জীববিজ্ঞান ১ম পত্র

অধ্যায়-৬
প্রিয় শিক্ষার্থী, আজ জীববিজ্ঞান ১ম পত্রের অধ্যায়-৬ থেকে একটি সৃজনশীল প্রশ্নোত্তর দেওয়া হলো।
প্রশ্ন:
ক. জনুক্রম কাকে বলে?
খ. সারসিনেট ভার্নেশন বলতে কী বোঝায়?
গ. P থ্যালাসের প্রস্থচ্ছেদের বর্ণনা দাও।
ঘ. Q উদ্ভিদের যৌন জনন অযৌন জননের ওপর নিউরশীল— বিশ্লেষণ করো।
উত্তর: ক. কোনো জীবের জীবনচক্রে গ্যামেটোফাইটিক দশা ও স্পোরোফাইটিক দশার পর্যায়ক্রমিক আবর্তনকে জনুক্রম বলে।
উত্তর: খ. ফার্নের পাতা চিরসবুজ ও পক্ষল যৌগিক। ফার্নের পাতাকে ফ্রন্ড বলে। কচি অবস্থায় পাতাগুলো কুণ্ডলিত অবস্থায় থাকে। একে সারসিনেট

ভার্নেশন বলে। আর কুণ্ডলিত কচি পাতাকে ক্রোজিয়ার বলে।
উত্তর: গ. P হলো Riccia থ্যালাস। প্রস্থচ্ছেদে Riccia থ্যালাস দুটি পৃথক অঞ্চলে বিভক্ত।
যথা: i) ফটোসিনথেটিক বা আত্তীকরণ অঞ্চল এবং
ii) সঞ্চয়ী অঞ্চল।
i) ফটোসিনথেটিক বা আত্তীকরণ অঞ্চল: থ্যালাসের পৃষ্ঠদেশে ক্লোরোপ্লাস্টযুক্ত খাড়া কোষের সারি নিয়ে এ অঞ্চল গঠিত। ক্লোরোপ্লাস্টযুক্ত এ সারিগুলোকে আত্তীকরণ সূত্র বলে। এসব আত্তীকরণ সূত্রের মধ্যবর্তী সরু ও লম্বা নালির ন্যায় বায়ুপূর্ণ স্থানকে বায়ু প্রকোষ্ঠ বলে। প্রতিটি বায়ু প্রকোষ্ঠ বায়ুরন্ধ্রের মাধ্যমে বাইরের সঙ্গে উন্মুক্ত থাকে। আত্তীকরণ সূত্রের বাইরের কোষগুলো কিছুটা বড় ও ক্লোরোপ্লাস্টবিহীন থাকে। বর্ণহীন এ কোষগুলো থ্যালাসের ওপরিভাগে একটি অসম্পূর্ণ ঊর্ধ্বত্বক গঠন করে।
ii) সঞ্চয়ী অঞ্চল: থ্যালাসের নিম্নাংশ অর্থাৎ ফটোসিনথেটিক অঞ্চলের নিচে এ অঞ্চল অবস্থিত। এ অঞ্চলটি বর্ণহীন প্যারেনকাইমা কোষে গঠিত এবং সাধারণত আন্তকোষীয় ফাঁক বিবর্জিত। এসব কোষে প্রচুর শ্বেতসার কণা থাকে। নিম্নত্বক সুগঠিত। এ থেকে এককোষী রাইজয়েড ও বহুকোষী স্কেল নির্গত হয়।

