জীববিজ্ঞান ১ম পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৃজনশীল প্রশ্নোত্তর: অধ্যায়-১১
প্রিয় শিক্ষার্থীরা, আজ জীববিজ্ঞান ১ম পত্রের অধ্যায়-১১ থেকে একটি সৃজনশীল প্রশ্নোত্তর দেওয়া হলো।
এক্সপ্লান্ট নির্বাচন কালচার মিডিয়াম মিডিয়ামে টিস্যু ক্যালাস সৃষ্টি চারা উত্পাদন প্রাকৃতিক পরিবেশে
তৈরি স্থাপন স্থানান্তর'
প্রশ্ন:
ক. রেস্ট্রিকশন এনজাইম কী?
খ. বায়োগ্যাস বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকের প্রক্রিয়াটি ব্যাখ্যা করো।
ঘ. উদ্ভিদ প্রজনন ও উন্নত জাত উদ্ভাবনে উল্লিখিত প্রক্রিয়াটির ভূমিকা বিশ্লেষণ করো।

উত্তর-ক:
যে এনজাইম প্রয়োগ করে DNA অণুর সুনির্দিষ্ট অংশ কর্তন করা যায়, তাকে রেস্ট্রিকশন এনজাইম বলে।

উত্তর-খ:
যেকোনো পচনশীল জৈব পদার্থ যেমন গোবর, হাঁস-মুরগির বিষ্ঠা, মলমূত্র, আবর্জনা, লতাপাতা, গৃহস্থালির বর্জ্য ইত্যাদি বাতাসের অনুপস্থিতিতে বিশেষভাবে পচনের ফলে যে বর্ণহীন গ্যাস উত্পন্ন হয়, তাকে বায়োগ্যাস বলে। বায়োগ্যাসের শতকরা ৬০-৭০ ভাগ মিথেন। তাই একে জ্বালানি হিসেবে ব্যবহার করা যায়। সাধারণত অবায়বীয় ব্যাকটেরিয়ার কার্যকারিতায় গোবর, হাঁস-মুরগির বিষ্ঠা, মানুষের মল, সব ধরনের আবর্জনা ইত্যাদি পচে এ গ্যাস সৃষ্টি হয়।

উত্তর-গ:
উদ্দীপকের প্রক্রিয়াটি টিস্যু কালচার। নিচে টিস্যু কালচার প্রক্রিয়াটি বর্ণনা করা হলো:

১। এক্সপ্লান্ট নির্বাচন: এক্সপ্লান্ট হলো ওই উদ্ভিদাংশ, টিস্যু কালচারে ব্যবহারের জন্য যাকে কোনো উদ্ভিদ থেকে পৃথক করা হয়। যে উদ্ভিদ থেকে এক্সপ্লান্ট নেওয়া হবে ওই উদ্ভিদটি অবশ্যই নীরোগ ও উত্কৃষ্ট বৈশিষ্ট্যমণ্ডিত হতে হবে।
২। কালচার মিডিয়াম: টিস্যু কালচার কাজের জন্য প্রাথমিকভাবে একটি কালচার মিডিয়াম তৈরি করা আবশ্যক। উদ্ভিদের পুষ্টি ও বৃদ্ধির জন্য সেসব রাসায়নিক উপাদান প্রয়োজন হয়, তার সমন্বয়ে এ মিডিয়াম প্রস্তুত করা হয়। বিভিন্ন ধরনের মুখ্য ও গৌণ উপাদান, ভিটামিন, সুকরোজ, ফাইটোহরমোন প্রভৃতি এ মিডিয়ামে থাকা প্রয়োজন।
৩. জীবানুমুক্তকরণ: কালচার মিডিয়ামে পুষ্টি উপাদান থাকে। ফলে এতে সহজেই জীবাণু জন্মাতে পারে। কিন্তু কালচার করার জন্য মিডিয়াম এবং এক্সপ্লান্ট অবশ্যই জীবাণুমুক্ত থাকা আবশ্যক। তাই মিডিয়ামকে কনিক্যাল ফ্লাস্ক বা টেস্টটিউবে ঢেলে নির্জীবকরণ তুলা দিয়ে পাত্রের মুখ বন্ধ করে দেওয়া হয়, যাতে বায়ু ঢুকতে না পারে। এরপর পাত্রটিকে নির্জীবকরণ যন্ত্র দিয়ে জীবাণুমুক্ত করা হয়।
৪. মিডিয়ামে এক্সপ্লান্ট স্থাপন: এক্সপ্লান্ট নির্জীব করে (সঙ্গে হাত, ঢিমটা ইত্যাদিকে অ্যালকোহল দিয়ে নির্জীব করতে হয়) সম্পূর্ণ নির্জীব অবস্থায় কাচপাত্রে রাখা মিডিয়ামে স্থাপন করা হয়।
৫. ক্যালাস সৃষ্টি ও সংখ্যাবৃদ্ধি: মিডিয়ামে এক্সপ্লান্ট তথা টিস্যু স্থাপনের পর পাত্রটিক একটি বৈদ্যুতিক আলো (৩০০০-৫০০০ লাক্স) ও তাপমাত্রা (১৭০-২০০ সে.) নিয়ন্ত্রিত কক্ষে রাখা হয়। কয়েক দিন পর টিস্যুটি বারবার বিভাজিত হয়ে একটি কোষীয় মণ্ডে পরিণত হয়। এই কোষীয় মণ্ডকে ক্যালাস বলে। ক্যালাস থেকে একসময় অসংখ্য মুকুল সৃষ্টি হয়।
৬. চারা উত্পাদন: মুকুলগুলোকে সাবধানে কেটে নিয়ে মূল উত্পাদনকারী মিডিয়ামে রাখা হয় এবং সেখানে প্রতিটি মুকুল মূল সৃষ্টি করে পূর্ণাঙ্গ চারায় পরিণত হয়।
৭. চারা টবে স্থানান্তর: উপযুক্ত অসংখ্য সুগঠিত মূল সৃষ্টি হলে পূর্ণাঙ্গ চারা গাছ কালচার করা পাত্র থেকে সরিয়ে নিয়ে ধীর প্রক্রিয়ায় সাবধানতার সঙ্গে টবে স্থানান্তর করা হয়।
৮. প্রাকৃতিক পরিবেশে স্থানান্তর: টবসহ চারা গাছকে কিছুটা আর্দ্র পরিবেশে রাখা হয়। তবে রোপিত চারা গাছকে কক্ষের বাইরে রেখে মাঝেমধ্যে বাইরের প্রাকৃতিক পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিতে হয়। পূর্ণাঙ্গ চারা গাছগুলো সজীব ও সবল হয়ে উঠলে সেগুলোকে একপর্যায়ে প্রাকৃতিক পরিবেশে মাটিতে লাগানো হয়।

