
সৃজনশীল প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থীরা, জীববিজ্ঞান ১ম পত্রের অধ্যায়-৩ থেকে একটি সৃজনশীল প্রশ্নোত্তর দেওয়া হলো।
ব্যবহারিক ক্লাসে সাত্তার স্যার শিক্ষার্থীদের দুই ধরনের পলিস্যাকারাইডের নমুনা দেখালেন। প্রথম নমুনাটি উদ্ভিদদেহে সঞ্চিত পদার্থরূপে এবং দ্বিতীয় নমুনাটি উদ্ভিদের কোষপ্রাচীর গঠনে অংশগ্রহণ করে।
প্রশ্ন:
ক. লিপিড কাকে বলে?
খ. DNA বলতে কী বোঝায়?
গ. দ্বিতীয় নমুনাটির গঠন বর্ণনা করো।
ঘ. প্রথম ও দ্বিতীয় নমুনা একটি অপরটি থেকে ভিন্ন—বিশ্লেষণ করো।
উত্তর: ক
কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেনের সমন্বয়ে গঠিত স্নেহজাতীয় পদার্থকে লিপিড বলা হয়।
উত্তর: খ
সজীব কোষে অবস্থিত স্বপ্রজননক্ষণ, পরিব্যক্তিতে সক্ষম, বিভিন্ন ধরনের জৈবিক কাজের নিয়ন্ত্রক এবং বংশগতির ধারক ও বাহক নিউক্লিক অ্যাসিডকে DNA বলে। অন্যভাবে বলা যায়, ডি-অক্সিরাইবোজ নামক পেন্টোজ সুগার, অ্যাডিনিন-গুয়ানিন-সাইটোসিন ও থায়ামিন নামক নাইট্রোজেনঘটিত ক্ষারকসমূহ এবং ফসফোরিক অ্যাসিড সহযোগে গঠিত কোষস্থ জৈব অ্যাসিডের নাম DNA। জীবকোষের অধিকাংশ DNA থাকে ক্রোমোসোমসমূহে। কারণ, ক্রোমোসোমের মূল উপাদানই হলো DNA।
উত্তর: গ
দ্বিতীয় নমুনাটি সেলুলোজ, যা একধরনের পলিস্যাকারাইড। উদ্ভিদের কোষপ্রাচীর সেলুলোজ দিয়ে গঠিত। অসংখ্য -D গ্লুকোজ অণু পরস্পর -১-৪ কার্বন বন্ধনে আবদ্ধ হয়ে সেলুলোজ তৈরি করে। উদ্ভিদের অবকাঠামো নির্মাণে সেলুলোজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
সেলুলোজ ঘন H2SO4 বা Hcl বা NaOH দ্বারা হাইড্রোলাইসিস করে গ্লুকোজে পরিণত করা যায়। সেলুলোজ স্বাদহীন, গন্ধহীন, সাদা ও কঠিন জৈব রাসায়নিক পদার্থ। এটি পানিতে অদ্রবণীয়, অবিজারক, আণবিক ওজন দুই লাখ থেকে কয়েক লাখ। এটি মিষ্টিবর্জিত এবং বিজারণ ক্ষমতাহীন। এটি ফাইবার সদৃশ ও শক্ত।
উত্তর: ঘ
প্রথম নমুনাটি স্টার্চ ও দ্বিতীয় নমুনাটি সেলুলোজ। নিচে স্টার্চ ও সেলুলোজের ধর্ম ও বৈশিষ্ট্য আলোচনা করা হলো:
১. স্টার্চ অণুতে প্রায় ১২০০ থেকে ৬০০০ গ্লুকোজ একক ╡-গ্লাইকোসাইডিক বন্ধন দ্বারা যুক্ত থাকে। কিন্তু সেলুলোজে প্রায় ৩০০ থেকে ৩০০০ গ্লুকোজ একক -গ্লাইকোসাইডিক বন্ধন দ্বারা যুক্ত থাকে।
২. স্টার্চ হলো ╡-D গ্লুকোজ পলিমার। আর সেলুলোজ হলো -D গ্লুকোজ পলিমার।
৩. স্টার্চ অণু শাখান্বিত গ্লুকোজ পলিমার। সেলুলোজ অণু অশাখান্বিত, অর্থাত্ সরল শিকল পলিমার।
৪. স্টার্চ উদ্ভিদদেহে সঞ্চিত খাদ্য হিসেবে থাকে। পক্ষান্তরে সেলুলোজ উদ্ভিদদেহে গাঠনিক উপাদান হিসেবে থাকে।
৫. স্টার্চ আয়োডিনের সঙ্গে বিক্রিয়া করে নীলবর্ণ ধারণ করে। সেলুলোজ আয়োডিনের সঙ্গে বিক্রিয়া করে কোনো বর্ণ ধারণ করে না।
৬. স্টার্চ গরু, ছাগল ও মানুষ হজম করতে পারে। কিন্তু সেলুলোজ গরু, ছাগল হজম করতে পারলেও মানুষ তা পারে না।
সুতরাং, উপরিউক্ত আলোচনা থেকে প্রতীয়মান হয়, প্রথম নমুনা (স্টার্চ) দ্বিতীয় নমুনা (সেলুলোজ) থেকে ভিন্ন।
প্রভাষক
রূপনগর মডেল স্কুল ও কলেজ, ঢাকা