সৃজনশীল প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ জীববিজ্ঞান বিষয়ের ২য় পত্রের অধ্যায়-৩ থেকে একটি সৃজনশীল প্রশ্নোত্তর দেওয়া হলো।
প্রশ্ন:
ক. গ্যামিটোজেনেসিস কাকে বলে?
খ. অর্গানোজেনেসিস বলতে কী বোঝায়?
গ. চিত্র P-এর বর্ণনা করো।
ঘ. P ও Q সৃষ্টি হওয়ার প্রক্রিয়া একটি অপরটি থেকে ভিন্ন— বিশ্লেষণ করো।
উত্তর-ক.
যে প্রক্রিয়ায় প্রাণিদেহে শুক্রাণু ও ডিম্বাণু উত্পাদিত হয়, তাকে গ্যামিটোজেনেসিস বলে।
উত্তর-খ.
গ্যাস্ট্রুলেশনে সৃষ্ট ভ্রূণীয় স্তরগুলো থেকে ভ্রূণের অঙ্গকুঁড়ি সৃষ্টির প্রক্রিয়াকে অর্গানোজেনেসিস বলে। তিনটি ভ্রূণীয় স্তরেরই অভিন্ন কোষপিণ্ড ছোট ছোট কোষগুচ্ছে বিচ্ছিন্ন হয়। প্রতিটি গুচ্ছ প্রাণিদেহের নির্দিষ্ট অঙ্গ বা অংশ নির্মাণ করে। এসব কোষগুচ্ছকে একেকটি অঙ্গের কুঁড়ি বলে। যেসব কুঁড়িতে ভ্রূণীয় স্তরগুলোর উপবিভক্তি ঘটে, সেগুলোকে প্রাইমারি অঙ্গকুঁড়ি বলে। প্রাইমারি অঙ্গকুঁড়ি আরও বিভক্ত হয়ে সেকেন্ডারি অঙ্গকুঁড়িতে পরিণত হয়। এসব কুঁড়ি থেকে উত্পন্ন হয় সেকেন্ডারি অঙ্গ। এ অবস্থায় ভ্রূণ পূর্ণাঙ্গ প্রাণী বা লার্ভার দেহাবয়ব লাভ করে।
উত্তর-গ.

চিত্র P মানুষের শুক্রাণু। একটি শুক্রাণু চারটি প্রধান অংশে বিভক্ত। যথা: ১. মাথা, ২. গ্রীবা, ৩. মধ্যখণ্ড, ৪. লেজ। নিচে এসব অংশের বর্ণনা দেওয়া হলো:
১. মাথা: মাথা হচ্ছে শুক্রাণুর সামনের অংশ যা দেখতে স্ফীতকায়, কোনাকৃতি বা লেন্সের মতো। শুক্রাণুর সম্পূর্ণ মাথা একটি পাতলা সাইটোপ্লাজমীয় স্তরে আবৃত থাকে। মাথার সাইটোপ্লাজমের ভেতরে একটি ডিম্বাকৃতির নিউক্লিয়াস থাকে। এর সামনের অর্ধেক অংশের ওপরে নিউক্লিয়াসকে ঢেকে থাকে অ্যাক্রোসোম। অ্যাক্রোসোম একটি থলিবিশেষ। আক্রোসোমে উপস্থিত এনজাইমসমূহ ডিম্বাণু ঝিল্লিকে গলিয়ে শুক্রাণুর প্রবেশ-প্রক্রিয়া সহজ করে দেয়। অ্যাক্রোসোমের ঠিক পেছনেই এবং মাথার বেশির ভাগ অংশজুড়ে থাকে নিউক্লিয়াস।
২. গ্রীবা: গ্রীবা হচ্ছে শুক্রবাণুর মাথার ঠিক পেছনে মাথা ও মধ্যখণ্ডের মাঝখানে অবস্থিত একটি সরু স্বচ্ছ সংযোগস্থল। এখানে পরস্পরের সমকোণে দুটি সেন্ট্রিওল থাকে। সেন্ট্রিওলের একটিকে কাছের সেন্ট্রিওল এবং অন্যটিকে দূরের সেন্ট্রিওল বলে।
৩. মধ্যখণ্ড: সাইটোপ্লাজম, মাইটোকন্ড্রিয়া ও অক্ষীয় সূত্রে গঠিত অংশ হচ্ছে শুক্রাণুর মধ্যখণ্ড। এর মধ্যে মাইটোকন্ড্রিয়া ফ্ল্যাজেলাম সঞ্চালনের জন্য প্রয়োজনীয় শক্তির জোগান দেয়। অক্ষীয় সুত্রটি তার চারপাশের সাইটোপ্লাজমীয় আবরণ মিলে মধ্যভাগের কেন্দ্রীয় মজ্জা গঠন করে। এর পেছনের প্রান্তে একটি গাঢ় রিংয়ের মতো গঠনকে রিং সেন্ট্রিওল বলে।
৪. লেজ: শুক্রাণুর মধ্যভাগের সাইটোপ্লাজম ও মাইটোকন্ড্রিয়ার সমাপ্তির অংশ থেকে শুরু করে পেছনের সবটুকুই লেজ বা ফ্লাজেলাম। এটি শুক্রাণুর দীর্ঘতম অংশ। ফ্লাজেলাম শুক্রাণুকে গতিশীল করে নিষেকের উদ্দেশ্যে ডিম্বাণুর কাছে পৌঁছাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।
উত্তর-ঘ.

