জীববিজ্ঞান ১ম পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৃজনশীল প্রশ্নোত্তর: অধ্যায়-১২
প্রিয় শিক্ষার্থীরা, আজ জীববিজ্ঞান ১ম পত্রের অধ্যায়-১২ থেকে একটি সৃজনশীল প্রশ্নোত্তর দেওয়া হলো।

# সাত্তার সাহেব একজন প্রকৃতিপ্রেমিক মানুষ। দীর্ঘ ৬৫ বছরের জীবনে তিনি লক্ষ করেছেন, তার পরিচিত অনেক উদ্ভিদই বর্তমানে আর দেখা যায় না। বিষয়টি বুঝতে পেরে তিনি বিলুপ্তপ্রায় উদ্ভিদগুলোকে প্রাকৃতিক পরিবেশে সংরক্ষণ করার উদ্যোগ গ্রহণ করলেন।
প্রশ্ন:
ক. পপুলেশন কাকে বলে?
খ. গ্রিন হাউস ইফেক্ট বলতে কী বোঝায়?
গ. সাত্তার সাহেব উদ্ভিদ সংরক্ষণের জন্য যে পদ্ধতি গ্রহণ করেছেন তার সুবিধা উল্লেখ কর।
ঘ. উদ্ভিদ সংরক্ষণের ক্ষেত্রে সাত্তার সাহেবের উদ্যোগটি মূল্যায়ন করো।
উত্তর-ক:
একটি নির্দিষ্ট স্থানে একই সময়ে বাসকারী একই প্রজাতির একদল জীবকে বলা হয় পপুলেশন।
উত্তর-খ:
গ্রিন হাউসের কাচ নির্মিত প্রাচীরের মতো পৃথিবীকে ঘিরে বিদ্যমান গ্রিন হাউস গ্যাসসমূহ সূর্যের পতিত তাপ বিকিরণে বাধা সৃষ্টির মাধ্যমে বায়ুমণ্ডলের তাপ বৃদ্ধি করে থাকে। তাই গ্রিন হাউস গ্যাস কর্তৃক বায়ুমণ্ডলের তাপ বৃদ্ধির প্রক্রিয়াকে বলা হয় গ্রিন হাউস ইফেক্ট। বিজ্ঞানীদের ধারণা, গ্রিন হাউস ইফেক্টের কারণে বায়ুমণ্ডলের যে তাপ বৃদ্ধি হচ্ছে তার ফলে অচিরেই আইসল্যান্ডের বরফ অধিক হারে গলতে শুরু করবে এবং সাগরে পানির উচ্চতা ১ থেকে ২ মিটার বৃদ্ধি পাবে। ফলে অধিকাংশ দ্বীপাঞ্চল, যেমন মালদ্বীপসহ বাংলাদেশের এক বিশাল নিম্নাঞ্চল সাগরের লোনা পানিতে তলিয়ে যাবে। এতে কোটি কোটি মানুষ নিরাশ্রয় হয়ে পড়বে।
উত্তর-গ:
সাত্তার সাহেব বিলুপ্ত উদ্ভিদগুলোকে প্রাকৃতিক পরিবেশে সংরক্ষণ করার উদ্যোগ গ্রহণ করেছেন। উদ্ভিদ সংরক্ষণের এ পদ্ধতিকে স্ব-স্থানে সংরক্ষণ বা In-situ conservation বলে। নিচে এ পদ্ধতির সুবিধাগুলো দেওয়া হলো:
১. স্ব-স্থানে উদ্ভিদ সংরক্ষণ করলে উক্ত প্রজাতির সঙ্গে সম্পর্কযুক্ত প্রাণিকুলও সংরক্ষিত হয়।
২. যে অঞ্চলের ফ্লোরা এখনো তালিকাভুক্ত করা সম্ভব হয়নি অথবা বিশদ Study করা সম্ভব হয়নি, সে অঞ্চলে স্ব-স্থানে প্রজাতি সংরক্ষণ আবশ্যক।
৩. বিবর্তনীয় প্রক্রিয়াগুলোকে চালু রাখে।
৪. অনেক উদ্ভিদ স্বাভাবিক বৃদ্ধির জন্য মাইক্রোরাইজাল ছত্রাকের ওপর নির্ভরশীল। স্ব-স্থানে সংরক্ষণের ফলে ওই ছত্রাকও সংরক্ষিত হয় এবং উদ্ভিদের টিকে থাকা নিশ্চিত হয়।
উত্তর-ঘ:
সাত্তার সাহেব প্রত্যক্ষ করেছিলেন সময়ের পরিক্রমায় এবং মানুষের অসচেতনতার কারণে অনেক উদ্ভিদ দিন দিন বিলুপ্ত হয়ে যাচ্ছে। অথচ কোনো নির্দিষ্ট অঞ্চলের জীববৈচিত্র্য গড়ে ওঠার পেছনে বিলুপ্তপ্রায় এসব উদ্ভিদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। সব জীববৈচিত্র্য সম্মিলিতভাবে কোনো ইকোসিস্টেমকে গতিশীল রাখে। গতিশীল ইকোসিস্টেম এবং বিবর্তনধারা অব্যাহত না থাকলে পরিবর্তিত পরিবেশে হঠাত্ করেই জীববৈচিত্র্যের এক বিরাট অংশ অভিযোজনক্ষমতা হারিয়ে বিলুপ্ত হয়ে যেতে পারে। কোনো প্রাকৃতিক পরিবেশে দু-একটি প্রজাতি বিলুপ্ত হয়ে গেলে ওই এলাকার প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হয়ে যেতে পারে এবং পরিবেশ বিরাট বিপর্যয়ের মধ্যে পড়ে যায়। নগণ্য কোনো উদ্ভিদ থেকে ভবিষ্যতে মূল্যবান যুগান্তকারী ওষুধ আবিষ্কার হতে পারে, যা দিয়ে ভবিষ্যত্ প্রজন্মকে কোনো কঠিন দুরারোগ্য রোগ থেকে আরোগ্য করা যাবে। তাই ভবিষ্যতের সম্ভাবনা টিকিয়ে রাখার স্বার্থে সব উদ্ভিদকেই সংরক্ষণ করা প্রয়োজন। এ ছাড়া পর্যাপ্ত বৃষ্টিপাত নিশ্চিতকরণ, মরুকরণ রোধ, ভূমিক্ষয় রোধ, ঝড় ও জলোচ্ছ্বাস রোধ ইত্যাদি সার্থকভাবে সম্পন্ন করতে পারে পর্যাপ্ত সংখ্যক বৃক্ষ-লতা-গুল্ম। তাই উদ্ভিদ সংরক্ষণে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার এখনই উপযুক্ত সময়। সুতরাং উপরিউক্ত আলোচনা থেকে প্রতীয়মান হয়, বিলুপ্তপ্রায় উদ্ভিদ প্রজাতি রক্ষায় সাত্তার সাহেবের গৃহীত উদ্যোগটি যথাযথ ও সময়োপযোগী।
প্রভাষক
রূপনগর মডেল স্কুল ও কলেজ, ঢাকা