জীববিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৃজনশীল প্রশ্নোত্তর: অধ্যায়-৮
প্রিয় শিক্ষার্থী, আজ জীববিজ্ঞান বিষয়ের অধ্যায়-৮ থেকে সৃজনশীল পদ্ধতির একটি প্রশ্নোত্তরের নমুনা নিয়ে আলোচনা করব।

রহমান সাহেবের অত্যধিক ঠান্ডা লেগে কাশি ও শ্বাসকষ্ট হয়। পরে তাঁর শরীরের তাপমাত্রা বেড়ে বুকের মধ্যে ঘড়ঘড় আওয়াজ হয়। অন্যদিকে তাঁর ছেলে অপুর কোমরের পেছনের দিকে ব্যথা হতে থাকে। পরে তাঁরা চিকিত্সকের শরণাপন্ন হন। চিকিত্সক রহমান সাহেবের জন্য ব্যবস্থাপত্র দিলেন এবং অপুকে কিছু পরীক্ষা করাতে বললেন। পরীক্ষার রিপোর্ট দেখে বললেন, তাঁর প্রস্রাব উত্পাদনের অঙ্গটি ঠিকভাবে কাজ করছে না।

ক. কর্টেক্স কাকে বলে?
খ. নেফ্রন বলতে কী বোঝায়?
গ. রহমান সাহেবের রোগটি প্রতিরোধে করণীয় কী? ব্যাখ্যা করো।
ঘ. রহমান সাহেব ও তাঁর ছেলের রোগ দুটির জন্য সংশ্লিষ্ট অঙ্গের গঠনগত ভিন্নতা বিশ্লেষণ করো।

উত্তর-ক.
বৃক্ক সম্পূর্ণরূপে একধরনের তন্তুময় আবরণ দিয়ে বেষ্টিত থাকে। একে ক্যাপসুল বলে। ক্যাপসুল-সংলগ্ন অংশকে কর্টেক্স বলে।
উত্তর-খ.
বৃক্কের ইউরিনিফেরাস নালিকার ক্ষরণকারী অংশ ও কার্যগত একককে নেফ্রন বলে। মানবদেহের প্রতিটি বৃক্কে প্রায় ১০ লাখ নেফ্রন থাকে। প্রতিটি নেফ্রন একটি রেনাল করপাসল বা মালপিজিয়ান অঙ্গ এবং রেনাল টিউব্যুল নিয়ে গঠিত।
উত্তর-গ.
রহমান সাহেবের রোগটি নিউমোনিয়া। এটি ফুসফুসের রোগ। নিউমোকক্কাস নামক ব্যাকটেরিয়ার আক্রমণে এ রোগ হয়। অত্যধিক ঠান্ডা লাগলে এ রোগ হয়। কাজেই রহমান সাহেবের যাতে ঠান্ডা না লাগে, সেদিকে লক্ষ রাখতে হবে। তাঁকে ধূমপান পরিহার করতে হবে। সহনীয় উষ্ণতা ও আলো-বাতাসপূর্ণ শুষ্ক পরিবেশে বসবাস করে রহমান সাহেব রোগটি প্রতিরোধ করতে পারেন।
উত্তর-ঘ.
রহমান সাহেবের রোগটির জন্য সংশ্লিষ্ট অঙ্গটি ফুসফুস। ফুসফুস শ্বসনতন্ত্রের প্রধান অঙ্গ। বক্ষগহ্বরের ভেতর হূিপণ্ডের দুই পাশে দুটি ফুসফুস অবস্থিত। এটি স্পঞ্জের মতো নরম ও কোমল, হালকা লালচে বর্ণের। ডান ফুসফুস তিন খণ্ডে এবং বাঁ ফুসফুস দুই খণ্ডে বিভক্ত। ফুসফুস দুই ভাঁজবিশিষ্ট প্লুরা নামক পর্দা দ্বারা আবৃত। দুই ভাঁজের মধ্যে একপ্রকার রস নির্গত হয়। ফলে শ্বাসক্রিয়া চলার সময় ফুসফুসের সঙ্গে বক্ষগাত্রের কোনো ঘর্ষণ লাগে না। ফুসফুসে অসংখ্য বায়ুথলি, সূক্ষ্ম শ্বাসনালি ও রক্তনালি থাকে। বায়ুথলিগুলো হলো অ্যালডিওলাস। নাসাপথ দিয়ে বায়ু সরাসরি বায়ুথলিতে যাতায়াত করতে পারে। বায়ুথলি পাতলা আবরণ দ্বারা আবৃত এবং প্রতিটি বায়ুথলি কৈশিক নালিকা দ্বারা পরিবেষ্টিত। বায়ু প্রবেশ করলে এগুলো ফুলে ওঠে ও পরে আপনাআপনি সংকুচিত হয়। বায়ু ও কৈশিক নালিকার গাত্র এত পাতলা যে, এর ভেতর দিয়ে গ্যাসীয় আদান-প্রদান ঘটে।
অপরদিকে রহমান সাহেবের ছেলে অপুর আক্রান্ত অঙ্গটি বৃক্ক। এটি মানবদেহের প্রধান রেচন অঙ্গ। উদরগহ্বরের পেছনের অংশে মেরুদণ্ডের দুই দিকে বক্ষপিঞ্জরের নিচে পৃষ্ঠপ্রাচীর-সংলগ্ন অবস্থায় দুটি বৃক্ক অবস্থান করে। প্রতিটি বৃক্কের আকৃতি শিমবীজের মতো এবং লালচে রঙের। বৃক্কের বাইরের দিকটি উত্তল এবং ভেতরের দিকটি অবতল হয়। অবতল অংশের ভাঁজকে হাইলাস বলে। হাইলাসে অবস্থিত গহ্বরকে পেলভিস বলে। পেলভিস থেকে দুটি ইউরেটার বের হয়ে মূত্রাশয়ে প্রবেশ করে। হাইলাসের ভেতর থেকে ইউরেটার ও রেনাল শিরা বের হয় এবং রেনাল ধমনি বৃক্কে প্রবেশ করে। প্রতিটি বৃক্কে বিশেষ একধরনের নালিকা থাকে, যাকে ইউরিনিফেরাস নালিকা বলে। প্রতিটি ইউরিনিফেরাস নালিকা দুটি প্রধান অংশে বিভক্ত। যথা: নেফ্রন ও সংগ্রাহী নালিকা। সুতরাং উপরিউক্ত আলোচনা থেকে প্রতীয়মান হয় যে, রহমান সাহেব ও তাঁর ছেলের রোগ দুটির জন্য সংশ্লিষ্ট অঙ্গ গঠনগত দিক দিয়ে ভিন্ন।
প্রভাষক
রূপনগর মডেল স্কুল ও কলেজ, ঢাকা