সৃজনশীল প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থীরা, জীববিজ্ঞান ২য় পত্রের অধ্যায়-৫ থেকে একটি সৃজনশীল প্রশ্নোত্তর দেওয়া হলো।
ছুটিতে অর্পা গ্রামের বাড়িতে গিয়ে আঙিনায় ঘোরার সময় ছায়াযুক্ত স্থানে সাদা ছাতার মতো কিছু বস্তু লক্ষ করল। পরবর্তী সময়ে অর্পা মামার কাছ থেকে এই ছত্রাক সম্পর্কে বিস্তারিত জানতে পারল।
প্রশ্ন:
ক. ফাইকোলজি কাকে বলে?
খ. হিপনোস্পোর বলতে কী বোঝায়?
গ. অর্পার পর্যবেক্ষণকৃত ছত্রাকটির গঠন বর্ণনা করো।
ঘ. উদ্দীপকে উল্লিখিত ছত্রাকটি কি অসম্পূর্ণ ছত্রাক? যুক্তিসহ মতামত দাও।
উত্তর-ক:
জীববিজ্ঞানের যে শাখায় শৈবাল সম্পর্কে আলোচনা, পর্যালোচনা ও গবেষণা করা হয় তাকে ফাইকোলজি বলে।
উত্তর-খ:
স্পোর ফ্লাজেলাবিশিষ্ট ও সচল হলে জুস্পোর বলে। স্পোর ফ্লাজেলাবিহীন নিশ্চল হলে তাকে অ্যাপ্লানোস্পোর বলে। বিরূপ পরিবেশে অ্যাপ্লানোস্পোর পুরু প্রাচীরবেষ্টিত হলে তাকে হিপনোস্পোর বলে।
উত্তর-গ:
অর্পার পর্যবেক্ষণকৃত ছত্রাকটি Agaricus। মাইসেলিয়াম থেকে ছাতার মতো বায়বীয় অংশ সৃষ্টিকে ফ্রুকটিফিকেশন বলে এবং ওই বায়বীয় অংশকে Agaricus উদ্ভিদের ফ্রুটবডি বলা হয়। নিচে Agaricus-এর দৈহিক গঠন বর্ণনা করা হলো:
Agaricus-এর দেহ দুটি অংশে বিভক্ত। যথা:
১. দৈহিক অংশ বা মাইসেলিয়াম ২. জনন অংশ বা ফ্রুটবডি
১. মাইসেলিয়াম: মাইসেলিয়াম অত্যন্ত শাখা-প্রশাখাবিশিষ্ট ও সূত্রাকার এবং মাটি বা জৈব বস্তুর ভেতরে অবস্থান করে। মাইসেলিয়াম অসংখ্য সাদা বর্ণের, প্রস্থ প্রাচীরযুক্ত হাইফি নিয়ে গঠিত। হাইফার কোষগুলোতে দানাদার প্রোটোপ্লাজম, একাধিক নিউক্লিয়াস, ছোট ছোট গহ্বর ও সঞ্চিত খাদ্য হিসেবে তেলবিন্দু অবস্থান করে। অনেক সময় হাইফিগুলো একত্রে জড়াজড়ি করে দড়ির মতো গঠন তৈরি করে। একে রাইজোমর্ফ বলে।
২. ফ্রুটবডি: ফ্রুটবডি মাটি বা আবাদমাধ্যম থেকে ওপরে বৃদ্ধি পায়। এর কয়েকটি অংশ থাকে। গোড়ার দিকে কাণ্ডের মতো অংশকে স্টাইপ এবং ওপরের দিকে ছাতার মতো অংশকে পাইলিয়াস বলে। পাইলিয়াসের নিচে ঝুলন্ত পর্দার মতো অংশকে গিল বলা হয়। স্টাইপের মাথায় যে চক্রাকার অংশ রয়েছে তার নাম অ্যানুলাস। Agaricus এর ফ্রুটবডিকে ব্যাসিডিয়োকার্প বলে। গিলে বহু ব্যাসিডিয়াম তৈরি হয়। প্রতিটি ব্যাসিডিয়ামের শীর্ষে আঙুলের মতো চারটি অংশের মাথায় একটি করে ব্যাসিডিয়োস্পোর তৈরি হয়। অনুকূল পরিবেশে স্পোর অংকুরিত হয়ে নতুন মাইসেলিয়ামের জন্ম দেয়।
উত্তর-ঘ:
যেসব ছত্রাকের যৌন জনন সম্পর্কে সঠিক তথ্য জানা যায়নি, সেসব ছত্রাক নিয়ে গঠিত কৃত্রিম শ্রেণিটি Deuteromycetes বা Fungi imperfecti। এদের অযৌন জনন সম্পর্কে সঠিক তথ্য সংগ্রহ হলেও যৌন জনন সম্পূর্ণ অজ্ঞাত। এসব ছত্রাককে অসম্পূর্ণ ছত্রাক বলে। যৌন জনন অজ্ঞাত বলেই এসব ছত্রাককে কোনো শ্রেণিতে স্থান দেওয়া হয়নি। এদের একটি পৃথক শ্রেণিতে শ্রেণিভুক্ত করা হয়েছে।
উদ্দীপকে উল্লিখিত Agaricus ছত্রাক Basidiomycetes শ্রেণির অন্তর্ভুক্ত। Agaricus প্রধানত যৌন জনন প্রক্রিয়ায় জনন কার্য সম্পন্ন করে। যৌন স্পোর উত্পাদনকারী অঙ্গ ব্যাসিডিয়াম এবং স্পোরের নাম ব্যাসিডিয়োস্পোর। Agaricus গণের প্রজাতিগুলো মৃতজীবীরূপে মাঠের উর্বর মাটি, পচা খড়ের গাদা, কাঠের গাদা, জৈব পদার্থযুক্ত পতিত জমি, বিশেষ করে বর্ষাকালে একক বা দলবদ্ধভাবে জন্মায়। সুতরাং Agaricus, Deuteromycetes শ্রেণির অন্তর্ভুক্ত নয়। Agaricus-এর যৌন জনন সম্পর্কে বিজ্ঞানীরা ধারণা প্রদান করেছেন। পাশাপাশি Agaricus পরজীবী নয় বরং মৃতজীবী। অসম্পূর্ণ ছত্রাকের কোনো বৈশিষ্ট্যই Agaricus-এর মধ্যে নেই। সুতরাং উদ্দীপকে উল্লিখিত ছত্রাকটি (Agaricus) অসম্পূর্ণ ছত্রাক নয়।
প্রভাষক
রূপনগর মডেল স্কুল ও কলেজ, ঢাকা