চিত্র P একটি শুক্রাণু এবং চিত্র Q একটি ডিম্বাণু। শুক্রাণু সৃষ্টি হওয়ার প্রক্রিয়াকে স্পার্মাটোজেনেসিস এবং ডিম্বাণু সৃষ্টি হওয়ার প্রক্রিয়াকে উওজেনেসিস বলে। নিচে স্পার্মাটোজেনেসিস ও উওজেনেসিস সম্পর্কে তুলনামূলক আলোচনা করা হলো:
১. স্পার্মাটোজেনেসিসের সমগ্র প্রক্রিয়া শুক্রাশয়ে সম্পন্ন হয়। আর উওজেনেসিসের প্রাথমিক পর্যায় ডিম্বাশয়ে সম্পন্ন হলেও শেষ পর্যায় ডিম্বাশয়ের বাইরে ঘটে।
২. স্পার্মাটোজেনেসিস প্রক্রিয়ায় একটি প্রাইমারি স্পার্মাটোসাইট থেকে চারটি সক্রিয় শুক্রাণু সৃষ্টি হয়। পক্ষান্তরে উওজেনেসিস প্রক্রিয়ায় একটি প্রাইমারি উওসাইট থেকে একটি সক্রিয় ডিম্বাণু ও তিনটি নিষেকে ভূমিকাহীন পোলার বডি সৃষ্টি হয়।
৩. স্পার্মাটোজেনেসিসের সময় স্পার্মটিডের বেশির ভাগ নিউক্লিওপ্লাজম ও সাইটোপ্লাজম পরিত্যক্ত হয়। তাই পরিণত শুক্রাণুগুলো ছোট তবে সক্রিয় ও চলাচলে সক্ষম। উওজেনেসিসের ফলে উত্পন্ন ডিম্বাণু তুলনামূলকভাবে বড় ও চলাচলে অক্ষম।
৪. স্পার্মাটোজেনেসিসের ফলে উত্পন্ন শুক্রাণুতে খুব সামান্য পরিমাণ খাদ্য সঞ্চিত থাকে এবং কোনো নির্দিষ্ট পর্দা দ্বারা ঘেরা থাকে না। উওজেনেসিসের মধ্যে সৃষ্ট ডিম্বাণুতে বেশি পরিমাণে খাদ্য সঞ্চিত থাকে এবং নির্দিষ্ট পর্দা দ্বারা ঘেরা থাকে।
৫. স্পার্মাটোজেনেসিসে নিষেকে সহায়ক অ্যান্ড্রোগ্যামিক বস্তু ক্ষরিত হয়। পক্ষান্তরে উওজেনেসেসি নিষেকে সাহায্যকারী গাইনোগ্যামিক বস্তু ক্ষরিত হয়।
৬. স্পার্মাটোজেনেসিসে নিষেকের আগেই সক্রিয় বিপাকক্রিয়া সংঘটিত হয়। আর উওজেনেসিসে নিষেকের আগেই বিপাকক্রিয়ার হার স্তিমিত থাকে।
সুতরাং, উপরোক্ত আলোচনা থেকে প্রতীয়মান হয়, P (শুক্রাণু) সৃষ্টি হওয়ার প্রক্রিয়া এবং Q (ডিম্বাণু) সৃষ্টি হওয়ার প্রক্রিয়া একটি অপরটি থেকে ভিন্ন।
প্রভাষক
রূপনগর মডেল স্কুল ও কলেজ, ঢাকা