উত্তর: ঘ. Q উদ্ভিদটি Pteris। উদ্ভিদের Pteris স্পোর সৃষ্টির মাধ্যমে অযৌন জনন সম্পন্ন হয়। Pteris উদ্ভিদ পরিণত অবস্থা প্রাপ্ত হলে এর পিনার নিম্নতলে দুকিনারা বরাবর ক্ষুদ্র ক্ষুদ্র স্পোরাঞ্জিয়া উৎপন্ন হয়। স্পোরাঞ্জিয়ামের অভ্যন্তরে স্পোর নামক অযৌন জনন কোষ উৎপন্ন হয়। স্পোরাঞ্জিয়ামগুলো গুচ্ছাকারে অবস্থান করে এবং এই গুচ্ছকে সোরাস বলে। পরিণত স্পোরাঞ্জিয়াম একটি বৃন্ত এবং একটি উপবৃত্তাকার ক্যাপসিউল অংশ নিয়ে গঠিত। ক্যাপসিউলের ভিতরে স্পোরোজেনাস টিস্যু থেকে স্পোর মাতৃকোষ উৎপন্ন হয়। মায়োসিস বিভাজনের ফলে স্পোর মাতৃকোষ থেকে হ্যাপ্লয়েড (n) স্পোর উৎপন্ন হয়। পরবর্তী সময়ে স্পোরাঞ্জিয়াম থেকে স্পোরের বিস্তার ঘটে এবং বাইরে ছড়িয়ে পড়ে।
স্পোর হলো গ্যামেটোফাইটের প্রথম কোষ। হ্যাপ্লয়েড স্পোর অনুকূল পরিবেশে কোনো আর্দ্র বস্তুর সংস্পর্শে এলে অঙ্কুরিত হয় এবং ক্রমাগত মাইটোটিক বিভাজনের ফলে হূদিপণ্ডাকার সবুজ অঙ্গের গ্যামেটোফাইট উৎপন্ন করে যাকে প্রোথ্যালাস বলে। প্রোথ্যালাসের ওপরের দিকে গভীর খাঁজ আছে। একে অগ্রস্থ খাঁজ বলে। এর নিম্নপৃষ্ঠের নিম্নাংশ থেকে অনেক রাইজয়েড উৎপন্ন হয়। প্রোথ্যালাসের অঙ্কীয়তলে খাঁজের কাছে স্ত্রীজননাঙ্গ বা আর্কিগোনিয়াম এবং রাইজয়েডের সঙ্গে মিশ্রিত অবস্থায় পুংজননাঙ্গ বা অ্যান্থেরিডিয়াম উৎপন্ন হয়। আর্কিগোনিয়ামের অভ্যন্তরে ডিম্বাণু এবং অ্যান্থেরিডিয়ামের ভিতরে শুক্রাণু উৎপন্ন হয়।

শিশিরবিন্দু বা বৃষ্টির পানির সাহায্যে শুক্রাণুগুলো আর্কিগোনিয়ামে পরিবাহিত হয় এবং শুক্রাণু আর্কিগোনিয়ামে গ্রিবা নালি দিয়ে ভেতরে প্রবেশ করে। একটি শুক্রাণু ডিম্বাণুর সঙ্গে মিলিত হয়ে নিষেকক্রিয়া সম্পন্ন করে। নিষেকক্রিয়ার ফলে উস্পোর উৎপন্ন হয়। উস্পোর পরবর্তী সময়ে অঙ্কুরিত হয় এবং ক্রমাগত মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে নতুন স্বভোজী Pteris উদ্ভিদ সৃষ্টি করে। শুক্রাণু ও ডিম্বাণুর মিলনের ফলে যে জনন সম্পন্ন হয় তাকে যৌন জনন বলে। দেখা যাচ্ছে যে, অযৌন জননপ্রক্রিয়া স্পোর সৃষ্টি না হলে প্রোথ্যালাস উৎপন্ন হতো না। আর প্রোথ্যালাস সৃষ্টি না হলে আর্কিগোনিয়াম ও অ্যান্থেরিডিয়াম উৎপন্ন হতো না। ফলে ডিম্বাণু ও শুক্রাণু সৃষ্টি না হওয়ায় যৌন জনন সম্ভব হতো না। সুতরাং উপরিউক্ত আলোচনা থেকে প্রতীয়মান হয় যে, Q (Pteris) উদ্ভিদের যৌন জনন অযৌন জননের ওপর নির্ভরশীল।
মোহাম্মদ আক্তার উজ জামান, প্রভাষক
রূপনগর মডেল স্কুল ও কলেজ, ঢাকা