জীববিজ্ঞান
অধ্যায়-৮প্রিয় শিক্ষার্থীরা, আজ জীববিজ্ঞান বিষয়ের ৮ নম্বর অধ্যায় থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব।# কনক গ্রামে ঘুরতে ঘুরতে একটি ডোবার মধ্যে মাছের মতো কিছু প্রাণী লক্ষ করল। কিছুদিন পর সে যখন ওই স্থানে এল তখন দেখল, ডোবার মধ্যে আর ওই ধরনের প্রাণী নেই; বরং তার চারপাশে কিছু প্রাণী লাফিয়ে চলাচল করছে।প্রশ্ন: ক. কঙ্কালতন্ত্র কাকে বলে?প্রশ্ন: খ. ব্যাঙকে কেন শীতল রক্তবিশিষ্ট প্রাণী বলা হয়?প্রশ্ন: গ. কনকের পর্যবেক্ষণকৃত মাছের মতো প্রাণীর গঠন বর্ণনা করো।প্রশ্ন: ঘ. তুমি কি মনে করো কনকের পর্যবেক্ষণকৃত মাছের মতো প্রাণীই পরবর্তী সময়ে লাফিয়ে চলাচল করছে? মতামত দাও।উত্তর: ক. যে তন্ত্র দেহের কাঠামো দান, নির্দিষ্ট আকৃতি তৈরি ও নরম অঙ্গগুলোকে (যেমন: হূৎপিণ্ড, ফুসফুস) সংরক্ষণ করে, তাকে কঙ্কালতন্ত্র বলে।উত্তর: খ. যেসব প্রাণীর দেহের তাপমাত্রা পরিবেশের তাপমাত্রার সঙ্গে ওঠানামা করে, তাদের শীতল রক্তবিশিষ্ট প্রাণী বলে। ব্যাঙের দেহের তাপমাত্র আবহাওয়ার তাপমাত্রার সঙ্গে ওঠানামা করে। এ জন্য ব্যাঙকে শীতল রক্তবিশিষ্ট প্রাণী বলা হয়।উত্তর: গ. কনকের পর্যবেক্ষণকৃত মাছের মতো প্রাণী হলো ব্যাঙাচি। ব্যাঙাচির দেহ তিনটি অংশে বিভক্ত। যথা: গোলাকার মাথা, ছোট সরু দেহকাণ্ড ও চ্যাপ্টা লেজ। ব্যাঙাচির অঙ্কীয় দিকে দেহের দেহকাণ্ড ও লেজের সংযোগস্থলে অবসারণি ছিদ্র থাকে। ব্যাঙাচির মুখছিদ্র, পা ও চোখ—কিছুই থাকে না। মুখছিদ্রের পরিবর্তে মুখের এক পাশে সাকার বা চোষক থাকে। এ চোষকের সাহায্যে ব্যাঙাচি শেওলা বা অন্য কোনো জলজ উদ্ভিদের সঙ্গে নিজেকে আটকে রাখে। এ সময় ব্যাঙাচি কোনো খাদ্য গ্রহণ করে না, ডিমের কুসুম থেকে পুষ্টি গ্রহণ করে বেঁচে থাকে।মাথার দুই পাশে তিন জোড়া বহিঃফুলকা থাকে, যার সাহায্যে ব্যাঙাচি শ্বাসকার্য চালায়। পরবর্তী পর্যায়ে চোষকের জায়গায় মুখ গঠিত হয়। এ সময় ব্যাঙাচি পানিতে সাঁতরে বেড়ায় এবং জলজ খাদ্য খেতে শুরু করে। লেজের ওপরের দিকে পাখনার মতো ভাঁজ সৃষ্টি হয়। প্যাঁচানো পৌষ্টিক নালি দেহের ওপর থেকে আবছা দেখা যায়। ব্যাঙাচির ফুলকাগুলো মাছের মতো কানকো দিয়ে ঢাকা থাকে। পানিতে দ্রবীভূত অক্সিজেন ফুলকার সংস্পর্শে আসে এবং শ্বাসকার্য চালায়।উত্তর: ঘ. কনকের পর্যবেক্ষণকৃত মাছের মতো প্রাণী হলো ব্যাঙাচি। ব্যাঙাচি অবস্থায় এদের মুখচিত্র, পা ও চোখ—কিছুই থাকে না। মুখছিদ্রের পরিবর্তে মুখের এক পাশে সাকার বা চোষক থাকে। মাথার দুই পাশে তিন জোড়া বহিঃফুলকার সাহায্যে এরা শ্বাসকার্য চালায়। পরবর্তী পর্যায়ে চোষকের জায়গায় মুখ গঠিত হয়। বহিঃফুলকা লোপ পায় এবং দেহের ভেতরে অন্তঃফুলকা গঠিত হয়। ইতিমধ্যে মাথার সম্মুখভাগে শক্ত চোয়াল গঠিত হয়। আরও কিছুদিন পর ফুলকা দেহের অভ্যন্তরে বিলীন হয়ে যায় এবং ফুসফুস গঠিত হয়। প্রথমে পশ্চাৎপদ এবং পরে অগ্রপদ গঠিত হয়। লেজ ক্রমশ দেহের ভেতর লুপ্ত হয়। পৌষ্টিক নালি আকারে ছোট হয়। মুখের চোয়ালের ধারালো অংশ খসে পড়ে এবং মুখছিদ্র প্রশস্ত হয়। এ সময় ব্যাঙাচি খুদে ব্যাঙে রূপান্তরিত হয় এবং ছোট কীটপতঙ্গ, পোকামাকড় খেয়ে আস্তে আস্তে বড় হতে থাকে। একসময় ব্যাঙের লেজ সম্পূর্ণ লোপ পায়, দেহের অঙ্গ-প্রত্যঙ্গ সুগঠিত হয়ে শিশু ব্যাঙ পূর্ণাঙ্গ ব্যাঙে রূপান্তরিত হয়। অর্থাৎ, কনক মাছের মতো যে প্রাণী প্রত্যক্ষ করেছিল তা ছিল ব্যাঙাচি এবং কিছুদিন পর যে প্রাণী লাফিয়ে চলাচল করছিল সেগুলো ছিল পূর্ণাঙ্গ ব্যাঙ। সুতরাং, উপরিউক্ত আলোচনা থেকে প্রতীয়মান হয় যে কনকের পর্যবেক্ষণকৃত মাছের মতো (ব্যাঙাচি) প্রাণীই পরবর্তী সময়ে পূর্ণাঙ্গ ব্যাঙে রূপান্তরিত হয়ে লাফিয়ে চলাচল করছে।