জীববিজ্ঞান
# নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও।রাকিবের তিন বছরের বোন তিশার কিছুদিন ধরে খুসখুসে কাশি হচ্ছে। এ ছাড়া তার অন্য কোনো উপসর্গ নেই। তাদের বাসার রহিমা বুয়া পাশের বস্তিতে থাকে। তার সোয়া তিন বছরের ছেলে মুরাদেরও কিছুদিন ধরে খুসখুসে কাশি হচ্ছে। এর পাশাপাশি তার পেট ফুলে গেছে এবং খাবারে অরুচি দেখা দিয়েছে। একদিন রাকিব ও তার বাবা ডাক্তারের কাছে গেলেন তিশা ও মুরাদকে নিয়ে। রাকিব খেয়াল করল, মুরাদ খুবই অপরিচ্ছন্ন এবং খালি পায়ে এসেছে। সেই হিসেবে তার বোন তিশা অনেক পরিচ্ছন্ন। ডাক্তার তাদের ভালোভাবে দেখে দুজনকে দু রকম ওষুধ দিলেন। এতে রাকিব একটু অবাকই হলো।ক. অ্যাস্কারিয়াসিস রোগের পরজীবী কোনটি?খ. গোলক্রিমির পৌষ্টিক গ্রন্থি নেই কেন? ব্যাখ্যা করো।গ. ডাক্তার তিশা ও মুরাদকে দুই রকম ওষুধ দিলেন কেন?ঘ. অ্যাস্কারিয়াসিস রোগ থেকে কীভাবে মুরাদের মতো শিশুদের মুক্ত রাখা যাবে তা ওপরের উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো। উত্তর: ক. অ্যাস্কারিয়াসিস রোগের পরজীবী হলো গোলক্রিমি।উত্তর: খ. আমরা জানি, পৌষ্টিক গ্রন্থি থেকে নিঃসৃত এনজাইম খাদ্য পরিপাকে সাহায্য করে, যা সাধারণত উন্নত প্রাণীর পরিপাকতন্ত্রে দেখা যায়। কিন্তু গোলকৃমি একটি অন্তপরজীবী। এরা মানুষের অন্ত্রে বাস করে পরিপাককৃত খাদ্য শোষণ করে। তাই এদের আলাদা করে খাদ্য পরিপাক করার প্রয়োজন হয় না এবং এ কারণে এদের দেহে উন্নত প্রাণীদের মতো পৌষ্টিক গ্রন্থি নেই।উত্তর: গ. খুসখুসে কাশি একাধিক কারণে হতে পারে। এর একটি কারণ হলো অ্যাস্কারিয়াসিস। এই রোগে রোগীর আর যেসব সমস্যা হতে পারে তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো রোগীর পেট ফুলে যাওয়া, খাবারে অরুচি ইত্যাদি। মুরাদের খুসখুসে কাশির পাশাপাশি এই উপসর্গগুলোও দেখা দিয়েছে। বলা যায়, মুরাদের অ্যাস্কারিয়াসিস রোগ হয়েছে।আর তিশার যেহেতু খুসখুসে কাশি ছাড়া অন্য কোনো উপসর্গ নেই সেহেতু তিশার রোগ মুরাদের থেকে ভিন্ন। তাই ডাক্তার তাদের দুজনকে দু রকম ওষুধ দিলেন।উত্তর: ঘ. বাংলাদেশের অধিকাংশ এলাকার শিশুরা বেড়ে ওঠে অস্বাস্থ্যকর পরিবেশে, যেখানে গোলক্রিমির সংক্রমণ বেশি। বিশেষ করে এসব এলাকায় বেড়ে ওঠা শিশুদের অ্যাস্কারিয়াসিস রোগের সংক্রমণের প্রবণতা বেশি। মুরাদ বেড়ে উঠেছে বস্তিতে যেখানে পরিবেশ অস্বাস্থ্যকর। এ ছাড়া সে খুবই অপরিচ্ছন্ন এবং খালি পায়ে চলাফেরা করে। উদ্দীপকের বিবরণের ভিত্তিতে ধরে নেওয়া যায়, সে ঠিকমতো নখও কাটে না। ফলে তার অ্যাস্কারিয়াসিস রোগ খুব সহজে দেখা দিয়েছে। তাই অ্যাস্কারিয়াসিস রোগ থেকে মুরাদের মতো শিশুদের মুক্ত রাখতে নিজে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকার পাশাপাশি আশপাশের পরিবেশও পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। এ ক্ষেত্রে যেসব বিষয় বিশেষভাবে খেয়াল রাখতে হবে সেগুলো হলো: জুতা/স্যান্ডেল পরে চলাফেরা করা, পাকা পায়খানা ব্যবহার করা, হাতের নখ ছোট রাখা, কাঁচা ফলমূল ধুয়ে খাওয়া, ঠান্ডা ও পচা-বাসি খাবার খাওয়া থেকে বিরত থাকা।