সৃজনশীল প্রশ্নোত্তর: অধ্যায়-৮.২
প্রিয় শিক্ষার্থীরা, আজ জীববিজ্ঞান ২য় পত্রের অধ্যায়-৮.২ থেকে একটি সৃজনশীল প্রশ্নোত্তর দেওয়া হলো।
চৌধুরী সাহেব এখন নিরামিষজাতীয় খাবার খেতে পছন্দ করেন। হজমের সমস্যার কারণে তিনি আমিষজাতীয় খাবার খান না। এমনকি অতিরিক্ত তেল, চর্বি বা ঘিজাতীয় খাদ্যও পরিহার করেন।
ক. পরিপাক কী?
খ. খাদ্য বিপাকে অগ্ন্যাশয় গুরুত্বপূর্ণ কেন?
গ. চৌধুরী সাহেবের গ্রহণকৃত খাদ্যের পরিপাক প্রণালি বর্ণনা করো।
ঘ. চৌধুরী সাহেবের অতিরিক্ত তেলযুক্ত খাবার পরিহারের যৌক্তিকতা বিশ্লেষণ করো।
ক. যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় জটিল খাদ্যবস্তু এনজাইমের সহায়তায় ভেঙে জীবদেহের বিপাকক্রিয়ায় ব্যবহারযোগ্য সরল, দ্রবণীয় ও শোষণযোগ্য অবস্থায় পরিবর্তিত হয় তাকে পরিপাক বলে।
খ. অগ্ন্যাশয় একাধারে বহিঃক্ষরা ও অন্তঃক্ষরা গ্রন্থি হিসেবে কাজ করে। বহিঃক্ষরা গ্রন্থি হিসেবে এটি অগ্ন্যাশয় রস ক্ষরণ করে তাতে কার্বোহাইড্রেট, প্রোটিন ও ফ্যাটজাতীয় খাদ্য পরিপাকের জন্য প্রয়োজনীয় এনজাইম ক্ষরণ করে। ফলে সহজেই বিপাকক্রিয়া সম্পন্ন হয়।
গ. চৌধুরী সাহেব নিরামিষভোজী। সুতরাং তার পছন্দের খাবারগুলো কার্বোহাইড্রেট-জাতীয়। ভাত, রুটি, আলু মূলত কার্বোহাইড্রেট-জাতীয় খাদ্য। নিচে কার্বোহাইড্রেট-জাতীয় খাদ্যের পরিপাক বর্ণনা করা হলো:
মুখবিবরে পরিপাক: খাদ্য চিবানোর সময় লালাগ্রন্থি নিঃসৃত লালারস খাদ্যবস্তুর সঙ্গে মিলে খাদ্যকে নরম করে। লালারসে টায়ালিন নামক শর্করা, আর্দ্রবিশ্লেষী এনজাইম পাওয়া যায়। টায়ালিন এনজাইম স্টার্চ, গ্লাইকোজেন ও ডেক্সটিন অণুকে আর্দ্রবিশিষ্ট করে প্রথমে দ্রবণীয় স্টার্চে এবং ক্ষুদ্রতর ডেক্সটিন অণুতে রূপান্তরিত করে। অবশেষে স্টার্চের অ্যামাইলেজ অংশ হতে সলটোজ ও মলটোট্রায়োজ এবং অ্যামাইলোপেকটিন অংশ থেকে মলটোজ, মলটোট্রায়োজ ও আইসোমলটোজ উত্পন্ন হয়। টায়ালিনের ক্রিয়া মুখবিবরে আরম্ভ হলেও এর পরিপাক প্রধানত পাকস্থলীতে সংগঠিত হয়।
পাকস্থলীতে পরিপাক: পাকস্থলীর পাচক রসে কার্বোহাইড্রেট পরিপাককারী এনজাইম নেই। তবে পাকস্থলী নিঃসৃত HCl কিছু ব্যাকটেরিয়া ধ্বংস করে।
ক্ষুদ্রান্ত্রে পরিপাক: কার্বোহাইড্রেট-জাতীয় খাদ্য ক্ষুদ্রান্ত্রে পৌঁছালে তা অগ্ন্যাশয় রস ও আন্ত্রিক রসের ক্রিয়ায় পরিপাক হতে থাকে।
