জীববিজ্ঞান
অধ্যায়-৬ প্রিয় শিক্ষার্থী, আজ তোমাদের জন্য দেওয়া হলো একটি সৃজনশীল প্রশ্নোত্তর। সেঁজুতি ছুটিতে গ্রামের বাড়িতে গিয়ে লক্ষ করল তাদের বাড়ির পুরেনো ইটের প্রাচীরে মস ও প্রাচীরের ফাটলে একটি বটগাছের চারা জন্মেছে। আশপাশে বটগাছ দেখতে না পেয়ে তার মনে প্রশ্ন জাগল, এখানে বটগাছের চারা এল কী করে?ক. প্রোটোনেমা কী?খ. Mangifera indica একটি আবৃতবীজী উদ্ভিদ—ব্যাখ্যা করো।গ. প্রাচীরের ফাটলে ওই উদ্ভিদের চারা কীভাবে এল? ব্যাখ্যা করো।ঘ. সেঁজুতির পর্যবেক্ষণকৃত উদ্ভিদ দুটির মধ্যে কোনটি উন্নত? তুলনামূলক আলোচনা করে মতামত দাও।উত্তর: ক. মস উদ্ভিদের ক্যাপসুলের ভেতরে সৃষ্ট স্পোর অঙ্কুরিত হয়ে শৈবালের ন্যায় সবুজ সূত্রাকার যে কাঠামো গঠন করে তাকে প্রোটোনেমা বলে।উত্তর: খ. যেসব উদ্ভিদের ফুল ও ফল হয় এবং বীজ ফলের ভেতরে থাকে তাকে আবৃতবীজী উদ্ভিদ বলে। Mangifera indica বা আমের ফুল ও ফল হয় এবং বীজ ফলের ভেতর আবৃত অবস্থায় থাকে। এ জন্য Mangifera indica কে আবৃতবীজী উদ্ভিদ বলা হয়।উত্তর: গ. গাছে সৃষ্ট ফল ও বীজ বিভিন্ন উপায়ে দূরদূরান্তে ছড়িয়ে পড়ে। প্রাচীরের ফাটলে বটগাছের বীজ মূলত পাখির মাধ্যমে এসেছে। ফলপ্রিয় পাখিরা বটের ফল খুব পছন্দের সঙ্গে খায়। এ ফল শক্তি জোগায় বলে দ্রুত বৃদ্ধির জন্য পাখিরা এ ফল তাদের বাচ্চাদের খাওয়ায়। পাখি বীজসহ এ ফল খেয়ে থাকে। কিন্তু পাখির পেটে এ ফল হজম হয় না। এসব বীজ পরবর্তী সময়ে মলের সঙ্গে বাইরে বেরিয়ে আসে। বীজটি উপযুক্ত পরিবেশে অঙ্কুুরিত হয়ে চারায় পরিণত হয়। এভাবে বটের বীজ বিভিন্ন স্থানে পাখির মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং সেখানে বীজ থেকে চারা গজায়। সুতরাং প্রাচীরের ফাটলে বটগাছের চারা পাখির মাধ্যমে এসেছে।উত্তর: ঘ. সেঁজুতির পর্যবেক্ষণকৃত প্রথম উদ্ভিদটি মস বা Bryophyta দলের এবং দ্বিতীয় উদ্ভিদটি বট যা Angiosperm দলের।মসবর্গীয় উদ্ভিদের বৈশিষ্ট্যগুলো হলো:১. দেহ রাইজয়েড (মূলের পরিবর্তে), কাণ্ড ও পাতায় বিভক্ত।২. দেহে কোনো পরিবহন টিস্যু নেই। ৩. স্ত্রী ও পুরুষ উদ্ভিদ ভিন্ন। ৪. এদের ফুল হয় না।আবৃতবীজী (Angiosperm) উদ্ভিদের বৈশিষ্ট্যগুলো হলো:১. দেহ মূল, কাণ্ড ও পাতায় বিভক্ত। ২. দেহে পরিবহন টিস্যু আছে।৩. এদের প্রধান মূল থাকে।৪. এদের ফুল ও ফল হয় এবং বীজ ফলের ভেতরে আবৃত অবস্থায় থাকে।মসবর্গীয় উদ্ভিদ ও আবৃতবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য পর্যালোচনা করে প্রতীয়মান হয় যে সেঁজুতির পর্যবেক্ষণকৃত উদ্ভিদ দুটির মধ্যে বট উন্নত।