জীববিজ্ঞান ২য় পত্র
অধ্যায়-৪শিক্ষার্থীরা, আজ তোমাদের জন্য রয়েছে জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের ৪ নম্বর অধ্যায় থেকে একটি সৃজনশীল প্রশ্নোত্তর।# পলাশ সাহেব লক্ষ্য করছেন তাঁর ছেলে দীপ্ত লাল-সবুজ রঙের পার্থক্য বুঝতে পারে না। তাঁর মেয়ে অর্পিতার এ ধরনের কোনো সমস্যা না থাকলেও, স্ত্রী সেঁজুতি দীপ্তের মতো একই ধরনের সমস্যায় ভুগছেন।প্রশ্ন: ক. বংশগতি কাকে বলে?প্রশ্ন: খ. সন্তানসন্ততি হুবহু মা-বাবার মতো না হওয়ার কারণ কী?প্রশ্ন: গ. উদ্দীপকের ঘটনাটি সংশ্লিষ্ট বংশগতির বৈশিষ্ট্য ব্যাখ্যা করো।প্রশ্ন: ঘ. দীপ্তের সমস্যার জন্য তার বাবা না মায়ের বংশগতি দায়ী? উত্তরের সপক্ষে যুক্তি দাও।উত্তর: ক. যে প্রক্রিয়ায় মা-বাবার আকার-আকৃতি চেহারা, দেহের গঠন-প্রকৃতি, শারীরিক বৃত্ত, আচরণ ইত্যাদি নানাবিধ বৈশিষ্ট্য বংশানুক্রমে তাঁদের সন্তানসন্ততির দেহে সঞ্চারিত হয়, তাকে বংশগতি বলে।উত্তর: খ. নানা ক্ষেত্রে মা-বাবার সঙ্গে সন্তানসন্ততির বৈশিষ্ট্যে মিল দেখা গেলেও সন্তানসন্ততি কখনো হুবহু মা-বাবার মতো হয় না। এমনকি একই মা-বাবার সন্তানসন্ততিরাও এক রকম হয় না। এভাবে দেখা যায়, একই প্রজাতির বিভিন্ন সদস্যের মধ্যেও কম-বেশি কিছু পার্থক্য রয়েছে, যাকে প্রকরণ বলা হয়। প্রকরণ প্রধানত দুই প্রকার, যথা—১. বংশগতীয় প্রকরণ ও ২. পরিবেশগত প্রকরণ। প্রথমটি জীনের গঠনগত তারতম্যের কারণে এবং দ্বিতীয়টি পরিবেশের প্রভাবে সংঘটিত হয়।উত্তর: গ. উদ্দীপকের ঘটনাটি সেক্স-লিংকড বংশগতির। সেক্স ক্রোমোসোমের মাধ্যমে সেক্স-লিংকড বৈশিষ্ট্যের বংশপরম্পরায় সঞ্চারিত হওয়াকে সেক্স-লিংকড বংশগতি বলে। নিচে সেক্স-লিংকড বংশগতির বৈশিষ্ট্যগুলো দেয়া হলো:বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী জিন শুধু x ক্রোমোসোমে থাকে, y ক্রোমোসোমে নয়।এ জিন অধিকাংশ ক্ষেত্রেই প্রচ্ছন্ন প্রকৃতির।সেক্স-লিংকড বৈশিষ্ট্য নারীদের চেয়ে পুরুষে বেশি প্রকাশিত হয়, কারণ—পুরুষে এ জিন উপস্থিত থাকলেই বৈশিষ্ট্যের প্রকাশ ঘটে। কিন্তু স্ত্রীতে হোমোজাইগাস অবস্থায় প্রকাশ ঘটে।সেক্স-লিংকড বৈশিষ্ট্যধারী পুরুষের সব কন্যাসন্তানই এ বৈশিষ্ট্যের বাহক হবে, কোনো পুত্রসন্তানে এ জিন সঞ্চারিত হয় না।সেক্স-লিংকড বৈশিষ্ট্যধারী স্ত্রীর সব পুত্রসন্তানে এ বৈশিষ্ট্যের প্রকাশ ঘটে, কিন্তু কন্যারা বাহক হয়।উত্তর: ঘ. দীপ্তের এ সমস্যার জন্য তার মায়ের বংশগতি দায়ী। বিভিন্ন রঙের পার্থক্য বুঝতে না পারা হলো বর্ণান্ধতা, যা একটি সেক্স-লিংকড বৈশিষ্ট্য। অর্থাত্ বর্ণান্ধতা সেক্স ক্রোমোসোমে উপস্থিত জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়। সেক্স-লিংকড বংশগতির বৈশিষ্ট্য অনুসারে এই জিন x ক্রোমোসোমে থাকে এবং এরা প্রচ্ছন্ন প্রকৃতির। নারীর সেক্স ক্রোমোসোম xx ও পুরুষের xy। বর্ণান্ধ (xc xc) নারীর সঙ্গে যদি স্বাভাবিক (x+ y) পুরুষের বিয়ে হয়, তবে তাঁদের পুত্র বর্ণান্ধ ও কন্যা বাহক হবে।উল্লিখিত ক্রস থেকে দেখা যায়, বর্ণান্ধ সেঁজুতির (xc xc) থেকে একটি xc ক্রোমোসোম স্বাভাবিক দৃষ্টিসম্পন্ন পলাশের (x+ y) x+ ক্রোমোসোমের সঙ্গে জোড় গঠন করে। ফলে কন্যা অর্পিতা (x+ xc) বর্ণান্ধতার বাহক হয়। অন্যদিকে, বর্ণান্ধ সেঁজুতির xc ক্রোমোসোম স্বাভাবিক দৃষ্টিসম্পন্ন পলাশের y ক্রোমোসোমের সঙ্গে জোড় গঠন করায় পুত্র দীপ্ত (xc y) বর্ণান্ধ হয়। সুতরাং উপরিউক্ত আলোচনা থেকে প্রতীয়মান হয় যে পুত্রের বর্ণান্ধতার জন্য পলাশ সাহেবের কোনো ভূমিকা নেই। দীপ্তের বর্ণান্ধতার জন্য তার মা সেঁজুতির বংশগতিই দায়ী।