জীববিজ্ঞান
অধ্যায়-৩প্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ জীববিজ্ঞান বিষয়ের ৩ নম্বর অধ্যায় থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তরের শেষ অংশ নিয়ে আলোচনা করবো। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য অধ্যায়টির বিষয়বস্তু ভালোভাবে পড়বে। প্রশ্ন: ঘ. ‘সন্তান ছেলে হবে নাকি মেয়ে হবে তা মায়ের ওপর নির্ভর করে না’— যথার্থতা নিরূপন কর।উত্তর: ঘ. ছেলে কিংবা মেয়েসন্তান জন্মের জন্য মা দায়ী না থাকার কারণ: সন্তান ছেলে হবে নাকি মেয়ে হবে তা মায়ের উপর নির্ভর করে না কারণ, সন্তান ছেলে হবে, না মেয়ে হবে, তা নির্ভর করে পুরুষের সেক্স ক্রোমোসোমের বিন্যাসের ওপর।মানুষের যত জোড়া ক্রোমোসোম আছে, এর মধ্যে স্ত্রী ও পুরুষের উভয় ক্ষেত্রেই ২২ জোড়া অটোসোম এবং একজোড়া সেক্স ক্রোমোসোম থাকে। এই এক জোড়া ক্রোমোসোম মানুষের লিঙ্গ নির্ধারণ করে। সেক্স ক্রোমোসোমের একটি হলো x ক্রোমোসোম এবং অন্যটি হলো y ক্রোমোসোম। পুরুষের সেক্স ক্রোমোসোম হলো xy এবং স্ত্রীর সেক্স ক্রোমোসোম xx। পুরুষের গ্যামেট (শুক্রাণু. x ও y ক্রোমোসোম বহন করবে। কিন্তু স্ত্রীর গ্যামেট শুধু x ক্রোমোসোম বহন করবে। স্ত্রীর x ডিম্বাণুর সঙ্গে যদি পুরুষের x শুক্রাণুর মিলন হয়, তবে সন্তানের সেক্স ক্রোমোসোম হবে xx, অর্থাৎ মেয়ে। বিপরীতভাবে স্ত্রীর x ডিম্বাণুর সঙ্গে যদি পুরুষের y শুক্রাণুর মিলন হয়, তবে সন্তানের সেক্স ক্রোমোসোম হবে xy, অর্থাৎ ছেলে।দেখা যাচ্ছে, y ক্রোমোসোম না থাকলে কখনো ছেলে হবে না। স্ত্রীতে কোনো y ক্রোমোসোম থাকে না। y ক্রোমোসোম শুধু পুরুষেরই থাকে। কাজেই কোনো দম্পতির যদি কোনো ছেলেসন্তান না হয়, তবে এর জন্য স্বামীর সেক্স ক্রোমোসোম দায়ী, স্ত্রীর সেক্স ক্রোমোসোম কোনোক্রমেই দায়ী নয়। তাই মেয়েসন্তান বা ছেলেসন্তান জন্মের জন্য মা দায়ী নয়।