থাকেন তিনি। সুযোগ পেলেই আক্রমণ করে বসেন বাসের কন্ডাক্টরকে। একা একা খুব কমই আক্রমণে যান; অন্যদের দেখামাত্রই আক্রমণে ঝাঁপিয়ে পড়েন।
ফরওয়ার্ড–২
চাঁদাবাজ ডাবলু
গতি আছে, আর আছে ক্ষিপ্রতা। দুর্দান্ত সব ডায়লগ আর হুমকির মাধ্যমে সবাইকে বোকা বানিয়ে গত সিজনে ১২৫টির মধ্যে ১০২টি অ্যাটাকেই সফল।
ফরওয়ার্ড–৩
চাটুকার সামছু
প্রতি সিজনে দল (রাজনৈতিক) পরিবর্তন করলেও তাঁর স্কিল নিয়ে প্রশ্ন নেই। ভীষণ ধূর্ত এই প্লেয়ার সবার নজরে ধুলো দিয়ে এগিয়ে যান। এ ছাড়া আচমকা আক্রমণে তঁার জুড়ি মেলা ভার। বিশেষ করে ফেসবুকে যে কারও পোস্টে আক্রমণাত্মক কমেন্টে সিদ্ধহস্ত। এ ছাড়া মামলাজালটাও তঁার খুব প্রিয়। অন্যকে মামলার জালে জড়াতে পারেন কথায় কথায়। গত সিজনে ৫৭টি আক্রমণের মধ্যে ৫০টিতেই সফল তিনি।