উত্তর-ঘ:
উল্লিখিত প্রক্রিয়াটি টিস্যু কালচার। টিস্যু কালচার প্রযুক্তি উদ্ভিদ প্রজনন ও উন্নত জাত উদ্ভাবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নিচে এর বিভিন্ন দিক সম্পর্কে আলোকপাত করা হলো:
১. চারা উত্পাদন: যেসব উদ্ভিদের বীজ উত্পাদন করা সম্ভব হয় না (যেমন সাগর কলা) সেসব উদ্ভিদের ক্ষেত্রে টিস্যু কালচার প্রয়োগ করে চারা গাছ উত্পাদন ও বিপণন করা যায়।
২. উদ্ভিদ সংরক্ষণ: বর্তমানে অনেক বিলুপ্তপ্রায় উদ্ভিদকে বিলুপ্তির হাত থেকে রক্ষা করার জন্য টিস্যু কালচার প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। কারণ, স্বল্প সময়ে উল্লিখিত উদ্ভিদ থেকে চারা গাছ উত্পাদন করা এ প্রযুক্তি ব্যবহারেই সম্ভব।
৩. ভ্রুণ কালচার: টিস্যু কালচার প্রযুক্তির আরেকটি বিশেষ দিক হলো ভ্রুণ কালচার। ভ্রূণকালচারের মাধ্যমে উদ্ভিদ প্রজননবিদ্যা অনেক সমস্যার সমাধান করা যায়। বিশেষ করে আন্তঃপ্রজাতি সংকরের ক্ষেত্রে ভ্রূণ পূর্ণতা লাভ না করায় সংকর উদ্ভিদ পাওয়া সম্ভব হয় না, সেসব ক্ষেত্রে সংকরায়ণের পর ভ্রূণ কালচার করা হয়। ফলে ভ্রূণ নষ্ট হয় না এবং পরবর্তী সময়ে এ ভ্রূণ বিকাশ লাভ করে পূর্ণাঙ্গ সংকর উদ্ভিদ উত্পাদন করে। এভাবে উত্পাদিত সংকর উদ্ভিদের সাহায্যে উন্নত জাত উদ্ভাবন করা সম্ভব।
৪. মেরিস্টেম কালচার: উদ্ভিদের শীর্ষমুকুলের অগ্রভাগের টিস্যুকে মেরিস্টেম বলে। মেরিস্টেম কালচারের মাধ্যমে উত্পাদিত চারা গাছ সাধারণত রোগমুক্ত হয়ে থাকে। কারণ, মেরিস্টেম টিস্যুতে কোনো রোগ-জীবাণু থাকে না।
৫. অধিক চারা উত্পাদন: টিস্যু কালচার পদ্ধতি প্রয়োগ করে একটি মাত্র উদ্ভিদ থেকে অল্প সময়ে অসংখ্য চারা উত্পাদন করা যায়।
৬. হ্যাপ্লয়েড লাইন: পরাগরেণু ও পরাগধানী কালচারের মাধ্যমে হ্যাপ্লয়েড উদ্ভিদ উত্পাদন করা সম্ভব। বিভিন্ন উদ্ভিদের ক্ষেত্রে কাঙ্ক্ষিত হোমোজাইগাস লাইন পাওয়া অত্যন্ত সময়সাপেক্ষ। কিন্তু পরাগরেণু বা পরাগধানী কালচারের মাধ্যমে হ্যাপ্লয়েড উদ্ভিদ উত্পন্ন করা সম্ভব হলে তা থেকে সহজেই ঈপ্সিত ডিপ্লয়েড উদ্ভিদ পাওয়া যায়। Gramineac, Solanaceae ও Cruciferac গোত্রের হ্যাপ্লয়েড লাইন প্রতিষ্ঠা করা সম্ভব হয়েছে।
৭. কোষ আবাদ ও ক্যালাস টিস্যু আবাদ: কোষ আবাদ ও ক্যালাস টিস্যু আবাদ কৌশলের মাধ্যমে একদিকে দৈহিক ভ্রূণ ও অন্যদিকে অনুচারা ও সোসাক্লোনাল ভ্যারিয়েশন উত্পন্ন করার নবযুগের সূচনা হয়েছে। দৈহিক ভ্রূণ থেকে কৃত্রিম বীজ উত্পাদন ও সোমা ক্লোনাল ভ্যারিয়েশনকে কাজে লাগিয়ে উন্নত জাত যেমন গম উদ্ভাবন করা সম্ভব হয়েছে।
প্রভাষক, রূপনগর মডেল স্কুল ও কলেজ, ঢাকা