অগ্ন্যাশয় রসের ক্রিয়া:
১. অগ্নাশয়িক অ্যামাইলেজ ক্লোরাইড আয়ন সামান্য ক্ষারধর্মী পরিবেশে স্টার্চ, গ্লাইকোজেন ও ডেক্সটিনকে আর্দ্রবিশ্লিষ্ট করে মলটোজ, মলটোট্রায়োজ ও লিমিট ডেক্সটিন নামক ডেক্সটিন অণু তৈরি করে।
২. মলটেজ এনজাইম মলটোজের ওপর ক্রিয়া করে গ্লুকোজে পরিণত করে।
আন্ত্রিক রসের এনজাইমের ক্রিয়া:
১. আন্ত্রিক অ্যামাইলেজ: স্টার্চ, ডেক্সটিন প্রভৃতি পলিস্যাকারাইডকে আর্দ্রবিশ্লিষ্ট করে মলটোজ, মলটোট্রায়োজ ও ক্ষুদ্র ডেক্সটিনে পরিণত করে।
২. আইসোমলটোজ: আইসোমলটোজকে ভেঙে মলটোজ ও গ্লুকোজ উত্পন্ন করে।
৩. মলটোজ: মলটোজকে ভেঙে গ্লুকোজ উত্পন্ন করে।
৪. সুক্রেজ: সুক্রেজ নামক ডাইস্যাকারাইডকে ভেঙে এক অণু গ্লুকোজ ও এক অণু ফ্রুকটোজ উত্পন্ন করে।
৫. ল্যাকটোজ: দুধের ল্যাকটোজ নামক ডাইস্যাকারাইডকে ভেঙে এক অণু গ্লুকোজ ও এক অণু গ্ল্যাকটোজ উত্পন্ন করে। এভাবে প্রস্তুত মনোস্যাকারাইড পরবর্তীতে শোষিত হয়।
ঘ. মানুষের পরিপাকগ্রন্থি নিঃসৃত এনজাইমসূহ বিভিন্ন খাদ্যবস্তুকে ভেঙে সেগুলোকে শোষণ উপযোগী করে। অনেক সময় দেখা যায়, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের লিপিড-জাতীয় খাদ্য পরিপাকের জন্য প্রয়োজনীয় এনজাইমগুলোর ক্ষরণ কমে যায়। বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে চৌধুরী সাহেবের পাচক রসে লাইপেজ, অগ্ন্যাশয় রসে লাইপেজ, লেসিথিনেজ ইত্যাদি এবং পিত্তরসে পিত্তলবণের পরিমাণ কমে গেছে। এ এনজাইমগুলো লিপিড-জাতীয় খাদ্যের পরিপাকে অংশগ্রহণ করে। যখন চৌধুরী সাহেবের পরিপাক গ্রন্থি থেকে লিপিড-জাতীয় খাদ্য পরিপাককারী এনজাইমগুলো ঠিকমতো ক্ষরিত হতো তখন হজমে সমস্যা হতো না। বর্তমানে তার পরিপাকগ্রন্থি থেকে লিপিড পরিপাককারী এনজাইমগুলো ঠিকভাবে ক্ষরিত হচ্ছে না। তাই তিনি লিপিড-জাতীয় খাদ্য হজমের সমস্যায় ভুগছেন এবং অতিরিক্ত তেল, চর্বিযুক্ত খাবার পরিহার করছেন। এ ছাড়া অতিরিক্ত তেল ও চর্বিযুক্ত খাবারে কোলেস্টেরল থাকায় তা হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ায়। সুতরাং উপরিউক্ত আলোচনা থেকে প্রতীয়মান হয় যে চৌধুরী সাহেবের অতিরিক্ত তৈলযুক্ত খাবার পরিহার যৌক্তিক ছিল।
প্রভাষক
রূপনগর মডেল স্কুল ও কলেজ, ঢাকা