সৃজনশীল প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থীরা, আজ জীববিজ্ঞান বিষয়ের অধ্যায়-৮ থেকে একটি সৃজনশীল প্রশ্নোত্তর দেওয়া হলো।
# রহমান সাহেবের অত্যধিক ঠান্ডা লেগে কাশি ও শ্বাসকষ্ট হয়। পরে তার শরীরের তাপমাত্রা বেড়ে বুকের মধ্যে ঘড় ঘড় আওয়াজ হচ্ছে। অন্যদিকে তার ছেলে অপুর কোমরের পেছনের দিকে ব্যথা হচ্ছে। পরবর্তী সময়ে তারা চিকিত্সকের শরণাপন্ন হয়। চিকিত্সক রহমান সাহেবের জন্য ব্যবস্থাপত্র দিলেন এবং অপুকে কিছু পরীক্ষা করতে বললেন। পরবর্তী সময়ে পরীক্ষার রিপোর্ট দেখে বললেন, তার প্রস্রাব উত্পাদনের অঙ্গটি ঠিকভাবে কাজ করছে না।
প্রশ্ন: ক. কর্টেক্স কাকে বলে?
খ. নেফ্রন বলতে কী বোঝায়?
গ. রহমান সাহেবের রোগটি প্রতিরোধে করণীয় কী? ব্যাখ্যা করো।
ঘ. রহমান সাহেব ও তার ছেলের রোগ দুটির মধ্যে সংশ্লিষ্ট অঙ্গের গঠনগত ভিন্নতা বিশ্লেষণ করো।
উত্তর-ক.
বৃক্ক একধরনের তন্তুময় আবরণ দিয়ে সম্পূর্ণরূপে বেষ্টিত থাকে। একে ক্যাপসুল বলে। ক্যাপসুলসংলগ্ন অংশকে কর্টেক্স বলে।
উত্তর-খ.
বৃক্কের ইউরিনিফেরাস নালিকার ক্ষরণকারী অংশ ও কার্যগত একককে নেফ্রন বলে। মানবদেহের প্রতিটি বৃক্কে প্রায় ১০ লাখ নেফ্রন থাকে। প্রতিটি নেফ্রন একটি রেনাল করপাসল বা মালপিজিয়ান অঙ্গ ও রেনাল টিউব্যুল নিয়ে গঠিত।
উত্তর-গ.
রহমান সাহেবের রোগটি নিউমোনিয়া। এটি ফুসফুসের রোগ। নিউমোকক্কাস নামের ব্যাকটেরিয়ার আক্রমণে এ রোগ হয়। অত্যধিক ঠান্ডা লাগলে এ রোগ হয়। কাজেই রহমান সাহেবের যাতে ঠান্ডা না লাগে, সে দিকে লক্ষ রাখতে হবে। তাকে ধূমপান পরিহার করতে হবে। সহনীয় উষ্ণতা ও আলো বাতাসপূর্ণ শুষ্ক পরিবেশে বসবাস করে রহমান সাহেব রোগটি প্রতিরোধ করতে পারেন।
উত্তর-ঘ.
রহমান সাহেবের রোগটির জন্য দায়ী সংশ্লিষ্ট অঙ্গটি ফুসফুস। ফুসফুস শ্বসনতন্ত্রের প্রধান অঙ্গ। বক্ষগহ্বরের ভেতর হূিপণ্ডের দুই পাশে দুটি ফুসফুস অবস্থিত। এটি স্পঞ্জের মতো নরম ও কোমল, হালকা লালচে বর্ণের। ডান ফুসফুস তিন খণ্ডে ও বাঁ ফুসফুস দুই খণ্ডে বিভক্ত। ফুসফুস দুই ভাঁজবিশিষ্ট প্লুরা নামের পর্দা দ্বারা আবৃত। দুই ভাঁজের মধ্যে এক প্রকার রস নির্গত হয়। ফলে শ্বাসক্রিয়া চলার সময় ফুসফুসের সঙ্গে বক্ষাগাত্রের কোনো ঘর্ষণ লাগে না। ফুসফুসে অসংখ্য বায়ুথলি, সূক্ষ্ম শ্বাসনালি ও রক্তনালি থাকে। বায়ুথলিগুলো হলো অ্যালভিওলাস। নাসাপথ দিয়ে বায়ু সরাসরি বায়ুথলিতে যাতায়াত করতে পারে। বায়ুথলি পাতলা আবরণ দ্বারা আবৃত ও প্রতিটি বায়ুথলি কৈশিক নালিকা দ্বারা পরিবেষ্টিত। বায়ু প্রবেশ করলে এগুলো ফুলে ওঠে ও পরে আপনা আপনি সংকুচিত হয়। বায়ু ও কৈশিক নালিকার গাত্র এত পাতলা যে এর ভেতর দিয়ে গ্যাসীয় আদান-প্রদান ঘটে।
অন্যদিকে রহমান সাহেবের ছেলে অপুর আক্রান্ত অঙ্গটি বৃক্ক। এটি মানবদেহের প্রধান রেচন অঙ্গ। উদর গহ্বরের পেছনের অংশে মেরুদণ্ডের দুই দিকে বক্ষপিঞ্জরের নিচে পৃষ্ঠপ্রাচীর-সংলগ্ন অবস্থায় দুটি বৃক্ক অবস্থান করে। প্রতিটি বৃক্ষের আকৃতি শিম বীজের মতো ও লালচে রঙের। বৃক্কের বাইরের দিকটি উত্তল ও ভেতরের দিকটি অবতল হয়। অবতল অংশের ভাঁজকে হাইলাস বলে। হাইলাসে অবস্থিত গহ্বরকে পেলভিস বলে। পেলভিস থেকে দুটি ইউরেটার বের হয়ে মূত্রাশয়ে প্রবেশ করে। হাইলাসের ভেতর থেকে ইউরেটার ও রেনাল শিরা বের হয় এবং রেনাল ধমনি বৃক্কে প্রবেশ করে। প্রতিটি বৃক্কে বিশেষ করে এক ধরনের নালিকা থাকে যাকে ইউরিনিফেরাস নালিকা বলে। প্রতিটি ইউরেনিফেরাস নালিকা দুটি প্রধান অংশে বিভক্ত। যথা নেফ্রন ও সংগ্রাহী নালিকা। সুতরাং ওপরের আলোচনা থেকে প্রতীয়মান হয় যে রহমান সাহেব ও তার ছেলের রোগ দুটির জন্য সংশ্লিষ্ট অঙ্গ গঠনগত দিক দিয়ে ভিন্ন।
প্রভাষক
রূপনগর মডেল স্কুল ও কলেজ, ঢাকা