সৃজনশীল প্রশ্নোত্তর: অধ্যায়-২
প্রিয় শিক্ষার্থীরা, আজ জীববিজ্ঞান বিষয়ের অধ্যায়-২ থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব।
প্রশ্ন:
ক. সরল টিস্যু কাকে বলে?
খ. জটিল টিস্যুকে পরিবহন টিস্যু বলা হয় কেন?
গ. চিত্র Q এর গঠন বর্ণনা করো।
ঘ. Q চিত্রটি উদ্ভিদ দেহে অনুপস্থিত থাকলে কি কোনো সমস্যা সৃষ্টি হবে? মতামত দাও।
উত্তর-ক.
যে সকল স্থায়ী টিস্যু আকার, আকৃতি ও গঠন বৈশিষ্ট্যে একই ধরনের হয়, তাকে সরল টিস্যু বলে।
উত্তর-খ.
উদ্ভিদের খাদ্যের কাঁচামাল পাতায় পাঠানো এবং পাতা থেকে তৈরিকৃত খাদ্য পুনরায় প্রতিটি সজীব কোষে পৌঁছানোর কাজ করে থাকে। অর্থাত্ খাদ্যের কাঁচামাল ও প্রস্তুতকৃত খাদ্য পরিবহনের কাজ করে বলে জটিল টিস্যুকে পরিবহন টিস্যু বলা হয়।
উত্তর-গ.
Q চিত্রটি ফ্লোয়েম টিস্যুর। ফ্লোয়েম টিস্যু সিভনল, সঙ্গীকোষ, ফ্লোয়েম ফাইবার ও ফ্লোয়েম প্যারেনকাইমা—এ চার প্রকার কোষ নিয়ে গঠিত।
সিভনল: কোষগুলো লম্বা, ফাঁপা, একটির মাথায় আরেকটি বসে লম্বা নলের সৃষ্টি করে। মাথায় মাথায় যুক্ত দুটি সিভকোষের মধ্য প্রাচীর ছোট ছোট ছিদ্রযুক্ত। ছিদ্রযুক্ত এ প্রাচীরকে সিভপ্লেট বলে। পরিণত সিভনলে নিউক্লিয়াস থাকে না।
সঙ্গীকোষ: এটি প্যারেনকাইমা জাতীয় সরু ও লম্বা কোষ এবং সব সময় সিভনলের সঙ্গে অবস্থান করে। এর সাইটেপ্লাজম ঘন ও নিউক্লিয়াস বড়। প্রাচীরের ছিদ্র দিয়ে সিভনলের সঙ্গে যোগাযোগ রক্ষা করে।
ফ্লোয়েম ফাইবার: এটি স্কেলেরেনকাইমা জাতীয় কোষ। ফ্লোয়েম ফাইবার বাস্ট ফাইবার নামে পরিচিত।
ফ্লোয়েম প্যারেনকাইমা: এটি প্যারেনকাইমা জাতীয় কোষ। খাদ্য সঞ্চয় ও পরিবহনে সাহায্য করাই এর কাজ।
উত্তর-ঘ.
Q চিত্রটি ফ্লোয়েম টিস্যুর। ফ্লোয়েম টিস্যুর অনুপস্থিতিতে কোষগুলোয় খাদ্য পৌঁছাবে না এবং উদ্ভিদের বৃদ্ধি ব্যাহত হবে। ফ্লোয়েম টিস্যুর অনুপস্থিতিতে উদ্ভিদ দেহে নিচে উল্লিখিত পরিবর্তনগুলো সংঘটিত হবে:
১. পাতায় প্রস্তুতকৃত খাদ্য উদ্ভিদের বিভিন্ন অংশে প্রেরণ করাই এ টিস্যুর কাজ। এ টিস্যুর অনুপস্থিতিতে পাতায় প্রস্তুতকৃত খাদ্য বিভিন্ন অংশে পরিবাহিত হবে না। ফলে উদ্ভিদের বৃদ্ধি ব্যাহত হবে।
২. এ টিস্যু উদ্ভিদকে দৃঢ়তা প্রদান করে থাকে। ফলে এ টিস্যুর অনুপস্থিতিতে উদ্ভিদের দৃঢ়তা নষ্ট হবে।
৩. ফ্লোয়েম টিস্যুর সঙ্গীকোষ খাদ্য পরিবহনে সিভনলকে সহায়তা করে। এ টিস্যুর অনুপস্থিতিতে খাদ্য পরিবহনে ব্যাঘাত ঘটবে।
৪. ফ্লোয়েম প্যারেনকাইমা খাদ্য সঞ্চয় করে। ফলে এর অনুপস্থিতিতে খাদ্য সঞ্চয়ে ব্যাঘাত সৃষ্টি হবে। এ ছাড়া খাদ্য পরিবহনেও বিঘ্ন হবে।
সুতরাং উপরিউক্ত আলোচনা থেকে প্রতীয়মান হয় যে ফ্লোয়েম টিস্যুর অনুপস্থিতিতে উদ্ভিদ দেহে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়, যা উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধি ও বিকাশকে মারাত্মকভাবে ব্যাহত করে।
প্রভাষক, রূপনগর মডেল স্কুল ও কলেজ, ঢাকা