সৃজনশীল প্রশ্নোত্তর: অধ্যায়-৬
প্রিয় শিক্ষার্থী, আজ জীববিজ্ঞান বিষয়ের অধ্যায়-৬ থেকে সৃজনশীল পদ্ধতির একটি প্রশ্নোত্তরের নমুনা নিয়ে আলোচনা করব।
সেমাই রান্নার জন্য স্বপ্না একটি বাটিতে কিশমিশ ভিজিয়ে রেখেছেন। এ সময় তাঁর বোন কিছু রজনীগন্ধা ফুল কিনে বাসায় ফিরলেন। তাঁর বোন ফুলগুলোকে একটি ফুলদানিতে রেখে দিলেন। সন্ধ্যার দিকে ফুলের সুগন্ধে রুমগুলো ভরে উঠল।
ক. প্রস্বেদন কাকে বলে?
খ. ইমবাইবিশন বলতে কী বোঝায়?
গ. উদ্ভিদের মাটি থেকে পানি পরিশোষণ-প্রক্রিয়ার সঙ্গে স্বপ্নার কর্মকাণ্ডের মিল কোথায়? ব্যাখ্যা করো।
ঘ. স্বপ্না ও তাঁর বোনের কর্মকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট শারীরবৃত্তীয় প্রক্রিয়া দুটি কি ভিন্ন? বিশ্লেষণ করো।
উত্তর-ক.
প্রস্বেদন: উদ্ভিদের পাতা ও অন্যান্য বায়বীয় অঙ্গ থেকে জলীয় বাষ্প বের হয়ে যাওয়ার প্রক্রিয়াকে প্রস্বেদন বলে।
উত্তর-খ.
কলয়েড-জাতীয় শুকনো বা অর্ধ শুকনো পদার্থের তরল পদার্থ শোষণের বিশেষ প্রক্রিয়াকে ইমবাইবিশন, অর্থাত্ উদ্ভিদদেহের কোষপ্রাচীর, প্রোটোপ্লাজম ইত্যাদির পানি শোষণ-প্রক্রিয়াকে ইমবাইবিশন বলা হয়। অঙ্কুরোদ্গমের সময় শুকনো বীজ যে পরিমাণ পানি শোষণ করে তার অধিকাংশই ইমবাইবিশন-প্রক্রিয়ায় হয়ে থাকে।
উত্তর-গ.
স্বপ্না বাটিতে কিশমিশ ভিজিয়ে রেখেছিলেন। কিশমিশের বাইরের আবরণটি একটি বৈষম্যভেদ্য ঝিল্লি। এ ঝিল্লির বাইরে পানি এবং ভেতরে আবৃত অবস্থায় আছে কিশমিশের রস। কিশমিশের বাইরের দ্রবণে পানির পরিমাণ বেশি। কিন্তু কিশমিশের ভেতরের দ্রবণে পানির পরিমাণ কম। এ অবস্থায় অন্তঃঅভিস্রবণ-প্রক্রিয়ায় পানি কিশমিশের বৈষম্যভেদ্য ঝিল্লি ভেদ করে ভেতরে ঘন দ্রবণে প্রবেশ করবে। উদ্ভিদও মূলরোমের সাহায্যে মাটি থেকে পানি পরিশোষণ করে অভিস্রবণ-প্রক্রিয়ায়। মূলরোম মাটিকণার ফাঁকে অবস্থিত কৈশিক পানি শোষণ করে। মূলরোমের ভেতরে কোষরসে বিভিন্ন প্রকার রাসায়নিক দ্রব্য থাকে। তাই মাটির পানি থেকে কোষরস ঘন থাকে। মূলরোমের কোষরস ও বাইরের পানির মধ্যে ব্যাপন চাপের ঘাটতি থাকায় অভিস্রবণ-প্রক্রিয়ার কোষের অভ্যন্তরে পানি প্রবেশ করে। মূলরোমের কোষরসের ব্যাপন চাপ ঘাটতি মাটির দ্রবণের ব্যাপন চাপ ঘাটতি অপেক্ষা বেশি হলেই পানি বৈষম্যভেদ্য ঝিল্লি অতিক্রম করে মূলরোমে প্রবেশ করে। পানি মূলরোমের অভ্যন্তরে প্রবেশের ফলে এর কোষরসের DPD কমে যায়, কিন্তু এর পাশের কর্টেক্স কোষের DPD তুলনামূলকভাবে বেশি থাকার কারণে পানি মূলরোম থেকে পার্শ্ববর্তী কর্টেক্স কোষে প্লাজমাডেসমাটার মধ্য দিয়ে ব্যাপিত হয়। এভাবে কোষ থেকে কোষান্তরে প্লাজমাডেসমাটার মধ্য দিয়ে পানি অন্তঃত্বক ভেদ করে জাইলেম টিস্যুর ভেসেলে পৌঁছায়। অন্যভাবে কোষপ্রাচীর ভেদ্য হওয়ার কারণে আন্তকোষীয় ফাঁক দিয়ে পানি সহজেই অন্তঃত্বক পর্যন্ত পৌঁছাতে পারে এবং অন্তঃত্বক ভেদ করে জাইলেম ভেসেলে পৌঁছায়। জাইলেম ভেসেল থেকে রস উত্তোলনের সাহায্যে পানি গাছের উপরিভাগে নীত হয়। সুতরাং স্বপ্নার কর্মকাণ্ড (পানিতে কিশমিশ ভিজিয়ে রাখা) এবং উদ্ভিদের পানি পরিশোষণ-প্রক্রিয়া একই (অভিস্রবণ-প্রক্রিয়া)।
উত্তর-ঘ.
স্বপ্নার পানিতে কিশমিশ ভিজিয়ে রাখা এটি অভিস্রবণ-প্রক্রিয়া। স্বপ্নার বোন রজনীগন্ধা ফুলগুলো ফুলদানিতে রাখেন। পরবর্তী সময়ে রুমগুলো সুগন্ধে ভরে যায়—এটি ব্যাপন-প্রক্রিয়া। নিচে অভিস্রবণ ও ব্যাপনের মধ্যে তুলনামূলক আলোচনা করা হলো: ১. অভিস্রবণ ভৌত-প্রক্রিয়া হলেও এর পেছনে জৈবিক নিয়ন্ত্রণ আছে। পক্ষান্তরে ব্যাপন সম্পূর্ণরূপে একটি ভৌত-প্রক্রিয়া।
২. অভিস্রবণে বৈষম্যভেদ্য ঝিল্লির প্রয়োজন। কিন্তু ব্যাপনে এ ধরনের ঝিল্লির প্রয়োজন পড়ে না।
৩. অভিস্রবণ শুধু একই ধরনের দ্রাবকের মধ্যে ঘটে। কিন্তু ব্যাপন বিভিন্ন ধরনের দ্রাবকের মধ্যে ঘটে।
৪. অভিস্রবণে রসস্ফীতি চাপের সৃষ্টি হয়। কিন্তু ব্যাপনে কোনো চাপের সৃষ্টি হয় না।
৫. অভিস্রবণ শুধু দ্রাবক অণুর মধ্যে সংঘটিত হয়। আর ব্যাপন দ্রাব ও দ্রাবকের মধ্যে স্বাধীনভাবে সংঘটিত হয়, যখন দুটি দ্রবণ একত্রে মেশানো হয়।
৬. অভিস্রবণ কেবল তরলে-তরলে ঘটে। পক্ষান্তরে ব্যাপন গ্যাসে-গ্যাসে, তরলে-তরলে, তরলে-গ্যাসে, কঠিন-তরলে ও কঠিন-গ্যাসে ঘটতে পারে।
সুতরাং, উপরিউক্ত আলোচনা থেকে প্রতীয়মান হয়, স্বপ্না ও তাঁর বোনের কর্মকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট শারীরবৃত্তীয় প্রক্রিয়া দুটি ভিন্ন।
প্রভাষক, রূপনগর মডেল স্কুল ও কলেজ, ঢাকা