শেরে বাংলানগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ঢাকা অধ্যায়-১ নিচের অনুচ্ছেদটি পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর লিখ।হাবিবুর রহমানের শৈশব ও কৈশোর কেটেছে গ্রামে। তিনি যৌথ পরিবারে বসবাস করতেন। কৈশোরে পরিবারের সমবয়সী বন্ধুদের নিয়ে খোলা মাঠে খেলাধুলা করে নির্মল আনন্দ পেতেন তিনি। তাঁদের পরিবার কৃষির ওপর নির্ভরশীল ছিল। গ্রামের জীবন ছিল সহজ-সরল। শিক্ষালাভের পর তিনি ওই গ্রাম্যজীবন ছেড়ে চাকরির জন্য শহরে আসেন। চাকরি পাওয়ার পর তিনি শহরেই থেকে যান। এর কয়েক বছর পর ছুটিতে তিনি গ্রামে বেড়াতে আসেন। সেখানে অর্থনৈতিক ব্যবস্থা, শিক্ষার হার, প্রযুক্তির ব্যবহার ইত্যাদি ক্ষেত্রে পরিবর্তন দেখতে পান। তিনি লক্ষ করেন, কতগুলো পরিবারের সামাজিক মর্যাদার পরিবর্তন হয়েছে।প্রশ্ন: ক. পূর্বে গ্রামবাংলার জীবনব্যবস্থা কিরূপ ছিল? খ. হাবিবুর রহমানের গ্রামের সমাজ পরিবর্তনের একটি গুরুত্বপূর্ণ কারণ বর্ণনা করো। গ. হাবিবুর রহমানের গ্রামের গতিশীলতার সঙ্গে শহুরে সমাজের গতিশীলতার তুলনামূলক চিত্র ব্যাখ্যা করো। ঘ. হাবিবুর রহমানের গ্রামের কিছু পরিবারের মর্যাদার পরিবর্তনের কোন উপাদানটির ভূমিকা বেশি ছিল? যুক্তিসহ উপস্থাপন করো।উত্তর:ক. বাংলাদেশ গ্রামপ্রধান দেশ। পূর্বে গ্রামবাংলার জীবনব্যবস্থা ছিল সহজ-সরল। কারণ গ্রামগুলো ছিল স্বয়ংসম্পূর্ণ। যাবতীয় অর্থনৈতিক চাহিদা গ্রামগুলোর মধ্যেই মিটে যেত। খ. কোনো একটি বিশেষ কারণে সামাজিক পরিবর্তন ঘটে না। এর পেছনে বিভিন্ন উপাদান কাজ করে। হাবিবুর রহমানের গ্রামের সমাজ পরিবর্তনে এমনই একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে শিক্ষা। হাবিবুর রহমান নিজে শিক্ষালাভ করে গ্রাম ছেড়ে শহরে এসে চাকরি নিয়েছেন। শিক্ষার প্রসার ঘটায় হাবিবুর রহমানের গ্রামের অর্থনৈতিক ব্যবস্থা, প্রযুক্তির ব্যবহার, সামাজিক মূল্যবোধ প্রভৃতি ক্ষেত্রে এসেছে পরিবর্তন। এর ফলে গ্রামবাসীর প্রকৃতি ও আচরণে এসেছে পরিবর্তন।গ. কোনো ব্যক্তি বা দল একটি সামাজিক মর্যাদা থেকে শিক্ষা, সংস্কৃতি বা মূল্যবোধ অর্জনের মাধ্যমে অন্য সামাজিক মর্যাদায় চলে গেলে তাকে সামাজিক গতিশীলতা বলে। এই গতিশীল অবস্থা গ্রামীণ ও শহুরে সমাজে একই মাত্রায় দেখা যায় না। হাবিবুর রহমানের গ্রামে যে গতিশীলতা এসেছে, তা শহুরে গতিশীলতার তুলনায় ধীরস্থির। কারণ তার গ্রামের পেশা বদলের সুযোগ কম। শিক্ষা-দীক্ষা অর্জন করে, প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে, অর্থনৈতিক অবস্থার পরিবর্তন ঘটিয়ে মুষ্টিমেয় লোক সামাজিক মর্যাদার পরিবর্তন ঘটালেও এখনো তার গ্রামে বংশমর্যাদা, সম্পত্তি, সামাজিক গতিশীলতায় প্রভাব বিস্তার করছে। অভিজাত বংশের কেউ বিত্তহীন হয়ে পড়লেও তার মান-মর্যাদা এখনো সম্পূর্ণ লোপ পায়নি। অপরদিকে শহুরে সমাজে পেশা বদলের প্রবণতা খুব বেশি। শিক্ষা, দক্ষতা, যোগ্যতা প্রভৃতি গুণের সমাবেশ ঘটিয়ে শহরের মানুষ উচ্চতর অবস্থানে আসীন হচ্ছে। ফলে সামাজিক গতিশীলতা বৃদ্ধি পায়। এসব কারণে শহরের জীবন কর্মচঞ্চল। হাবিবুর রহমানের শহরে শিক্ষিত, ধনী, চাকরিজীবী, শ্রমিকসহ বিভিন্ন পেশাজীবী মানুষ বাস করে। এদের মধ্যে কেউ টিকে থাকছে, কেউ তলিয়ে যাচ্ছে সামাজিক গতিশীলতার অতিরিক্ত গতির কারণে। শহরের এ গতিশীলতার প্রভাব হাবিবুর রহমানের গ্রাম-সমাজেও পড়েছে। শিক্ষা ও বিজ্ঞানের প্রসার ঘটায় হাবিবুর রহমানের গ্রামের মানুষ এখন বংশমর্যাদার পরিবর্তে অর্জিত মর্যাদাকেই বেশি গুরুত্ব দিচ্ছে। # বাকি অংশ ছাপা হবে আগামীকাল