জীববিজ্ঞান তথা বিজ্ঞানশিক্ষার প্রতি শিক্ষার্থীদের আগ্রহ বাড়াতেই এ আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অণুজীববিজ্ঞান বিভাগ প্রাক-বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের জন্য প্রথমবারের মতো প্রাণরসায়ন অলিম্পিয়াডের আয়োজন করছে। ৮ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে অনুষ্ঠিত হবে এ অলিম্পিয়াড। অলিম্পিয়াড সম্পর্কে কমিটির সদস্যসচিব শান্তনু সাহা রায় জানান, এ শতক জৈবপ্রযুক্তির। আর জৈবপ্রযুক্তির প্রাণ হচ্ছে প্রাণরসায়ন। জৈবপ্রযুক্তিকে সঠিকভাবে অনুধাবনের জন্য প্রাণরসায়নে জ্ঞানলাভ অত্যাবশ্যক। দেশের প্রাক-বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে প্রাণরসায়নকে পরিচিত করে তোলা, শিক্ষার্থীদের মধ্যে জীববিজ্ঞান বিষয়ে আগ্রহী করে তোলা এবং সর্বোপরি বিজ্ঞান শিক্ষার প্রতি শিক্ষার্থীদের আগ্রহী করার জন্য প্রাণরসায়ন অলিম্পিয়াডের আয়োজন করা হচ্ছে। প্রাণরসায়ন অলিম্পিয়াডে ৩০টি শিক্ষাপ্রতিষ্ঠানের ২৩০ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে। অলিম্পিয়াড হবে সকাল ১০টা থেকে ১১টা। দিনব্যাপী এ আয়োজনে আছে অলিম্পিয়াডের শিখা প্রজ্বালন, প্রাণরসায়নের জনপ্রিয় বিষয় নিয়ে আলোচনা, প্রাণরসায়ন ও অনুপ্রাণবিজ্ঞান বিভাগ পরিদর্শন, ভিডিও চিত্র প্রদর্শন, প্রশ্নোত্তর পর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। প্রাণরসায়ন অলিম্পিয়াডে অংশগ্রহণকারীদের তালিকা, নমুনা প্রশ্নসহ বিস্তারিত তথ্য পাওয়া যাবে অলিম্পিয়াডের ওয়েবসাইটে (ঠিকানা: www.biochemolympiad.org )।