জীববিজ্ঞান
অধ্যায়-১৪প্রিয় শিক্ষার্থীরা, আজ জীববিজ্ঞান বিষয়ের ১৪ নম্বর অধ্যায় ‘পরিবেশ দূষণ ও পরিবেশ সংরক্ষণ’ থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য বিষয়বস্তুটি ভালোভাবে পড়বে। আশিক দীর্ঘদিন ধরে ঢাকায় বাস করে। ঢাকার দূষণের সঙ্গে সে ভালোভাবেই পরিচিত। কিছুদিন আগে সে একটি গ্রামে বেড়াতে যায়। আশিক লক্ষ করল, ঢাকার তুলনায় এখানে পরিবেশ দূষণ অনেক কম। এ ব্যাপারে তার চাচার কাছে জিজ্ঞাসা করলে তিনি বললেন, ‘ঢাকা শহরে যানবাহনের সংখ্যা বেশি এবং বনভূমির পরিমাণ কম থাকায় এখানে দূষণের মাত্রা বেশি। যানবাহন ও কলকারখানার সংখ্যা বৃদ্ধি এবং বনভূমির পরিমাণ হ্রাসের দীর্ঘমেয়াদি প্রভাবে এ পৃথিবী মানুষের বসবাসের অনুপযোগী হয়ে যাচ্ছে।’ ক. শিল্পায়ন কাকে বলে? খ. গ্রিন হাউস প্রতিক্রিয়া বলতে কী বোঝো? গ. আশিক যে শহরে বাস করে সে শহরে দূষণ বেশি হয় কেন? ব্যাখ্যা করো। ঘ. যানবাহন ও কলকারখানার সংখ্যা বৃদ্ধি এবং বনভূমির পরিমাণ হ্রাসের দীর্ঘমেয়াদি প্রভাব সম্পর্কে চাচার বক্তব্যের গুরুত্ব বিশ্লেষণ করো। উত্তর: ক. শিল্পায়ন: মানুষের বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী উৎপাদন বা তৈরির জন্য বাণিজ্যিক ভিত্তিতে কলকারখানা, যন্ত্রপাতি স্থাপন করাকে শিল্পায়ন বলে। উত্তর: খ. সূর্যের তাপ পৃথিবীর বায়ুমণ্ডলের ভেতর দিয়ে ভূ-পৃষ্ঠে পৌঁছে ভূ-পৃষ্ঠকে উত্তপ্ত করে। এ তাপের অনেকটাই বিকিরিত হয়ে মহাশূন্যে ফিরে যায়। ফলে পৃথিবী খুব বেশি উত্তপ্ত হয় না। অপরদিকে বায়ুমণ্ডল কিছুটা তাপ ধরে রাখার জন্য পৃথিবী বেশি ঠান্ডাও হয় না। কিন্তু অধিক হারে জনসংখ্যা বৃদ্ধি ও গাছপালা নিধনের ফলে বায়ুমণ্ডলে কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। এই কার্বন ডাই-অক্সাইড অধিক হারে সূর্যতাপ ধরে রাখে। ফলে বায়ুমণ্ডলের সঙ্গে পৃথিবীর তাপমাত্রাও বৃদ্ধি পায়। পৃথিবীর তাপ বায়ুমণ্ডলের কার্বন ডাই-অক্সাইডের ভেতর দিয়ে মহাশূন্যে যেতে না পারার কারণে পৃথিবী উত্তপ্ত হয়। পৃথিবীর তাপ বৃদ্ধির এই প্রক্রিয়াকে বলা হয় গ্রিন হাউস প্রতিক্রিয়া। উত্তর: গ. আশিক দীর্ঘদিন ঢাকা শহরে বাস করে। বিভিন্ন কারণে এ শহরের পরিবেশ দূষিত হয়ে পড়ছে। শিল্পকলকারখানাগুলো প্রধানত ঢাকা শহর বা শহরসংলগ্ন এলাকায় গড়ে উঠেছে। এসব শিল্পকারখানা থেকে প্রতিনিয়ত বাতাসে CO2, CO, NO2, CH4 ইত্যাদি গ্যাস মিশ্রিত হয়ে বায়ুকে দূষিত করছে। ঢাকায় প্রতিনিয়ত চলছে বিভিন্ন ধরনের যানবাহন। এসব যানবাহন থেকে নির্গত কালো ধোঁয়া বায়ুকে দূষিত করছে। ঢাকা শহরে প্রতিনিয়ত বনভূমি ধ্বংস করে স্কুল, কলেজ, অফিস, বাসগৃহ নির্মাণ করা হচ্ছে। বায়ুকে দূষণমুক্ত রাখার জন্য প্রয়োজনীয় বনভূমির অভবে CO2 ও O2-এর ভারসাম্য বিনষ্ট হয়ে বায়ু দূষিত হচ্ছে। এ কারণে আশিক যে শহরে বাস করে সে শহরে দূষণ বেশি হচ্ছে। # পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল