জীববিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৃজনশীল প্রশ্নোত্তর: অধ্যায়-১২
প্রিয় শিক্ষার্থী, আজ জীববিজ্ঞান বিষয়ের অধ্যায়-১২ থেকে একটি সৃজনশীল প্রশ্নোত্তর দেওয়া হলো।

# সুলতানা পাঁচ কন্যাসন্তানের জননী। এ জন্য তাকে শ্বশুর-শাশুড়ির নানা কথা শুনতে হয়। একদিন তার স্বামী গ্রামের একটি স্বাস্থ্যকেন্দ্রে তাকে নিয়ে যায়। সেখানে চিকিত্সক তাকে বলেন, কন্যাসন্তান জন্মদানে সে একা দায়ী নয়।

প্রশ্ন:
ক. মানুষের কত জোড়া ক্রোমোসোম থাকে?
খ. বর্ণান্ধতা বলতে কী বোঝায়?
গ. সুলতানার পরিবারে সমস্যার কারণগুলো ব্যাখ্যা করো।
ঘ. সুলতানার প্রতি চিকিত্সকের বক্তব্য মূল্যায়ন করো।

উত্তর-ক.
মানুষের ২৩ জোড়া ক্রোমোসোম থাকে।

উত্তর-খ.
বর্ণান্ধতা এমন এক অবস্থা, যখন কেউ কোনো রং সঠিকভাবে চিনতে পারে না। রং চিনতে চোখের স্নায়ুকোষের রং শনাক্তকারী পিগমেন্ট থাকে। কালার ব্লাউন্ড অবস্থায় রোগীদের চোখে স্নায়ুকোষের রং শনাক্তকারী পিগমেন্টের অভাব থাকে। যদি কারও একটি পিগমেন্ট না থাকে তখন সে লাল আর সবুজ পার্থক্য করতে পারে না। এটি সর্বজনীন কালার ব্লাউন্ড সমস্যা।

উত্তর-গ.
সুলতানা পাঁচ কন্যাসন্তানের জননী। তার সব সন্তান মেয়ে হওয়ায় শ্বশুর-শাশুড়ির কাছ থেকে তাকে নানা কটু কথা শুনতে হয়। তার শ্বশুর-শাশুড়ির ধারণা, কন্যাসন্তানেরা পরিবারের উপার্জনে কম উপযোগী। অন্যদিকে পুত্রসন্তানেরা পরিবারের উপার্জন বৃদ্ধিতে সহায়ক। এ ধরনের ভ্রান্ত ধারণার কারণে সুলতানার কন্যাসন্তান জন্ম দেওয়াটাকে তার শ্বশুর-শাশুড়িরা দোষের মনে করেছেন। আসলে তাদের মধ্যে পুত্রসন্তান বা কন্যাসন্তান জন্ম নেওয়ার সঠিক বিজ্ঞানসম্মত কোনো জ্ঞান নেই। তাই কন্যাসন্তানের আধিক্য সুলতানার পরিবারে সমস্যার মূল কারণ বলে মনে করা হয়।

উত্তর-ঘ.
কন্যাসন্তান জন্ম দেওয়ায় সুলতানার শ্বশুর-শাশুড়ি তাকে দায়ী করে। একদিন সুলতানা তার স্বামীকে নিয়ে ডাক্তারের কাছে গেলে ডাক্তার তাকে বলেন, কন্যাসন্তান জন্মদানে বাবার ভূমিকাই মুখ্য। বিষয়টিকে নিম্নোক্তভাবে ব্যাখ্যা করা যায়:
মাতৃ জননকোষে কেবল x ক্রোমোসোম বহনকারী ডিম্বাণু থাকে। অপর দিকে পিতৃ জননকোষে x ও y ক্রোমোসোম বহনকারী শুক্রাণু থাকে। কোন ধরনের শুক্রাণু x বহনকারী ডিম্বাণু দ্বারা নিষিক্ত হবে, তার ওপর নির্ভর করে ভবিষ্যতে যে সন্তানটি জন্মগ্রহণ করবে সে পুত্র না কন্যা হবে। যদি ডিম্বাণুটি x ক্রোমোসোম বহনকারী শুক্রাণু দ্বারা নিষিক্ত হয়, তবে সন্তানের কোষে xx ক্রোমোসোম থাকবে। অর্থাত্ ভূমিষ্ঠ হবে কন্যাসন্তান। যদি ডিম্বাণুটি y ক্রোমোসোম বহনকারী শুক্রাণু দ্বারা নিষিক্ত হয়, তবে সন্তানের কোষে xy ক্রোমোসোম থাকবে। ফলে ভূমিষ্ঠ হবে পুত্রসন্তান। দেখা যাচ্ছে, y ক্রোমোসোম না থাকলে কখনো পুত্র হবে না। স্ত্রীতে কোনো y ক্রোমোসোম থাকে না, y ক্রোমোসোম থাকে শুধু পুরুষেই। কাজেই কোনো দম্পতির যদি কোনো পুত্রসন্তান না হয় তার জন্য স্বামীই সম্পূর্ণ দায়ী, স্ত্রী কোনোক্রমেই দায়ী নয়। সুতরাং উপরিউক্ত আলোচনা থেকে সুলতানার প্রতি চিকিত্সকের বক্তব্য যথার্থ বলে প্রতীয়মান হয়।

প্রভাষক
রূপনগর মডেল স্কুল ও কলেজ, ঢাকা